মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৪ পি.এম
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এবং একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন সংক্রান্ত দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা অবশেষে সমাধান হয়েছে। ২০২২ সাল থেকে বিভিন্ন দপ্তরে ঘুরে বারবার ব্যর্থ হওয়ার পর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের তাৎক্ষণিক হস্তক্ষেপে এবং ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে এটি দ্রুততার সাথে সমাধান করা সম্ভব হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার দীর্ঘ দিনের বঞ্চনা ও আক্ষেপের অবসান ঘটেছে।
১৬ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে গেজেটে ভুলভাবে আসা নামের পরিবর্তে, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম সরকারি তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় অস্ত্র জমা রেখে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করেছিল। ক্রীড়াঙ্গনের এই গর্বিত ও উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। ফুটবল ফেডারেশনের সমস্ত দলিল-দস্তাবেজে তার নাম সঠিক থাকলেও, সরকারি গেজেটে ভুলবশত 'পবিন্দ কুন্ড, পিতা সুকুমার কুন্ড' নাম ও ভুল ঠিকানা অন্তর্ভুক্ত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ব্রাজিলের আমাজন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা হওয়া থেকে শুরু করে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল—এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়ে চলেছে। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।
এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি করে। এর ফলে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এল নিনো রেকর্ডের সবচেয়ে শক্তিশালী হতে পারে। আগামী ডিসেম্বর মাসে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ব্রাজিলে জরুরি অবস্থা
ব্রাজিলের পারা রাজ্যে তীব্র খরার কারণে আমাজন অববাহিকায় শত শত দাবানলের ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে রাজ্যটিতে ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে, যা ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে সংঘটিত দাবানলের সংখ্যার প্রায় সমান।
জরুরি অবস্থার আওতায় আমাজন অঞ্চলে চারণভূমি তৈরির জন্য আগুন দিয়ে বন ও জমি পরিষ্কার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজন বৈশ্বিক উষ্ণায়ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে, নভেম্বরের শুরুতে এল নিনোর প্রভাবে বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা ৯০ লাখের বেশি মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে পেরুতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
আইভরি কোস্টে কোকো উৎপাদন কমার আশঙ্কা
বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে চলতি বছরের এল নিনোর প্রভাবে কোকো উৎপাদন এক-চতুর্থাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, পানির ঘাটতি এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে কোকো উৎপাদন ২১ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর প্রভাবে দেশটিতে বৃষ্টিপাত ১০ থেকে ২৭ শতাংশ কমতে পারে। পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হবে।
এটি কোকোর অপরিপক্ব ফল সময়ের আগেই শুকিয়ে যাওয়ার এবং গাছের পাতা ঝরে পড়ার কারণ হতে পারে। ফলে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।
এল নিনো নিয়ে আবহাওয়াবিজ্ঞানীদের পর্যবেক্ষণ
জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক পরিবেশের ধ্বংসের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়ে চলতি বছর ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বলে গবেষকরা জানিয়েছেন।
বিশ্ব আবহাওয়া বিশ্লেষণকারী গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ)-এর বিজ্ঞানীদের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে চরম বৃষ্টিপাতের ঘাটতির জন্য প্রধানত এল নিনো দায়ী।
গবেষকরা জানান, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এ ধরনের আবহাওয়াগত পরিস্থিতি তৈরির আশঙ্কাকে প্রায় তিন গুণ বাড়িয়ে দিয়েছে।
তাদের মতে, বন উজাড়, কৃষিজমি তৈরির জন্য পিটভূমির পানি নিষ্কাশন, খননকাজ এবং কাঠ আহরণও ভয়াবহ দাবানলের অন্যতম কারণ।
স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রায় ২৯ লাখ হেক্টর (৭১ লাখ একর) বনভূমি দাবানলে পুড়ে গেছে।
এখন ব্যবস্থা নিলে ব্যয় অর্ধেক কমবে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান শুক্রবার বলেছেন, এল নিনোর ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ নিলে পরে ব্যবস্থা নেওয়ার তুলনায় খরচ অর্ধেক কম হবে।
সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘এল নিনোর প্রভাব মোকাবিলায় এখনই ব্যবস্থা নিলে প্রয়োজন হবে ৩৬ বিলিয়ন ডলার। আর এখন ব্যবস্থা না নিলে এই ব্যয় বেড়ে ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে।’
তুরস্কে জাতিসংঘের জলবায়ু আলোচনার এক ফাঁকে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো—এল নিনো ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে কীভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে মানুষের জীবন, কৃষি উৎপাদন এবং অবকাঠামো রক্ষা করা সম্ভব।
খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, চলতি বছরের এল নিনোর কারণে সৃষ্ট খরা এবং বন্যায় এমন অনেক দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেগুলো আগে থেকেই তীব্র খাদ্যসংকটে ভুগছে।
সংস্থাটির চিহ্নিত সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ২২টি দেশের অর্ধেকেরও বেশি আফ্রিকায় অবস্থিত। বাকি দেশগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে ছড়িয়ে রয়েছে।
এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এএফপিকে বলেন, ‘জলবায়ুগত বিপর্যয় যখন আগে থেকেই বিদ্যমান দুর্বলতার সঙ্গে যুক্ত হয়, তখনই সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়।’
তিনি আরও বলেন, ‘যেসব দেশ ইতোমধ্যেই সংঘাত, অর্থনৈতিক সংকট, উচ্চ ঋণের বোঝা কিংবা কৃষি উপকরণের সীমিত প্রাপ্যতার সমস্যায় রয়েছে, সেখানে এল নিনো খাদ্যব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে।’
তার মতে, এর ফলে আরও বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারেন।
তোরেরো বলেন, খাদ্যপণ্য এবং গবাদিপশু রক্ষা করা এবং পানির সরবরাহ নিশ্চিত করতে এল নিনোর সম্ভাব্য প্রভাব আগেভাগে মোকাবিলা করা জরুরি। তা না হলে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটে শীতের আমেজ শুরু হয়েছে। আকাশ হালকা থেকে মাঝারি কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। ভোরের সোনালি রোদ এবং কুয়াশার লুকোচুরি হিমেল বাতাসের মাধ্যমে শীতের আগমনী বার্তার কথা জানাচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন ফসলের মাঠ, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছায়া দৃশ্যমান হয়েছে।
সকালের ঠাণ্ডা হাওয়া এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে সন্ধ্যা নামলে পাড়া-মহল্লায় ভাপা-পুলি ও বিভিন্ন ধরনের পিঠা তৈরির কাজে মৌসুমি ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে গেছে। ভোরের কুয়াশা, ঠাণ্ডা হাওয়া এবং পিঠা-পুলির জমজমাট আয়োজন শীতকালের আগমনী বার্তার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। কৃষক ও শ্রমিকরা সকালে গরম কাপড়ে আচ্ছাদিত হয়ে ফসলের মাঠে কাজ করছেন। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যার পর হিমেল বাতাসে ঠান্ডার প্রকোপ বাড়ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে।
ঋতু পরিবর্তনের এই সময়ে শীতজনিত রোগবালাই থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল।
তিনি বলেছেন, ‘ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনে গরম এবং রাত ও ভোরে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এ সময় আবহাওয়ার তারতম্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে’। তাই এখন থেকেই সবাইকে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি খোলা ও বাসি খাবার পরিহার, বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কি সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব? অনেকেই আছেন, যাদের সঙ্গে বছরের পর বছর কথা হয় না। কেউ আবার অনলাইনে এমন পোস্ট ও মন্তব্য করেন, যা দেখে বিরক্তি কিংবা মানসিক অস্বস্তি অনুভূত হয়। তবুও, পরিচিত বলে অনেকেই তাদের বন্ধুতালিকায় রেখে দেন। আজ ১৭ নভেম্বর, আনফ্রেন্ড দিবস, সেই তালিকা নতুন করে সাজানোর সুযোগ।
প্রতি বছর ১৭ নভেম্বর আনফ্রেন্ড দিবস পালন করা হয়। এই দিনের মূল উদ্দেশ্য হলো সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা পর্যালোচনা করা এবং যাদের সঙ্গে যোগাযোগ নেই বা যাদের অনলাইন উপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলে, তাদের বাদ দেওয়া। এর মাধ্যমে নিজের অনলাইন জগৎকে আরও সুন্দর ও ইতিবাচক করে তোলার পাশাপাশি মানসিক স্বস্তি বাড়ানোর আহ্বান জানানো হয়।
যেভাবে শুরু আনফ্রেন্ড দিবস
২০১০ সালের ১৭ নভেম্বর মার্কিন উপস্থাপক জিমি কিমেল তার জনপ্রিয় রাতের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ আনফ্রেন্ড দিবস পালনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুত্বের সংখ্যা কমানোর বিষয়টি তিনি মজার ছলে তুলে ধরেন।
তিনি বলেন, "স্কুলজীবনের এমন বন্ধু, যার সঙ্গে ২০ বছর ধরে কথা হয় না, কিংবা কোনো অনুষ্ঠানে পরিচিত হওয়া অপরিচিত মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু হিসেবে রাখার প্রয়োজন কতটুকু?"
এভাবে অনলাইনে অসংখ্য বন্ধুত্ব জমিয়ে রাখার প্রবণতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি হয়। পরে ১৭ নভেম্বর দিনটি আনফ্রেন্ড দিবস হিসেবে পরিচিতি পায়।
কেন আনফ্রেন্ড করবেন?
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বেশি হলেই যে সম্পর্কের গভীরতা বেশি হবে, তা নয়। বরং অপ্রয়োজনীয় সংযোগ অনেক সময় মানসিক অস্বস্তি, বিরক্তি ও উদ্বেগ বাড়াতে পারে।
যাদের পোস্ট নিয়মিত নেতিবাচক চিন্তা বা মানসিক চাপ তৈরি করে, তাদের অনলাইন উপস্থিতি থেকে দূরে থাকা যেতে পারে। এতে অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি ও পোস্ট দেখার সময় কমবে। নিজের কাজ, পরিবার ও গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ বাড়বে।
এছাড়া অন্যের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে অতিরিক্ত ব্যস্ত না থেকে নিজের জীবনেও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে।
আনফ্রেন্ড দিবস যেভাবে পালন করবেন
দিনটি পালনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। কয়েকটি সহজ অভ্যাসের মাধ্যমে নিজের অনলাইন জগৎ নতুন করে সাজাতে পারেন।
১. বন্ধুতালিকা পর্যালোচনা করুন
সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা একবার দেখে নিন। কার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, কার সঙ্গে দীর্ঘদিন কথা নেই এবং কাদের পোস্ট আপনার ভালো লাগে না, তা বিবেচনা করুন। শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য কাউকে বন্ধুতালিকায় রাখার প্রয়োজন নেই।
২. বাস্তব জীবনের বন্ধুদের সময় দিন
অনলাইনে সময় কাটানোর পরিবর্তে কাছের বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করুন। একসঙ্গে চা পান, সিনেমা দেখা কিংবা গল্প করার আয়োজন করতে পারেন। শুধুমাত্র অনলাইনে পছন্দের চিহ্ন দেওয়া নয়, বাস্তব জীবনের সম্পর্কগুলোও যত্নে রাখা জরুরি।
৩. ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক আলাদা রাখুন
অনেক সময় ব্যক্তিগত ও পেশাগত পরিচিতদের একই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত রাখা হয়। যাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখার প্রয়োজন নেই, তাদের পেশাগত যোগাযোগের জন্য পেশাজীবীদের উপযোগী আলাদা মাধ্যমে যুক্ত রাখতে পারেন। এতে ব্যক্তিগত পরিসর বজায় রাখা সহজ হবে।
৪. নেতিবাচক প্রভাব ফেলে এমন সংযোগ বাদ দিন
কোনো ব্যক্তির পোস্ট বা মন্তব্য যদি নিয়মিত বিরক্তি, মানসিক চাপ কিংবা অস্বস্তি তৈরি করে, তাহলে তাকে বন্ধুতালিকা থেকে বাদ দিতে পারেন। নিজের মানসিক স্বস্তিকে গুরুত্ব দেওয়া জরুরি।
৫. অনলাইন থেকে কিছুটা বিরতি নিন
শুধু বন্ধুতালিকা ছোট করাই নয়, চাইলে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও বিরতি নিতে পারেন। ফোনের অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি বন্ধ রাখুন। এতে নিজের কাজ ও আশপাশের মানুষের প্রতি মনোযোগ বাড়বে।
আনফ্রেন্ড দিবস কেন গুরুত্বপূর্ণ?
আনফ্রেন্ড দিবস মূলত অনলাইন সম্পর্কের সংখ্যা নয়, বরং সম্পর্কের গুরুত্ব বোঝার একটি উপলক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত মানুষের সঙ্গে যুক্ত থাকলেও সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।
এজন্য নিজের অনলাইন পরিসরকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়া, অপ্রয়োজনীয় সংযোগ কমানো এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়াই দিনটির মূল বার্তা।
মনে রাখতে হবে, কাউকে বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া মানে তাকে অসম্মান করা নয়। বরং নিজের সময়, মানসিক স্বস্তি ও ব্যক্তিগত পরিসরের প্রতি যত্নশীল হওয়ার একটি উপায় হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলার পরদিন, ইউক্রেন আবারও ক্রিমিয়ার কের্চ সেতুতে হামলা চালিয়েছে। এই হামলার ফলে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ হামলায় বিদ্যুৎ, পানি এবং তাপ সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দিন সোমবার, ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে। সেতুটি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়া ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
ইউক্রেনের দাবি, সামরিক দিক থেকে সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত। এর আগে অন্তত দুবার কিয়েভ সেতুটিকে ধ্বংস করার চেষ্টা করেছে।
এর আগে সোমবার রাতে কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে রুশ বাহিনী হামলা চালায়। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।
সোমবার মধ্যরাতের কিছু আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ