সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৭ পি.এম
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত আরেকটি রুশ জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি জানান, গত রবিবার লিবিয়ার একটি বন্দরে ওই হামলা পরিচালিত হয়।
পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, রাশিয়ার একটি জাহাজ ‘জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য’ বেনগাজি বন্দরে নোঙর করার পর সেখানে বিস্ফোরণ ঘটেছে।
তবে, এটি নিশ্চিত হওয়া যায়নি যে, ওই জাহাজটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে কিনা। মস্কো ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড এবং ক্রিকেটের তারকাদের মধ্যে প্রেম ও বিয়ের সম্পর্ক নতুন কিছু নয়। দুই অঙ্গনের তারকাদের সম্পর্ক নিয়ে চর্চা প্রায়ই হয়ে থাকে। সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং বলিউড অভিনেতা সানি দেওলের পুত্র রাজবীর দেওলের নাম আলোচনায় এসেছে। গুঞ্জন রয়েছে, তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে সারা ও রাজবীরের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমকে ওই সূত্র জানায়, সারা ও রাজবীরের মধ্যে কোনো সম্পর্ক নেই। এমনকি তাদের কখনো দেখা হয়নি। সূত্রটির ভাষ্য, "এই গুজবের কোনও ভিত্তি নেই। কোনও সত্যতা নেই। সারা ও রাজবীর কখনও পরস্পরের সঙ্গে দেখাও করেননি। সারা একাকীই আছে এবং কাজের দিকেই ওর এখন মন। এই জল্পনাগুলো খুবই অপ্রয়োজনীয়। সারা যদিও এই সব গুজব নিয়ে কোনও কিছুই বলবে না। ও মাথা উঁচু করে মাধুর্য বজায় রেখে চলতে চায়।"
এক সাক্ষাৎকারে সারা নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়ে ছিলেন। ভাই অর্জুনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে কী উপলব্ধি হয়েছিল, সে প্রসঙ্গে তিনি কথা বলেন। সারার মতে, "অর্জুনের বিয়ের অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি জানি, আমি ঠিক কোনটা চাই আর কোনটা চাই না।"
বিয়ের সাজ নিয়েও একসময় নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সচিনকন্যা। ছোটবেলা থেকেই হালকা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে কনে হিসেবে কল্পনা করতেন তিনি। বিয়েতে বড় আয়োজনের স্বপ্ন ছিল তার। তবে সময়ের সঙ্গে সেই ভাবনা বদলেছে। এখন বরং ঘরোয়া ও একান্ত আয়োজনেই বিয়ে করতে চান সারা। কনের সাজে লাল রঙের প্রতি তার ঝোঁকও রয়েছে।
তবে নিজের সিদ্ধান্তহীনতার কথাও মজার ছলে তুলে ধরেছিলেন সারা। তিনি বলেছিলেন, "আমার তুলা রাশি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কম। তাই জানি না, হয়তো সবুজ রংও বেছে নিতে পারি বিয়ের জন্য।"
এর আগে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গেও সারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই আলোচনা বেশিদূর এগোয়নি। এবার রাজবীর দেওলের সঙ্গে তার বিয়ের খবর ছড়ালেও ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যে স্পষ্ট, এ জল্পনার কোনো ভিত্তি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমান ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই চিত্র প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।
চলতি নভেম্বর মাসের ১ থেকে ২২ তারিখের মধ্যে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। ফলে, এই সময়ে প্রবাহের বৃদ্ধি ১০ দশমিক ৪ শতাংশ হয়েছে।
গত ২২ নভেম্বর একদিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১৯ মিলিয়ন ডলার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা (দক্ষিণ), ২৩ নভেম্বর ২০২৬ : বুড়িচং উপজেলায় আজ খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের অভিযোগে ‘এসএ ফুড প্রডাক্টস’ নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, জীবন বিপন্নকারী কার্যকলাপ এবং পরীক্ষার মূল্য নির্ধারণের দায়ে ‘আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া সহযোগিতা করেন।
অভিযান চলাকালে ‘এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড)’ -এ অস্বাস্থ্যকর পরিবেশে এবং চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই বা কাপড়ের রঙ ও সিঁদুরের রং ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে দুটি প্রতিষ্ঠানকে। এ সময় কুমিল্লা ক্যাব সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ