০৫:১৯ পি.এম
চট্টগ্রামের এক দম্পতি তিন দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাতের মৃত্যুর দুদিন পর রবিবার রাতে মারা গেছে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে দুই সন্তানের এমন মৃত্যুতে মোহাম্মদ কবির ও আমেনা বেগমের সংসার শূন্য হয়ে গেছে।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা এই দম্পতির ঘরে ৯ বছরের ব্যবধানে জন্ম নিয়েছিল দুই সন্তান। দুজনই অসুস্থ হয়ে পড়েছিল ডেঙ্গু ও হামে। বড় ছেলেকে হারানোর পর ছোট সন্তানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাবা-মা। চিকিৎসকরাও তাদের চিকিৎসায় আপ্রাণ চেষ্টা করেছেন। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকেও।
দুই সন্তানকে হারিয়ে নির্বাক মা আমেনা বেগম। কিভাবে এই শোক সামলাবেন, বুঝে উঠতে পারছেন না বাবা মোহাম্মদ কবির। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম জানান, রবিবার রাত ১টার পর মোহাম্মদ আবু বক্করের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার সকালে মারা যায় তার বড় ভাই নূর মোহাম্মদ আরাফাত।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি ও আগুন
দিদারুল আলম বলেন, দুই শিশুই ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়েছিল। পরে তাদের নিউমোনিয়া হয় এবং মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাদের চিকিৎসায় সব ধরনের চেষ্টা করা হয়েছে। এ জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় হাসপাতালের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছিল। একটি পরিবারের দুই সন্তানেরই এভাবে মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সোমবার দুপুরে মোহাম্মদ কবির বলেন, ‘বড় ছেলেটা চলে যাওয়ার পর অনেক চেষ্টা করেছি ছোট ছেলেটাকে বাঁচাতে। পারলাম না। আমার আর কিচ্ছু নাই ভাই; কী নিয়ে থাকব?’ কবিরের বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন সপ্তাহ আগে তার জ্বর, বমি ও কাশি শুরু হয়। প্রথমে তাকে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর নেওয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আরাফাতকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন পর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। এর মধ্যে ছোট ছেলে আবু বক্করও অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় আরাফাত। পরদিন শনিবার আবু বক্করের শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও আইসিইউতে নেওয়া হয়। রবিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে পরিবার নিয়ে থাকতেন মোহাম্মদ কবির। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী আমেনা বেগম গৃহিণী।
আরও পড়ুন: গাজীপুর ও টঙ্গীকে পরিচ্ছন্ন রাখতে জাইকার উদ্যোগে ‘ (clean it up ক্লিন ইট আপ’) ক্যাম্পেইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন