ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ারদের ওপর কর আরোপের প্রস্তাব বাতিল


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ারদের ওপর কর আরোপের প্রস্তাব বাতিল

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভোটাররা বিলিয়নিয়ারদের ওপর এককালীন কর আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

বিশ্বজুড়ে সম্পদের বৈষম্য নিয়ে ক্ষোভ বাড়তে থাকলেও সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো ভোটের ফলাফলের এমন পূর্বাভাস দিয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, অঙ্গরাজ্যটির প্রায় ২০০ জন বিলিয়নিয়ারকে তাদের মোট সম্পদের পাঁচ শতাংশ কর হিসেবে দিতে হতো।

আরও পড়ুন: পাকিস্তানের তারবেলা বাঁধের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে ধস, পানি প্রবাহিত

এই অর্থের বেশির ভাগই স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে ব্যবহার করার কথা ছিল।

তবে ভোটের প্রায় এক সপ্তাহ পর সিএনএন ও সিবিএস নিউজ উভয়ই পূর্বাভাস দিয়েছে, প্রস্তাবটি পাস হচ্ছে না। ‘প্রপোজিশন ৪০’ নামে পরিচিত এ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ করা হয়।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বড় ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা সাধারণত বেশ ধীরগতিতে হয়।

আরও পড়ুন: শিশুদের সুরক্ষায় ব্যর্থতায় টিকটক নিষিদ্ধের পরিকল্পনা স্পেনের

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের সামনে রাখা বেশ কয়েকটি প্রস্তাবের একটি ছিল ‘প্রপোজিশন ৪০’। ওই নির্বাচনে দেশজুড়ে বড় জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে।

ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যটিতে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ব্যবধানও অনেক বেশি।

সম্পদের ওপর কর আরোপের সমর্থকেরা প্রস্তাবটিকে আয়বৈষম্য মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছিলেন।

আরও পড়ুন: ইমরান খানের আপিল শুনানি ১০ দিন পিছিয়ে, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের নির্দেশ

তবে গত সপ্তাহেই প্রস্তাবটি পরাজয়ের দিকে যাচ্ছে বলে আভাস পাওয়া যায়।

বুধবার পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, প্রস্তাবের বিপক্ষে ৫৫ দশমিক ৬ শতাংশ এবং পক্ষে ৪৪ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে।

সোমবারের পূর্বাভাস প্রকাশের আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ই. স্টিগলিটজ এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন খুব কম ক্ষেত্রেই সরল পথে এগোয়।’

আন্তর্জাতিক ক্যাপিটাল ট্যাক্স কমিশনের মাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রপোজিশন ৪০-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিলিয়নিয়ারদের সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব ভোটের জন্য তোলা হয়েছিল।’

আরও পড়ুন: ফিফা সভাপতি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে চাপে, কংগ্রেসে তলবের শঙ্কা

প্রস্তাবটির সমর্থকদের হিসাব অনুযায়ী, এই এককালীন কর থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার আদায় করা সম্ভব হতো। ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটে ক্ষতিগ্রস্ত সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিচালনায় এ অর্থ ব্যয় করার কথা ছিল।

তবে গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনসহ প্রস্তাবটির বিরোধীরা এটি ঠেকাতে কয়েকশ কোটি ডলার তহবিল সংগ্রহ করেন।

তাদের যুক্তি, এ ধরনের কর আরোপ করা হলে ধনীরা ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাবেন।

ভোটের আগে ক্যালিফোর্নিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে ‘না’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিলেন

এসব বিজ্ঞাপনে বলা হয়, বিলিয়নিয়াররা অঙ্গরাজ্য ছেড়ে গেলে ভবিষ্যতে কর রাজস্ব কমে যাবে।

বিদায়ী গভর্নর গ্যাভিন নিউজমও প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

চলতি দশকে ক্যালিফোর্নিয়ায় সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব নিয়ে এর আগে তিনবার ভোট হয়েছে। প্রতিবারই ভোটাররা তা প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নবাগত পুলিশ কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নবাগত পুলিশ কমিশনার

গাজীপুরকে একটি নিরাপদ, মাদকমুক্ত এবং সন্ত্রাসহীন মহানগর হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ ও সাংবাদিকদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।

তিনি উল্লেখ করেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং তথ্যের আদান-প্রদানের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, "মাদক সন্ত্রাস ও অপরাধীদের সাথে কোন প্রকার আপোষ নয়।"

মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং দ্রুত তথ্য সরবরাহের ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।

বিভিন্ন বিষয় তুলে ধরে সাংবাদিকরা বলেন, গাজীপুর শুধুমাত্র একটি শিল্পনগরী নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এখানে লাখ লাখ শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের বসবাস। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ কর্মসংস্থানের জন্য এ নগরীতে আসছেন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

মহানগরের বিভিন্ন এলাকায় মাদক কারবারকে বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সাংবাদিকরা বলেন, মাদকের উৎস, সরবরাহকারী, মূল কারবারি ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে কিশোর গ্যাং, উঠতি বয়সী অপরাধী চক্র এবং তাদের পেছনে থাকা ইন্ধনদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ছিনতাই, চুরি ও চাঁদাবাজি প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, শিল্পকারখানাসংলগ্ন এলাকা ও নির্জন স্থানে নিয়মিত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে রাতে কর্মস্থল থেকে ফেরা শ্রমিক, নারী, শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবহন খাত, ফুটপাত ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি প্রতিরোধেও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।

থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অভিযোগ গ্রহণ, সাধারণ ডায়েরি, মামলা ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিকরা।

পুলিশ ও সাংবাদিকদের সম্পর্কের বিষয়ে সভায় বলা হয়, সাংবাদিকরা পুলিশের প্রতিপক্ষ নন, বরং অপরাধ দমন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী। কোনো ঘটনা ঘটার পর সঠিক তথ্যের অভাবে যাতে বিভ্রান্তি ও গুজব না ছড়ায়, সে জন্য জিএমপির পক্ষ থেকে দায়িত্বশীল মুখপাত্র বা গণমাধ্যম সমন্বয়কারী কর্মকর্তার মাধ্যমে দ্রুত ও নিয়মিত তথ্য সরবরাহের ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালে মেহেরপুরে জন্মগ্রহণকারী আশিক সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা রেঞ্জ, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম রেঞ্জসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরেও দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পিপিএম পদকে ভূষিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার অধিকার নেই: সাদিক কায়েম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার অধিকার নেই: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম মন্তব্য করেছেন যে, ক্যাম্পাসের ভিতরে দিনেদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার কোনো নৈতিক অধিকার রাখেন না। মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় এই কথা বলেন।

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, ‘সারাদেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে চলছে একধরনের নীরব প্রশ্রয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে।’

গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। শিক্ষার্থীদের প্রতি তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করেন তিনি।

আরেকটি পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ নিশ্চয়ই চলন্ত বাসে আগুন দিতে পারতো না। আজ প্রধানমন্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই তিনি গোয়েন্দা তথ্য ব্যবহার করে ককটেল ও বোমা ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের আগেই ধরে ফেলতেন।’

তিনি আরও বলেন, ‘আজ বিএনপি ক্ষমতায় থাকলে নিশ্চয়ই জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার ইতোমধ্যে সম্পন্ন হয়ে যেতো, হাসিনাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়ন করতে এতোদিন অপেক্ষা করা লাগতো না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়ে প্রবেশ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ সময় তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন, যা ইসরায়েলি সামরিক বাহিনীর সুরক্ষায় অনুষ্ঠিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন। ইহুদিরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে থাকেন।

অন্যদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে অন্তত এক ফিলিস্তিনি জেলে আহত হয়েছেন। এই ঘটনায় দুটি মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপকূলে মাছ ধরার সময় ইসরায়েলি নৌবাহিনীর গুলির শিকার হন জেলেরা। আহত জেলের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আদালত থেকে পালালেন কাউসার মিয়া, হত্যা মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


ঢাকার আদালত থেকে পালালেন কাউসার মিয়া, হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন কাউসার মিয়া নামের এক আসামি, যিনি হত্যা মামলায় অভিযুক্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত-১ম আদালতের এজলাস থেকে কৌশলে তিনি পালিয়ে যান।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিপন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত ১ম আদালত থেকে আরাফাত নামের এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে পালিয়ে যায় এই আসামি।

বিস্তারিত আসছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%