০৪:৪৮ পি.এম
আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে এর নেতৃত্বে আসা এই প্রতিনিধিদলটির সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, পানি সমস্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেমন পাকিস্তান, ভারত, বাংলাদেশে এ সংকট মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্বাধীনতার পর থেকেই আলোচনা চলছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের এএডব্লিউসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে বৈশ্বিক পানি সংকট সমাধানে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ২০২৬ সালে লাওসে অনুষ্ঠেয় এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে স্পিকারকে আমন্ত্রণ জানান তিনি।
স্পিকার এএডব্লিউসি’র মাধ্যমে পানি সমস্যা সমাধানে ২০১৯ সাল থেকে অব্যাহত প্রচেষ্টার জন্য সংগঠনটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এছাড়া, তিনি প্রতিনিধি দলের কাছে আশ্বস্ত করেন যে, স্পিকার এএডব্লিউসি’র পানি সমস্যা সমাধানে বাংলাদেশের সংসদ সদস্যদের যুক্ত করার সুপারিশ করবেন। লাওসে অনুষ্ঠেয় পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এএডব্লিউসি কার্যক্রম হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইনি ও নীতিগত সহযোগিতা জোরদার করতে কাজ করে।
আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন