০৬:০৭ পি.এম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দেশের ৭টি বিভাগীয় শহরে বিসিবি একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে। ঢাকাকেন্দ্রিকতা কমিয়ে এবং তৃণমূল থেকে মানসম্মত ক্রিকেটার তৈরি করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার বিসিবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তামিম এ তথ্য জানান। তিনি আরও বলেন, বিসিবি ট্রেনিং ও রিকভারি সেন্টার, নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন নীতিমালা এবং আন্তর্জাতিক সূচিতে নতুনত্ব আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তামিম জানান, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরগুলোতে যেখানে মাঠ, ইনডোর ও কোচিং সুবিধা রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে এই একাডেমিগুলো শুরু হবে। তিনি বলেন, ‘আমরা স্থানীয় একাডেমিগুলোকে চ্যালেঞ্জ করতে চাই না; বরং তাদের থেকে উঠে আসা প্রতিভাবানদের আরও প্রস্তুত করতে চাই। প্রতি শুক্র, শনি ও বৃহস্পতিবার এই একাডেমিগুলোর কার্যক্রম চলবে, যাতে ক্রিকেটারদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। নির্বাচিত ক্রিকেটারদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি হবে।’
তামিম ভবিষ্যতে অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান, যার মাধ্যমে পর্যায়ক্রমে ৬৪ জেলায় এই একাডেমি ছড়িয়ে দেওয়া হবে। ক্রিকেটারদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন ‘বিসিবি ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার’ নির্মিত হচ্ছে, যেখানে সুইমিং পুল, রিকভারি সেন্টার, নতুন জিম ও অ্যাথলেটিক ট্র্যাক থাকবে। তামিম জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এই প্রকল্পের জন্য প্রাইম ব্যাংকের সঙ্গে পাঁচ বছরের স্পন্সরশিপ চুক্তি সম্পন্ন হয়েছে, যা বিসিবির মোট বিনিয়োগের ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ নিশ্চিত করবে।
আরও পড়ুন: লাস ভেগাসে রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাক্স ভার্সটাপেনের জয়
নারী ক্রিকেটারদের জন্য বোর্ড দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত, যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে বিসিবির প্রভাবমুক্ত একটি সম্পূর্ণ স্বাধীন অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয়ত, নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি এবং সন্তান জন্মদানের পর মাঠে ফেরার পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতিমালায় ছুটির সময়কালীন বেতন ও পুনর্বাসন সুবিধার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা আসন্ন বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন পাবে।
লস অ্যাঞ্জেলস অলিম্পিকের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এ কথা নিশ্চিত করে তামিম জানান, আটটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ম্যাচগুলো ঢাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। আসন্ন এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তার আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য বিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। উই বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান তামিম। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন