১১:১৭ পি.এম
এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটে সম্প্রতি ঘটে যাওয়া একটি স্বর্ণ ও মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দোকানে পাহারাদার থাকা সত্ত্বেও কীভাবে এই চুরির ঘটনা ঘটল, তা নিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদকে বিষয়টি অবহিত করা হলেও, এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। প্রকল্প পরিচালকের বক্তব্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন প্লাজার ব্যবসায়ীরা। একই সঙ্গে, চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণও দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
ক্ষতিপূরণের দাবিতে ৫ অক্টোবর সৈয়দপুর প্লাজার সামনে শেরে বাংলা সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এই অবরোধের ফলে ব্যস্ততম সড়কটিতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর ফলে ছোট যানবাহনের চালকসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়।
ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য অবস্থান করেন। পরে তারা ৭২ ঘণ্টার সময়সীমা বা আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: বনপাড়া শহর প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন: সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন