মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৪ পি.এম
ভারতের ফরিদাবাদ কারাগারে ২৩ বছর বয়সী এক মুসলিম যুবকের মৃত্যু ঘটেছে গত ১৩ নভেম্বর। পুলিশি হেফাজতে নির্মম মারধর এবং কারাবন্দী অবস্থায় নির্যাতনের অভিযোগ উত্থাপনের কয়েক দিন পর তার মৃত্যু হয়। এই ঘটনাটি গ্রেপ্তারের প্রেক্ষাপট এবং মৃত্যুর আগে তার ওপর চালানো আচরণ নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি করেছে।
নিহত যুবকের নাম রেহান, যিনি উত্তর প্রদেশের আমরোহা জেলার বাসিন্দা ছিলেন। ১ কোটি ৪ লাখ রুপির একটি কথিত ডাকাতির মামলায় ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ তাকে গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করে। তবে তার পরিবার দাবি করেছে যে, রেহানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।
রেহানের চাচা নওশাদ ফোয়েজ মিডিয়া এবং মিল্লাত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন যে, হেফাজতে থাকাকালে পুলিশ সদস্যরা রেহানকে মারধর করেছেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তারা প্রথমে পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে জিজ্ঞাসাবাদ শেষে রেহানকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
নওশাদ আরও দাবি করেন যে, ফরিদাবাদে গ্রেপ্তারের পর পুলিশ রেহানকে আমরোহায় নিয়ে যায় এবং সেখানে পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। মিল্লাত টাইমসকে তিনি বলেন, “ওই ঘটনার সময় আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। রেহানের ভাই কাশিফের পাঁজরের হাড় ভেঙে যায় এবং অন্যান্য স্বজনরাও আঘাত পান। ওই ঘটনার পর থেকে রেহানের বাবা কানে কম শুনতে শুরু করেন।”
পরিবারটি অভিযোগ করেছে যে, ক্রাইম ব্রাঞ্চ তাদের কাছে প্রায় ১৮ লাখ ৮০ হাজার রুপি দাবি করেছিল এবং টাকা না দিলে পরিবারের অন্য সদস্যদেরও মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিল। নওশাদের তথ্যমতে, রেহানের বাবা আব্দুল সাত্তার নিজেদের চার বিঘা জমি বিক্রি করে ওই টাকার ব্যবস্থা করেন। এই কথিত অর্থ লেনদেনের সঙ্গে পুলিশ কর্মকর্তা দারা সিংয়ের নামও জড়িয়েছে পরিবারটি।
পুলিশ কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। মিল্লাত টাইমসকে দেওয়া বক্তব্যে স্টেশন হাউস অফিসার (এসএইচও) অমিত কুমার বলেন, “ফরিদাবাদের সিবিআই (ক্রাইম ব্রাঞ্চ) দল রেহানকে আমরোহায় নিয়ে এসেছিল এবং পরে চলে যায়।” তিনি মারধরের যে দাবি পরিবার করেছে, তা নিশ্চিত করেননি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ দারা সিংও তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে পরিবারের দাবিগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। রেহানের পরিবার জানিয়েছে, মৃত্যুর কয়েক দিন আগে কারাগার থেকে রেহান তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে বেধড়ক মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
পরবর্তীতে পরিবারটি তার সুচিকিৎসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। পরিবারের দাবি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ তার চিকিৎসার অনুমতিও পাওয়া গিয়েছিল। কিন্তু এরই মধ্যে গত ১৩ নভেম্বর কারাগার থেকে ফোন করে পরিবারকে জানানো হয় যে রেহান মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে এবং পরিবার বর্তমানে প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। রেহানের মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনেত্রী ও মডেল ফারিন খান অভিযোগ করেছেন যে, গত কয়েক বছর ধরে তিনি পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। সেইসাথে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তবে আপাতত ফারিন তার নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের শুটিংয়ের ব্যস্ততা শেষ হলে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন।
ফেসবুক লাইভে ফারিন বলেন, “আমি একজন শিল্পী। অভিনয়ের বাইরে আমার একটা পার্সোনাল লাইফ আছে। আমি চেষ্টা করি সবসময় ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখার। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি হয়ে যায়, তখন বাধ্য হয়ে কথা বলতে হয়। আমার সঙ্গেও তেমনটাই হয়েছে। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।”
তিনি আরও বলেন, “গত কয়েক বছর যাবৎ আমি একজনের দ্বারা ব্ল্যাকমেইলিং এবং নির্যাতনের শিকার হচ্ছি। বিষয়টি নিয়ে অনেকবার কথা বলতে চেয়েছি, ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু ব্যক্তিগত জীবন, সমাজ ও পরিবারের কথা চিন্তা করে থেমে গেছি। আজকে আমাকে ফেসবুক লাইভে এসে কথা বলার জন্য বাধ্য করা হয়েছে।”
ফারিন জানান, অভিযুক্ত ব্যক্তি তার পরিচিত। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি অভিনেত্রীর কয়েকজন সহকর্মীর কাছে বিভিন্ন ভিডিও ও ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে আমাদের জানাশোনা একজনই। সে এখন আমার অনেক কলিগদের সঙ্গে বিভিন্ন ধরনের ভিডিও এবং ব্যক্তিগত অনেক কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।”
অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন বলেন, “আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে— কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!”
এছাড়া, ফারিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন হ্যাক করার অভিযোগও তুলেছেন। তার দাবি, অভিযুক্ত ব্যক্তির কাছে ব্যক্তিগত নানা নথি রয়েছে এবং বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।”
সবশেষে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ফারিন। তিনি জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের শুটিং শেষ করে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের সামনে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করবেন।
অভিনেত্রী বলেন, “আগামী দুই-তিন দিন আমার শুটিংয়ের চাপ আছে। কাজগুলো শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে সব বিস্তারিত বলব। সাংবাদিক ভাইদের ডেকে অফিশিয়ালি নামটা প্রকাশ করব। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন এমন ভয়াবহ একজন মানুষের হাত থেকে রক্ষা পাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস মিয়াকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া থানার এসআই মো. আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ইউনুস মিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিঠুর পিতা। একইদিন বিকেলে বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতা মো. রাসেলের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার সন্দেহভাজন (অজ্ঞাতনামা) আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘পূর্বের দায়েরকৃত বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহেন্দ্র সিং ধোনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারের অবসান ঘোষণা করেছেন। ভারতের সাবেক অধিনায়ক এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
সিএসকে জানিয়েছে, দীর্ঘকাল ধরে দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেওয়া ধোনি এবার নতুন ভূমিকায় সুপার কিংসের যাত্রায় সহযোগিতা করবেন। শুরু থেকেই চেন্নাইয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধোনি দলের সঙ্গে রয়েছেন। তার নেতৃত্বে একাধিক আইপিএল শিরোপা অর্জন করেছে দলটি। হলুদ জার্সির সঙ্গে ধোনির নাম এখন যেন সমার্থক।
সিএসকের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি ছাড়া সিএসকের কথা ভাবা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। সাফল্য, ব্যর্থতা এবং মাঝের সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এই যাত্রা। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনগুলোর জন্য নয়, বরং মানুষ হিসেবে সে যেমন, সে কারণেও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এই দলই সব সময় তার ঘর।’
এদিকে, কিংবদন্তি ধোনি সিএসকের হয়ে আর খেলবেন না, এ কথা নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক কাশি বিশ্বনাথনও।
তিনি বলেছেন, ‘মাঠে হলুদ জার্সিতে ধোনিকে আর দেখতে পাব না, এটা আমাদের জন্য কষ্টের। তবে সে আমাদের খেলোয়াড়দের পথ দেখিয়ে যাবে, এতে আমরা আনন্দিত।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে একটি বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে একজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১টা ২৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার পুত্র ছিলেন। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় বসবাস করতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।
হাসানের সহকর্মী আতর আলী জানান, হাসান পিপিবি পরিবহনের একটি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। দুর্ঘটনার সময় হাসান বাস থেকে নেমে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। পরে ওই বাসের ধাক্কায় তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ