মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৮ পি.এম
ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করার কারণে কঠোর শাস্তির সম্মুখীন হয়েছেন। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এবং তার দলের চার সদস্যকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি, তাদের ওপর দুই বছরের জন্য ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ঘটনা ইরানে নারীদের পোশাকবিধি কার্যকরে সরকারের কঠোর অবস্থানকে নতুন করে সামনে এনেছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন, পারাস্তু আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য তাদের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হাতা কাটা পোশাক। কনসার্টে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে, যা ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ৭৭ হাজারের বেশি।
কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান এই সংগীতশিল্পী। পরে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখেন আদালত।
ইরানে হিজাব আইন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক চলছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন ধরে এই আইনের প্রয়োগে কঠোরতার মাত্রা এক রকম ছিল না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।
২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর হিজাব আইন নিয়ে সরকার ও সাধারণ মানুষের বিরোধ আরো প্রকাশ্য রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করতে শুরু করেন।
এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্যের প্রবণতা বাড়তে শুরু করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে দেশটিতে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাফেরা করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
তবে গত এক বছরে হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।
আগেও শাস্তির মুখে পড়েছেন শিল্পীরা
হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক সংগীতশিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তার একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।
এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জার্মানির পশ্চিমাঞ্চলে গ্যাস লিকের কারণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু রয়েছে। সোমবার পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
এই ঘটনা ঘটে সীমান্তবর্তী কেল শহরের একটি ফ্ল্যাটে, যা ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের বিপরীতে রাইন নদীর ওপারে অবস্থিত।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
নিকটবর্তী শহর অফেনবুর্গের পুলিশ জানায়, ফ্ল্যাটটিতে একটি পরিবারের সদস্যরা বসবাস করছিল, যাদের মধ্যে কয়েকটি শিশুসন্তানও ছিল। এই ঘটনায় আরও দুই শিশুকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়েছে।
পুলিশের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিশুরা স্কুলে অনুপস্থিত থাকায় বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আঞ্চলিক সংবাদপত্র বাদিশে জাইটুং দমকল বিভাগের কর্মকর্তা ভিক্টর লিয়ারের উদ্ধৃতি দিয়ে জানায়, ঘটনাস্থলে কার্বন মনোক্সাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
জরুরি বিভাগের কর্মীরা ভবনটির অন্যান্য ফ্ল্যাটগুলোও পরীক্ষা করেন। পুলিশ নিশ্চিত করেছে যে, সেখানে বর্তমানে আর কোনো বিপদের আশঙ্কা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিপগাড়ির চাকা মেরামতের সময় লরির (লং ভেহিকল) ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হন। সোমবার (২৩ নভেম্বর) রাতে, মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির সন্তান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকামুখী একটি জিপগাড়ির চাকা পাংচার হয়ে যায়। ওয়াজেদ আলী গাড়িটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময়, একই লেনে পেছন থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি লরি দাঁড়িয়ে থাকা জিপগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওয়াজেদ আলীর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর লং ভেহিকলের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে রেকারের মাধ্যমে থানায় নেওয়া হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. নুরুল আফছার জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। লরির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এই সাক্ষাৎটি সোমবার (২৩ নভেম্বর) মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
সাক্ষাৎকালে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দুই দেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য সংস্থাটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাউন্সিলের বৈঠককে আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় মালদ্বীপের অব্যাহত সম্পৃক্ততা ও নেতৃত্বের প্রশংসা করেন বাংলাদেশের হাইকমিশনার।
সাক্ষাতে ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের ধর্মীয়, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মালদ্বীপে বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার। তিনি মালদ্বীপের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।
সাক্ষাতে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার প্রবেশপথ আব্দুল্লাহপুরের সঙ্গে গাজীপুরের টঙ্গীকে সংযুক্ত করেছে তুরাগ নদ। নদীর এক পাশে অবস্থিত ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা, উত্তরখানসহ বিভিন্ন এলাকা। অপরদিকে রয়েছে শিল্পনগরী টঙ্গী। বর্তমানে তুরাগ নদ ঘিরে গড়ে উঠেছে মাদকের একটি বড় বাজার।
পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার কিছু সাধারণ বাসিন্দার সঙ্গে আলোচনা করে জানা যায়, টঙ্গী এবং উত্তরা এলাকায় পাইকারি মাদক কারবার চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঢাকার উত্তরায় অভিযান চালায়, তখন মাদক কারবারিরা নদী পার হয়ে টঙ্গীতে চলে আসে এবং টঙ্গীতে অভিযান চললে উত্তরা চলে যায়। তবে টঙ্গীতে মাদকের বড় বাজার গড়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে মাদকের বড় জোগানদাতা হিসেবে টঙ্গীর বাজার পরিচিত।
সূত্র জানায়, টঙ্গীতে যথেষ্ট সরকারি পতিত জমি রয়েছে, যা শ্রমিক অধ্যুষিত। এখানে ১৯টি বস্তি গড়ে উঠেছে। এসব বস্তির অধিকাংশ বাসিন্দা মাদক কারবারি, খুন, ছিনতাই ও চুরি-ডাকাতির মতো অপরাধের সঙ্গে জড়িত। দারিদ্র্য সীমার নিচে অবস্থান করায় এসব অপরাধীদের দিয়ে কম খরচে বড় বড় অপরাধ সংঘটন করানো সম্ভব।
বস্তিগুলিতে দুই ধরনের অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে। বড় বয়সের অপরাধীরা সাধারণ অপরাধ সংঘটন করে থাকে, আর কিশোর বয়সীরা কিশোর গ্যাং গঠন করে দলবদ্ধ হয়ে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক সভা-সমাবেশ এবং মিছিলসহ বিভিন্ন কাজে এদের সহজেই ব্যবহার করা হয়।
রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের বক্তব্য অনুযায়ী, যে দল ক্ষমতায় থাকে, মাদক কারবারিরা সেই দলের হয়ে যায়। এর ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অভিযান চালিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পায় না। সুফল পাওয়ার সম্ভাবনা কম থাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও এসব অপরাধে জড়িয়ে পড়েন।
টঙ্গী শিল্প এলাকায় অবস্থিত ১৯টি বস্তিতে পাঁচ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে, যাদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি বহিরাগত এবং বেকার। দারিদ্র্যসীমার নিচে বসবাস করা এসব মানুষ সহজেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক মহাসড়কের কয়েকজন ভাসমান দোকানি জানিয়েছেন, বস্তির পাশাপাশি মহাসড়ক, আঞ্চলিক সড়ক, বিভিন্ন শাখা সড়ক এবং ফ্লাইওভারের ওপরে ও নিচে প্রকাশ্যে মাদক কারবার ও ছিনতাই চলছে। বড় নেতাদের হয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় তারা।
গোয়েন্দা ও একাধিক সরকারি সংস্থার সূত্র জানায়, টঙ্গীর ১৯ বস্তিতে মাদকের পাইকারি বাজার রয়েছে। এখানে দুই শতাধিক পাইকারি মাদক কারবারি সক্রিয়। এর মধ্যে ৫০ জনের বেশি মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে মাদক সরবরাহ করেন। এই ৫০ জনের তদারকি করার জন্য ১০ জনের বেশি শীর্ষ কারবারি রয়েছে। তাদের মতে, সরকার পরিবর্তন হলে শীর্ষ কারবারিরা পরিবর্তিত হয়, তবে সংখ্যায় তেমন পরিবর্তন ঘটে না। ফলে তারা সব সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে অপরাধ সংঘটন করে যাচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, এসব বস্তিতে বেড়ে ওঠা কিশোরদের নিয়ে গঠিত গ্রুপের সংখ্যা ৫০-এর বেশি। প্রত্যেক গ্রুপে ১০ থেকে ২৫ জন কিশোর সদস্য রয়েছে। এই কিশোর গ্যাং প্রকাশ্যে তাদের মহড়া দেয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী বাজার, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, সাতাইশ, গাজীপুরা, এরশাদ নগর, টঙ্গীর পাগার, মিরাশপাড়া, কেরানির টেক, রেলস্টেশন, মরকুন কবরস্থান, মরকুন গোদারা ঘাট, বনমালা, দত্তপাড়া, মোক্তারবাড়ি রোড, গুটিয়াসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের মহড়া চলে। সাধারণ মানুষ মহড়া দেখলেও তাদের কিছু বলার সাহস নেই।
টঙ্গী স্টেশন রোডের একজন ফল ব্যবসায়ী জানান, সড়কের দুই পাশে ফুটপাতে এবং ফ্লাইওভারের নিচে মাদক সেবন চলছে। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি হচ্ছে। মাদক সেবন করতে করতে মাঝে মাঝে রাস্তার পাশে মাদকসেবী মারা যায়। কিন্তু এসবের প্রতিবাদ করার সাহস আমাদের নেই।
পুলিশের সূত্রে পাওয়া সাম্প্রতিক অপরাধ চিত্র বলছে, তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মৃত্যু নিয়ে টঙ্গীর মাজার বস্তির মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর আগে গত কয়েক বছরে টঙ্গীতে মাদক ও ছিনতাইয়ের শিকার হয়ে একাধিক ব্যক্তি খুন হয়েছেন। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
মাদক কারবারের প্রভাব বিস্তার এবং মাদকের টাকা ভাগাভাগি নিয়ে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব অপরাধ দমনে পুলিশ অভিযান চালাচ্ছে, আবার অপরাধ কর্মকাণ্ডও চলছে সমান তালে। তবে পুলিশের অভিযানে বড় ধরনের কোনো কারবারি এখনো গ্রেপ্তার হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাদকের মামলা হয়েছে ১৩৭৬টি। এর মধ্যে মাদক কারবারির সংখ্যা ১৪৯৬ জন এবং মাদকসেবী ১০৬৬ জন। এই সময়ের মধ্যে ২০টি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছে ৬৯ জন। ১৩টি ডাকাতি মামলায় ২৯ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়া ১০৪টি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হয়েছে ৪৮৬ জন এবং ১৩৭টি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে ৫৮১ জন।
জিএমপির উল্লিখিত অপরাধ চিত্র তুলে ধরে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে জানান, টঙ্গীর মাজার বস্তির মাদক কারবারিদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কেরানির টেকসহ কয়েকটি বস্তিতে অভিযান চালিয়ে অসংখ্য মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত কমিশনারের দাবি, টঙ্গীতে এখন আগের তুলনায় অপরাধ অনেকটা কমে এসেছে। তিনি বলেন, "আমাদের অভিযান নিয়মিত চলছে। আশা করি, টঙ্গী অপরাধমুক্ত হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ