০৫:৫১ পি.এম
প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে তিনি জানান, তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: দিনাজপুরের ইতিহাসে রাজা রামনাথ ও তাঁর ঐতিহাসিক অবদান
ডা. জাহেদ বলেন, পালিয়ে যাবার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে, সেই স্মৃতিকে জনগণের হৃদয়ে চিরজাগ্রত রাখতে হবে জাদুঘর ও এই প্রদর্শনীর মাধ্যমে, যাতে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করে।
তিনি আরও বলেন, পলাতক দলটি বাংলাদেশে কীভাবে এসেছে এবং কী ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটি ক্রমাগত সতেজ ও সজীব করে তুলে ধরতে হবে। তিনি উল্লেখ করেন, "যেন শেখ হাসিনা তো বটেই, তার পার্টিরও কবর রচিত হয়। এটা জোর করে করতে হবে না, তাদের অপকর্মের মাত্রা এতটাই বেশি যে মানুষ মন থেকে সেটা উপলব্ধি করেই তাদের প্রত্যাখ্যান করবে।"
জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে সমান মর্যাদায় মূল্যায়ন করে তাদের স্মৃতিস্মারক পর্যায়ক্রমে স্থায়ী জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি জানান, সংগৃহীত স্মারক যাতে কোনোভাবেই অবহেলিত না থাকে, সেজন্য ঘূর্ণায়মান (রোটেশনাল) পদ্ধতিতে প্রদর্শনী চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এই সীমাবদ্ধতা দূর করতে জাদুঘরের অন্তত দু’টি কক্ষ নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে, যেখানে চক্রাকারে (রোটেট করে) প্রতি ১৫ দিন বা ১ মাস পরপর একেক দলের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। এতে প্রতিটি শহীদ পরিবারের স্মারক দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হওয়ার সুযোগ পাবে। এছাড়া, জাদুঘরের ব্যবস্থাপনা ও পরিসর আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: স্পিকার: ১৯৭১ সালে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমাদের কাছে সংরক্ষিত হয়েছে।
তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। এই সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন