বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২৭ পি.এম
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন যে, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেন যে, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব সেবা পৌঁছানোও জরুরি। মাদক, অপরাধ এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। জনগণের কাছে সরকারি সেবা আরো সহজলভ্য ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি কার্যক্রমের সমন্বিত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাদের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি আন্ত দপ্তর সমন্বয় আরো জোরদার করার আহ্বান জানানো হয়।
সভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম এবং জেলা প্রশাসক ডা. সামীমুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের লাঠির আঘাতে নুর ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আল আমীনকে (২৩) আটক করেছে পুলিশ। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলা সদরের বিদ্যুৎপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ছেলে আল আমীন তার বাবা নুর ইসলামের কাছে মোটরসাইকেল কেনার টাকা চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমীন ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিতে গেলে লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে স্থানীয় কয়েকজন দাবি করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ছেলে আল আমীনকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, পরিবারের সদস্যরা ঘটনার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। নিহতের শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন রামায়া কৃষ্ণান। এই অভিনেত্রীর গোপন প্রেমের কাহিনী এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বাহুবলির মা হিসেবে পরিচিত রামায়া, বিয়ের পূর্বে এক পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যা শেষ পর্যন্ত গর্ভপাতের মতো একটি ঘটনায় রূপ নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর রিপোর্ট অনুযায়ী, ১৯৯৯ সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে রামায়ার প্রথম সিনেমার কাজ শুরু হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। বিবাহিত এই পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর অন্দরমহলে গোপন ছিল না।
সকলেই জানতেন তাদের প্রেমের সম্পর্কের কথা। কে এস রবিকুমারের অনেক সিনেমাতে রামায়া কাজ করেছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের গতি পরিবর্তিত হয়। একসময় রামায়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবরটি রবিকুমারের স্ত্রী জানতে পারেন এবং রামায়াকে হুমকি দেন।
এ কারণে পরিচালক সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন। ফলে একপর্যায়ে রামায়া গর্ভপাতের সিদ্ধান্ত নেন। জানা যায়, এই ঘটনার জন্য তিনি কে এস রবিকুমারের কাছে ৭৫ লক্ষ টাকা দাবি করেন।
যদিও গণমাধ্যমের কাছে প্রেম এবং গর্ভপাতের বিষয়টি উভয়েই অস্বীকার করেছেন তারা। তবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের এই ‘গোপন সম্পর্কের’ খবর এখনও বিভিন্ন সময়ে আলোচিত হয়।
পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে বিয়ে করেন রামায়া। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সুখের সংসার গড়েছেন এই অভিনেত্রী।
রামায়া কৃষ্ণান দক্ষিণের একজন জনপ্রিয় অভিনেত্রী। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি কাজ করছেন এবং তার ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমা রয়েছে। সর্বশেষ তিনি রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : জেলা সদরে আজ বায়ু দূষণের কারণে দুইটি প্রতিষ্ঠানকে মোট আড়াইলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বায়ু দূষণের দায়ে ফতুল্লার সস্তাপুর এলাকার মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে দুইলাখ টাকা এবং এসকে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে প্রসিউকিশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম।
অভিযানের সহায়তায় ছিলেন র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টীম।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম জানান, বায়ু দূষণ সহ একাধিক বিধি ভঙ্গের দায়ে ফতুল্লার সস্তাপুর এলাকার মেসার্স রহমত টেক্সটাইল মিলস ও এসকে ডাইং এন্ড ফিনিশিং মিলস নামের দু’টি প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রামের মাঠে শুরু হলেও, স্বপ্নটি অলিম্পিকের দিকে। সরকার এবার তৃণমূলের সেই স্বপ্নবাজ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে চায়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ থেকে উঠে আসা ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শনিবার শুরু হবে।
দেশজুড়ে আয়োজিত প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছিল। উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখা ৩০৬ জনকে এবার বড় মঞ্চে উঠে আসার সুযোগ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে অসাধারণ প্রতিভাবানদের বাছাই করে সরকারি খরচে বিকেএসপিতে ভর্তি, পড়াশোনা ও খেলাধুলার সুযোগ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধুমাত্র মাঠের বিনোদন হিসেবে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, তৃণমূলের প্রতিটি প্রতিভার দরজায় পৌঁছে দিতে হবে সুযোগের আলো। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
মাদক, অপরাধ ও অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে কিশোর সমাজকে দূরে রাখার জন্য খেলাধুলাকে বড় হাতিয়ার হিসেবে দেখছেন তিনি। নতুন কুঁড়ির এই ৩০৬ কিশোর-কিশোরীর চোখে শুধুমাত্র জার্সি নয়, বরং জাতীয় দলের স্বপ্নও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ