বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৭:৪০ পি.এম
খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ভেজাল খাদ্য বিক্রি প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
আজ জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় নিয়মিত বাজার তদারকি, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যের নমুনা সংগ্রহ এবং সরকার স্বীকৃত সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য, যেমন- আম, শুঁটকি, খেজুরের গুড়সহ বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন, বিক্রয় ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট ৩ হাজার ৩৪০ জন খাদ্যকর্মীকে নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ১৫টি সচেতনতামূলক সেমিনার, কর্মশালা ও কর্মসূচি এবং ৯৪টি সাধারণ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে ৯ হাজার ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিমন্ত্রী জানান, বিএফএসএর প্রধান কার্যালয়, জেলা ও মহানগর কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তারা ভেজাল প্রতিরোধে ৬ হাজার ৪৪৪টি খাদ্য স্থাপনা ও বাজার তদারকি করেছেন।
তিনি বলেন, সরকার স্বীকৃত সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে ৬৭০টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া মোবাইল ল্যাবের মাধ্যমে ৩ হাজার ৫৭৪টি এবং মিনি ল্যাবের মাধ্যমে ৪ হাজার ৯৩৮টি খাদ্য নমুনার তাৎক্ষণিক পরীক্ষা করা হয়েছে।
মো. আব্দুল বারী আরও জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে ১৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য বিষয়ে ২ হাজার ৩৯০ জন গৃহিণীর অংশগ্রহণে ৫১টি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্মিত নিরাপদ খাদ্যবিষয়ক ৪টি টেলিভিশন বিজ্ঞাপন বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে মোট ২২৪ মিনিট প্রচার করা হয়েছে।
এছাড়া জনগণ ও খাদ্য ব্যবসায়ীদের সচেতন করতে মসুর ডাল, খাদ্যে ক্ষতিকর হাইড্রোজ, গুড়ে ক্ষতিকর রাসায়নিক এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবার পরিহারসহ বিভিন্ন বিষয়ে ২২টি গণবিজ্ঞপ্তি ৬৯টি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা জেলা কারাগার-২ এর দেওয়াল টপকে পালিয়ে গেছে ইমন মাঝি নামের এক আসামি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ওই কারাগারের পূর্ব পাশের দেওয়াল ডিঙিয়ে পালিয়ে যায় সে।
জেল সুপার আবু ছায়েম বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে’।
মো. ইমন মাঝি, খুলনা জেলা পুরাতন কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
কারাগারের তথ্য অনুযায়ী, ইমন মাঝি একটি চুরি মামলার (নম্বর ০৯ (০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫) আসামি। চলতি বছরের ১৩ জুন থেকে জেলা কারাগারে বন্দী ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ইমন মহানগরীর আইনজীবী সমিতি সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেওয়াল টপকে আইনজীবী সমিতির দিক থেকে পালিয়ে যায়। বিষয়টি কারাগারের সিসি ফুটেজে ধরা পড়ে যা ঘটনার পরপরই সুশৃঙ্খলভাবে হাঁকি বাজানো হয়।
কারা কর্তৃপক্ষ অবিলম্বে এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয়। সুপার মো. আবু সায়েম সাংবাদিকদের জানান, কোন কিছুর সহযোগিতা ছাড়া ইমন মাঝি কারাগারের দেয়াল টপকে পালিয়েছে। সিসি ফুটেজের চিত্রে পালানোর ঘটনার পাশাপাশি দ্রুত তার গ্রেপ্তারের জন্য সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। এছাড়া কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার জন্য কোনো গাফিলতি রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ৯ জুলাই, ২০২৬ : জেলায় আজ আড়ম্বরপূর্ণভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা।
এতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-উদ্যোক্তাগণ, পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
একই সঙ্গে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজে হামলা অব্যাহত রাখে, তবে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের বোমা হামলা আরও ব্যাপক ও ভয়াবহ হবে।
এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের একটি স্থাপনায় কথিত বোমা হামলার একটি ছবি পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, ‘এটি ইরানের গতকালের জাহাজে বোমা হামলার প্রতিশোধ। যদি আবার এমনটি ঘটে, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হবে!’
পরে, তিনি তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গেও একই ধরনের বক্তব্য দেন।
ট্রাম্প মন্তব্য করেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হেনেছি। আমি বলব, তারা আমাদের একবার আঘাত করলে আমরা তাদের ২০ গুণ জবাব দেব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গত রাতেও আমরা সেটাই করেছি। তারা আজ সামান্য কিছু করেছে, কিন্তু সেটিও মূলত গত রাতের হামলার প্রতিশোধ হিসেবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার দুর্ভোগে থাকা শত শত গ্রামের মানুষ এখন ইটের সড়ক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। এর ফলে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের দৃশ্যপট।
একসময় এসব এলাকার অধিকাংশ রাস্তা ছিল কাঁচা। বর্ষা মৌসুম এলেই হাঁটুসমান কাদা ও জমে থাকা পানির কারণে মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ত। প্রতিবছর সরকারের সহায়তায় মাটি ফেলে রাস্তা সংস্কার করা হলেও কয়েক মাসের মধ্যেই বৃষ্টির পানিতে সেই মাটি ধুয়ে যেত। এর ফলে পরের বছর আবারও একই সমস্যার মুখোমুখি হতে হতো স্থানীয় বাসিন্দাদের।
তবে এবার চিত্রে এসেছে বড় পরিবর্তন। কাঁচা রাস্তার পরিবর্তে ইটের সলিং নির্মাণ হবে যে কারণে গ্রামের মানুষ এখন বছরের সব সময় সহজে চলাচল করতে সক্ষম। বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত আগের তুলনায় অনেক সহজ হয়েছে।
স্থানীয়দের কথা অনুযায়ী, আগে সামান্য বৃষ্টি হলেই বাড়ি থেকে বের হওয়া ছিল ভীষণ কষ্টকর। বাজার, স্কুল, মসজিদ কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে এখন সেই ভোগান্তি অনেকটাই দূর হয়েছে।
অতীতে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাঁচা রাস্তার কারণে কোনো যানবাহন বাড়ির সামনে পর্যন্ত পৌঁছাতে পারত না। বর্তমানে ইটের সড়ক নির্মাণ হওয়ায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন সরাসরি বাড়ির সামনে আসতে পারছে। এতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রক্রিয়া অনেক সহজ হয়ে উঠেছে।
শুধু রোগী পরিবহনই নয়, শিক্ষার্থীদের জন্যও এই উন্নয়ন অনেক স্বস্তি নিয়ে এসেছে। আগে বর্ষাকালে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হতো। অনেক সময় শিক্ষার্থীরা পিছলে পড়ে গেলেও অনেকেই দুর্ভোগের কারণে নিয়মিত স্কুলে যেতে পারতেন না। কিন্তু এখন ইটের সড়ক হওয়ায় তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাতায়াত করতে সক্ষম হচ্ছেন।
মাদ্রাজ ইউনিয়নের বাসিন্দা কালাম জানান, আগে কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়াসহ দৈনন্দিন যাতায়াতে অনেক কষ্ট হতো। এখন ইটের রাস্তা হওয়ায় সবকিছু সহজ হয়েছে। এজন্য তিনি স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
জিন্নাগড় ইউনিয়নের বাসিন্দা কুলছুম জানান, আগে কাঁচা রাস্তার কারণে চলাচলে বেশ অসুবিধা হত। এখন ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় অনেক সুবিধা হয়েছে। ভবিষ্যতে এই রাস্তার স্থায়ী পাকাকরণের দাবি জানান তিনি।
উপজেলা যুবদলের সদস্যসচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল জানান, সাধারণত মাটির রাস্তা সংস্কারের জন্য তিনটি প্রকল্পের আওতায় কাজ করা হয়। তবে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সুপারিশে চরফ্যাশনের ২১টি ইউনিয়নের তিন শতাধিক গ্রামীণ সড়কে ইটের সলিং নির্মাণ করা হয়েছে। এতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমেছে।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের বরাদ্দ অতীতে অনেক ক্ষেত্রেই নামমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু নুরুল ইসলাম নয়নের উদ্যোগ ও পরামর্শে এবার সেই বরাদ্দ দিয়ে কাঁচা রাস্তার পরিবর্তে ইটের সলিং নির্মাণ করা হয়েছে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. ওয়ালিউল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় তিন শতাধিক সড়কে ইটের সলিং নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজগুলো বাস্তবায়িত করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে চরফ্যাশনে তিন শতাধিক সড়কের উন্নয়ন করা হয়েছে। কাঁচা রাস্তার পরিবর্তে ইটের সলিং নির্মাণ করায় স্থানীয় জনগণ ইতিবাচক সাড়া দিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ