শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৬ পি.এম
ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি মসজিদ ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার, আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশের দাবি, মসজিদটি অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছে।
তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার ওয়াক্ফ ঘোষিত জমিতে ওয়াক্ফ বোর্ডের অনুমতি ছাড়া মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘অনুমোদনহীনভাবে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা অপসারণে আজ অভিযান চালানো হচ্ছে।’
আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিং বলেন, এক মাসেরও বেশি আগে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন যে, গ্রামের জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট দপ্তরের একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজের অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত করে। তদন্তের পর সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে অপসারণের নির্দেশ দেন।
অভিযানকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ সদস্য এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। এছাড়া নজরদারির জন্য আশপাশের ভবনের ছাদে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় নজরদারি চালানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চলাকালে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়।
সূত্র: মুসলিম মিরর
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের সরকার পতন না ঘটে, তাহলে তিনি বিষয়টিকে নিজের পরাজয় হিসেবে বিবেচনা করবেন।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সরকার পতন নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে... নিশ্চিতভাবেই।”
ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবেন। এর জবাবে তিনি জানান, তিনি কোনো দ্বিধা ছাড়াই তা করবেন।
তিনি আরও বলেন, “যদি আমি দেখি পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে, তবে আমি তা (ইরানে হামলা) করব। এমনও হতে পারে যে আমি এখনই তা করে ফেলব।”
সূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের পুত্র।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের সূত্রে জানা যায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। এবার আবারও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৃত্যুর আগে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো বিচার পাননি কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরে হামলার শিকার আহত বিভাটেক চালক মো. আজাহার মিয়া (৪২)। বিনা চিকিৎসায় ও অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর এখন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শোকাহত পরিবার।
নিহত মো. আজাহার মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর এলাকার আশ্রবপুর মহল্লার মৃত ফজলু মিয়ার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী নূপুর বেগম ছাড়াও মেয়ে অনন্যা (২০), অনামিকা (১০), আনিকা (৭) ও দুই বছরের শিশুপুত্র আরিয়ান রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পুরো পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ৮ আগস্ট সকাল ১০টার দিকে আজাহার মিয়া তাঁর বিভাটেক গাড়ি নিয়ে কুলিয়ারচর পৌরসভার পূর্ব পাশে দেলোয়ার হোসেনের দোকানের সামনে যান। সেখানে পার্শ্ববর্তী ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামের তাঁরা মিয়ার ছেলে সোহেল মিয়া (৪৫) ও বাবর আলীর ছেলে মাঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর গাড়ি রিজার্ভ করে আগরপুর যাওয়ার কথা বলেন। আজাহার রিজার্ভ ভাড়া ২০০ টাকা চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা আজাহারের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও নীলাজখম করেন। পাশাপাশি তাঁর বিভাটেক গাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেন। তবে তখন অভ্যন্তরীণ আঘাতের গভীরতা বুঝতে পারেননি আজাহার।
ঘটনার একদিন পর হামলার উপযুক্ত প্রমাণের একটি ভিডিও উপস্থাপন করে হাসপাতালে চিকিৎসাধীন মো. আজাহার মিয়া বাদী হয়ে তাঁর বোনদের মাধ্যমে কুলিয়ারচর থানায় সোহেল মিয়া ও মাঈন উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ রয়েছে, তৎকালীন সময়ে পুলিশ অভিযোগটি গ্রহণ করে শুধু নামমাত্র তদন্তের আশ্বাস দিয়ে রহস্যজনক কারণে তা এফআইআর ভুক্ত না করে বিভিন্ন তাল বাহানা করে ঘুরাতে থাকায় অবশেষে বিচার চাওয়া থেকে হাল ছেড়ে দেন আহত আজাহার মিয়া। তখনও আজাহার মিয়া জানতোনা তাঁর শরীরে আঘাতের গভীরতা কত খানি।
এরপর গত ২ নভেম্বর বিকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারে ফাহিম খাঁন (২৫) নামক এক ব্যক্তির সাথে একটি বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে প্রতিপক্ষের চড়থাপ্পড়ে তিনি পুনরায় আঘাত পান। এর পর তাঁর শরীরে জ্বর আসার পাশাপাশি শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। অর্থাভাবে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে না পারায় তাঁর শরীরের অভ্যন্তরীণ আঘাতের আসল রূপ ধরা পড়েনি।
অবশেষে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত ৭ নভেম্বর শনিবার সকালে স্বজনরা তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গত ৯ নভেম্বর সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহতের ছোট বোন মোছা. অজুফা বেগম ও মোছা. নিলুফা আক্তার নীলা অভিযোগ করে বলেন, ঘটনার পরদিন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে হামলার জেরে ভাইয়ের মৃত্যুর উপক্রম হলে ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখে গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নিকট গিয়ে আহত বড় ভাইয়ের দাখিলকৃত লিখিত অভিযোগটি পুনরায় উপস্থাপন করে এফআইআর করার অনুরোধ জানান। কিন্তু ওসি সাহেব তাদের কোনো কথা কর্ণপাত না করে আদালতে মামলা করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ছোট বোন অজুফা বেগম ও মোছা. নিলুফা আক্তার বললেন, পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তৎকালীন সময়ে হামলায় আঘাতের কারণে তাদের ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। তাদের দাবি, সম্প্রতি ও গত বছরের সেই হামলার জেরে সৃষ্ট শারীরিক জটিলতার কারণেই তাদের ভাই আজাহার মিয়ার মৃত্যু হয়েছে। তাঁরা এই পৈশাচিক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মৃত্যু আগে আজাহার মিয়া তাঁর পরিবারের সদস্যদের বলে গেছেন, তাঁর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে।
এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাদের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে চিকিৎসকরা বলছেন, মৃতের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গাবর্দ্ধনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। এই কর্মসূচির উদ্দেশ্য হলো শিশুদের বিদ্যালয়মুখী করা, নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করা এবং শিক্ষার প্রতি অভিভাবকদের দায়িত্ববোধ বৃদ্ধি করা।
আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অর্ধশতাধিক শিশুর অভিভাবকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁরা অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে সন্তানদের লেখাপড়ার অবস্থা জানার চেষ্টা করেন এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, পারিবারিক অসচ্ছলতা ও চরাঞ্চলের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
স্বেচ্ছাসেবীরা অভিভাবকদের বোঝান যে, একটি শিশুর শিক্ষার ভিত্তি পরিবার থেকেই গড়ে ওঠে। তাঁরা জানান, সন্তান বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং তার শিক্ষার অগ্রগতি সম্পর্কে পরিবারের নিয়মিত নজরদারি প্রয়োজন। সামান্য উৎসাহ, যত্ন ও সহযোগিতাও শিশুর শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এই সময় বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন বলেন, “শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। একটি শিশুকে শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। কোনো শিশিই যেন আর্থিক অসচ্ছলতা কিংবা প্রতিকূল পরিবেশের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।”
জেলা শাখার সভাপতি জামাল হোসেন বলেন, ‘শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পরিবার ও সমাজ উভয়ের। অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা প্রতিকূল পরিবেশ যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। অভিভাবকদের প্রতি আহ্বান, আপনারা সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান, তাদের পড়াশোনার খোঁজখবর রাখুন এবং লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলুন।’
ক্যাম্পেইনে অংশ নেওয়া দুইজন অভিভাবক তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় সন্তানদের পড়াশোনার বিষয়ে যথাযথ খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা বাড়িতে এসে আমাদের শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। এতে আমরা আরো উৎসাহিত হয়েছি। সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
চরাঞ্চলের শিশুদের শিক্ষার বিষয়ে অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলার এই উদ্যোগ স্থানীয় পরিবারগুলোর মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি করেছে।
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহবুব রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ