শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৩ পি.এম
সাতক্ষীরা, ১৩ নভেম্বর ২০২৬ : আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, মোবাইল ফোনের চার্জার গার্ড এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট, হিজলদী, মাদরা ও পদ্মশাখরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে। একইভাবে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ভারতীয় মদ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের চার্জার গার্ড উদ্ধার করে।
এছাড়া, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বৈচুনা এলাকা থেকে ভারতীয় মাদক তৈরির উপকরণ জে এনড বি মার্টিনি ড্রাগের পাঁচ বোতল (প্রতি বোতল ২০০ এমএল) জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মোট বাজার মূল্য আনুমানিক সাতলাখ ৩০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি মন্তব্য করেছেন যে, সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও বলেন, ডায়াবেটিস এবং হরমোনজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। স্বাস্থ্যকর জীবনযাপনে সবাইকে অভ্যস্ত হতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা এবং চিকিৎসকের সঙ্গে রোগের বিষয়ে খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ধানমন্ডি সোসাইটি এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ডায়াবেটিস ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই। রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে আগে থেকেই সচেতন হওয়া প্রয়োজন। এজন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, রোগীদের চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সঙ্গে যথাযথ যোগাযোগ থাকা প্রয়োজন। নিজের শারীরিক সমস্যা ও রোগের লক্ষণ সম্পর্কে চিকিৎসককে বিস্তারিত জানালে সঠিক চিকিৎসা গ্রহণ সহজ হয়। এই ক্ষেত্রে মানুষকে স্বাস্থ্যসচেতন করে তুলতে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
শেখ রবিউল আলম বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সাহায্য করবে। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় মন্ত্রী ধানমন্ডি এলাকার উন্নয়ন প্রসঙ্গে ধানমন্ডি লেক সংস্কার ও এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণের বিষয়েও আলোকপাত করেন। তিনি এলাকার নাগরিক সুবিধা বাড়াতে উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা বিষয়ে পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ একজন অভিযুক্ত চোরাকারবারিকে গ্রেফতার করেছে আকবরশাহ থানার পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।
আজ আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট সংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে থেকে সুধীর কুমার ধর (৪১)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুধীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নের দক্ষিণ বণিকপাড়া এলাকার গোপাল বাড়ির বাসিন্দা।
ওসি জানান, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, আকবরশাহ থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সিটি গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ চেকপোস্টের বক্সের সামনের পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি ১২৯.৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, প্রাথমিক তথ্যমতে গ্রেফতার সুধীর কুমার ধর একজন স্বর্ণ চোরাকারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এনসিএল সেকেন্ড ইলেভেনের ফাইনালে খুলনাকে ইনিংস এবং ৩৫ রানে পরাজিত করেছে ঢাকা। পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম ইনিংসে খুলনাকে ১৩৭ রানে অলআউট করে ঢাকা। এরপর, জবাব দিতে নেমে ৮ উইকেটে ৩২৪ রান সংগ্রহ করে ঢাকা। দ্বিতীয় ইনিংসে ১৮৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে খুলনা ১৫২ রানে অলআউট হয়।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন ঢাকার অধিনায়ক আহরার আমিন। তিনি ব্যাট হাতে ১৫৯ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন। তবে, ফাইনাল ম্যাচের সেরা বোলার ইয়াসিন হাসান। দুই ইনিংসে মিলিয়ে ৮টি উইকেট নিজের দখলে নিয়েছেন এই স্পিনার।
জাতীয় ক্রিকেট লিগে এবারের প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা ৩ লাখ টাকার অর্থ পুরস্কার লাভ করেছে। অপরদিকে, খুলনা পেয়েছে দেড় লাখ টাকা।
রাউন্ড রবিন লিগে সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ের মাধ্যমে ঢাকা শীর্ষে ছিল। লিগ পর্বে খুলনারও দাপট ছিল। তারা ৭ ম্যাচের একটিতেও পরাজিত হয়নি। ফাইনালের লড়াইয়ে এই দুই দলই জায়গা করে নিয়েছিল। তবে শিরোপার মঞ্চে ঢাকার মুখোমুখি হয়ে খুলনা তেমন সুবিধা করতে পারেনি।
১৮৭ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করা খুলনার সামনে শেষ দিন ম্যাচ বাঁচানোর লড়াই ছিল। কিন্তু দুই প্রান্তে ইয়াসিন ও আহরারের স্পিনে খুলনা মাত্র ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। পরে জাওয়াদ ৮৫ বলে ৭৬ রানের ইনিংস খেললেও তিনি পরাজয় এড়াতে পারেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় একটি মিনিবাস এবং কনটেইনারবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার নিকটবর্তী রংগাজান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মিনিবাসটি বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে, যার ফলে মিনিবাসটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে গাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজনের মরদেহও উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। বাসের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধারের কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত সাতজনকে চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা বলেন, কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় চলাচলের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ থাকা সত্ত্বেও মিনিবাসটি দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কনটেইনারবাহী ট্রাকটির সঙ্গে মিনিবাসের সংঘর্ষ ঘটে।
এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি এক শোকবার্তায় বলেন, কাজিরাঙায় এত মানুষের প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বজন হারানোর শোক কোনো কথায় দূর করা সম্ভব নয়। তবে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নিজেদের একা মনে না করে। আসামের মানুষ তাদের পাশে রয়েছে।
সূত্র: এনডিটিভি
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ