১১:০৮ এম
সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রক্রিয়া এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজন করেছে।
এই সভা রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ওই দিন দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
আরও পড়ুন: রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ
সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মূলত, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার জন্য কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে আলোচনা হবে।
সভায় উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের।
এছাড়া, সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। রবিবারের সভা এ বিষয়ে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, কতগুলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়। রবিবারের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: পাহাড়ে স্থায়ী শান্তি: বাংলাদেশ কোন পথে?
এছাড়া, সভা থেকে জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন