শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৭ পি.এম
চার দেশের রাষ্ট্রপ্রধানরা ফটোসেশনের জন্য দাঁড়িয়ে ছিলেন। তবে ছবি তোলার পরও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। একপর্যায়ে, অপেক্ষা করতে না পেরে মোদিকে বলতে শোনা যায়, ‘এবার কি আমরা যেতে পারি?’
এই ঘটনা মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চার দেশের জোট কোয়াডের বৈঠকের আগে ঘটে। ছবি তোলার পর বৈঠকে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন। তিনি একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন। এই সময় অন্য তিন নেতাকে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
মোদির দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমাকে কী কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়।’ এ সময় তিনি মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বলেও প্রশংসা করেন। পরে জাপানের প্রধানমন্ত্রীকে আরও কঠিন বলে মন্তব্য করেন।
অন্যদিকে, মোদিকে কয়েকবার হাতের ইশারায় অন্য নেতাদের এগিয়ে যাওয়ার অনুরোধ করতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে চলা এই অনানুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্বের কারণে নেতাদের নির্ধারিত বৈঠকের সময়ও কমে যায়। পরে ট্রাম্পের সহযোগীরা এগিয়ে এসে তাকে সাংবাদিকদের কাছ থেকে সরিয়ে নেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মোদির ‘এবার কি আমরা যেতে পারি?’ মন্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়।
অনেকে মনে করেন, ইংরেজিতে পারদর্শী না হওয়া বা স্বাচ্ছন্দ্যবোধ না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণত ইংরেজি ভাষার সংবাদমাধ্যমের সাংবাদিকদের মুখোমুখি হতে এড়িয়ে চলেন। এ কারণে ট্রাম্পের এমন তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে তার অস্বস্তি আরও বেশি আলোচনায় এসেছে।
সূত্র: ফার্স্টপোস্ট , দ্য ইন্ডিপেনডেন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর দাগনভূঞা উপজেলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা করাতকল মালিক সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে দাগনভূঞা উপজেলায় মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ। এই সময় করাতকলের লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রক্রিয়া এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সমিতির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ করাতকল মালিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। বিশেষভাবে লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন, নিয়মনীতি সহজীকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধানের বিষয়ে আলোচনা হয়।
তারা জানান, করাতকল শিল্পের সঙ্গে অনেক ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীর জীবিকা জড়িত। তাই বিদ্যমান আইন ও পরিবেশগত বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি লাইসেন্স সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।
এ সময় মন্ত্রীর সঙ্গে আলোচনায় ছাগলনাইয়া রেঞ্জ অফিসার আবু নাসের জিয়াউর রহমান, আবুল হাশেম, কাজী জাহাঙ্গীর আলম, ফরিদ আহমদ মেম্বার, বেলাল ও বাপ্পিসহ ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা করাতকল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, করাতকল মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর এ সৌজন্য সাক্ষাৎ লাইসেন্স সংক্রান্ত জটিলতা ও অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নতুন সুযোগ তৈরি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্যের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিতে প্রতিবেদন উপস্থাপনের শর্তে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে এ তথ্য প্রচারের জন্য আইসিটি সেল ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তির অনুলিপি দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, জকসু, ক্রিয়াশীল ছাত্রসংগঠনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, তাদের প্রাক্তন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংগঠন ‘দ্য গ্রেগরিয়ান সোসাইটি’ (টিজিএস)-এর সহযোগিতায় ঢাকার লক্ষ্মীবাজার ক্যাম্পাসে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্য একটি স্থায়ী ঠিকানা লাভ করেছে।
জাদুঘরটি মূল ভবনের পঞ্চম তলায় অবস্থিত এবং ১৮৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির যাত্রাপথের বিবরণ তুলে ধরা হয়েছে। এখানে সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র, আলোকচিত্র, বিভিন্ন নিদর্শন ও স্মারকসামগ্রী প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে গ্রেগরিয়ানদের (সেন্ট গ্রেগরিসের প্রাক্তন শিক্ষার্থীদের) অবদানকে ফুটিয়ে তোলে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় অতিথিদের অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অনুষ্ঠানের সূচনা, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর্ব অনুষ্ঠিত হয়। টিজিএসের সহসভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী (গ্রেগরিয়ান) শাকিল কাসেম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিজিএসের প্রধান পৃষ্ঠপোষক এবং সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ব্রাদার প্লাসিড পিটার রিবেইরো, সিএসসি। টিজিএস সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ইউসুফ রহমান জাদুঘরটির পেছনের লক্ষ্য ও দর্শন তুলে ধরেন; এরপর প্রকল্পটির ওপর একটি ভিডিও উপস্থাপনা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট গ্রেগরিয়ানদের মধ্যে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ড. রুমি আলী, ড. তাহমিদ আহমেদ, মাহফুজ আনাম, কামরান টি. রহমান, সি আর আবরার এবং মাসরুর মামুন উপস্থিত ছিলেন। সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ড. রুমি আলী, ড. তাহমিদ আহমেদ এবং কামরান টি. রহমান টিজিএসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. রুমি আলী এই উদ্যোগ সম্পর্কে তার ভাবনা ব্যক্ত করেন। এছাড়া, ড. তাহমিদ আহমেদ, মাহফুজ আনাম, সি আর আবরার এবং মাসরুর মামুনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। টিজিএসের (TGS) ভাইস-প্রেসিডেন্ট গ্রেগোরিয়ান রিজওয়ান খায়ের ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর অতিথিরা জাদুঘরটি পরিদর্শন করেন এবং তাঁদের আপ্যায়নের জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, কর্মী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং টিজিএস সদস্যরা উপস্থিত ছিলেন। উদযাপনের অংশ হিসেবে গ্রেগরিয়ান, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত সম্মিলনী আয়োজন করা হয় এবং সন্ধ্যায় নিজস্ব ব্যান্ড ‘ব্যান্ডউইডথ’ (Bandwidth)-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশবিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে।’
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, ‘দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে।’
উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। এই সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা—যারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে, শিক্ষার বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হতে হবে। যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ