ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২


গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২

দক্ষিণ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস শহরে ইসরাইলি ড্রোনের গুলিতে দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, ইসরাইলি বাহিনীর গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একটি আট বছর বয়সী শিশু।

নাসের মেডিকেল কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, খান ইউনিসের দক্ষিণাংশে ইসরাইলি ড্রোনের গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু ঘটে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, খান ইউনিসের দক্ষিণে ইসরাইলি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে, শহরের উত্তরাংশে হামাদ সিটি আবাসিক কমপ্লেক্সের পূর্বদিকে অবস্থিত ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়।

আরও পড়ুন: কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ হোসেন

অন্যদিকে, ইয়ামেন হিশাম ইয়াহইয়া সাকর নামের আট বছর বয়সী ফিলিস্তিনি শিশু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার, খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছিল সে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে ওয়াফা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

আরও পড়ুন: ঢাকায় ৩ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে ১ হাজার ৫৯ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে ১ হাজার ৫৯ আসামি গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে গত ৫৯ দিনে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯৬ জন সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চালানো অভিযানে এ সকল গ্রেফতারের ঘটনা ঘটেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী, ৮৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩৪০ জন মাদক সেবনকারী অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, পেনাল কোডের ২৯০ ধারার আওতায় ৫২ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন শ্রেণিতে গ্রেফতার হওয়া আসামির মোট সংখ্যা ১ হাজার ৫৯ জন। পাশাপাশি চলমান বিশেষ অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে বিএনপির জনসভা, প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


মেহেরপুরে বিএনপির জনসভা, প্রধানমন্ত্রীর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যের আহ্বান

মেহেরপুর, ৩০ অক্টোবর ২০২৬ : সদর উপজেলায় আজ বিএনপির উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে, যা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় জাদুখালি স্কুল এন্ড কলেজ মাঠে এই জনসভাটি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল হাসান।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ এবং পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আলী প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলা বিএনপির সুপারিশ, এমপি আজিজের বিরুদ্ধে কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


জেলা বিএনপির সুপারিশ, এমপি আজিজের বিরুদ্ধে কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার আহ্বান

নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ এবং তার অশালীন ভিডিও ভাইরাল হওয়ার কারণে দলের ইমেজ সংকটে পড়েছে। তিনি জেলা বিএনপির নেতা হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে, এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি কার্যক্রম গ্রহণ করবে। জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রকে এমপি আজিজের বিষয়ে লিখিতভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এই তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি উল্লেখ করেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। জেলা বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই এই বিষয়গুলো কেন্দ্রের কাছে লিখিতভাবে জানানো হবে। কেন্দ্রই এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এদিকে, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম তার বাড়ির পথে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে আগামী গ্রীষ্মের আগে লোডশেডিং কমবে: জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ময়মনসিংহে আগামী গ্রীষ্মের আগে লোডশেডিং কমবে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে।

তিনি উল্লেখ করেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করা হয়েছে। কিন্তু ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। সে সময় ময়মনসিংহে বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করা হয়নি, যার ফলে এ অঞ্চলের মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের জন্য দুর্ভোগ ভোগ করতে হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার এই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জনগণকে নবায়নযোগ্য জ্বালানির প্রতি উৎসাহিত করা হচ্ছে।

কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এর মধ্যে বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার ব্যাটারিসহ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনিরুল ইসলাম। ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির ওপর উপস্থাপনা প্রদান করেন ইডকলের হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। এছাড়া, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%