ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেড়েছে


অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেড়েছে

কিশোরগঞ্জ জেলা সদর এবং রাজধানীর সঙ্গে সংযুক্ত হাওরবেষ্টিত উপজেলার মানুষের জন্য প্রথম সড়কপথ হিসেবে ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৪ সালে চালু হওয়া এই ডুবো সড়কটির নির্মাণের তিন বছরের মধ্যে প্রায় ৯ কিলোমিটার অংশে সংস্কার করতে বাধ্য হতে হয়। বর্তমানে সংস্কারের অংশগুলোর মধ্যে শত শত খানাখন্দ সৃষ্টি হয়েছে।

প্রতিদিন এসব স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ভাঙা সড়কে যানবাহনের কম গতিতে চলাচল এবং ঝাঁকুনির কারণে তিন উপজেলার হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

অষ্টগ্রাম উপজেলার জেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপনে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে ২০১১-২০১৪ মেয়াদে তিনটি সেতুসহ ১২৬ কোটি টাকা বরাদ্দে নির্মিত হয় ১৭ কিলোমিটার দৈর্ঘ্যের ‘অষ্টগ্রাম-বাজিতপুর’ ডুবো সড়ক।

আরও পড়ুন: ভোটের জন্য নয়, সেবার ব্রত নিয়ে হোসেনপুরে ভাঙা কাঠের সেতু সংস্কার করলেন জাহাঙ্গীর আলম রতন

বর্ষা মৌসুমে সড়কটি পানির নিচে চলে যায় এবং শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়। এ কারণেই এর নামকরণ করা হয়েছে ডুবো সড়ক।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল, এমবিইএল ও জেআই জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ১৭ কিলোমিটার অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়ক নির্মাণের জন্য কার্যাদেশ পেলেও প্রকল্পটি বাস্তবায়ন করে ঢাকার এক্সপেক্ট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেড ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত।

এই সড়কটি তিনটি হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের কয়েক লাখ মানুষের জন্য জেলা সদর, ঢাকা-চট্টগ্রাম-ভৈরব-ময়মনসিংহসহ শহরাঞ্চলে যাওয়ার প্রধান সড়ক। প্রতিদিন এই পথে রোগীসহ কয়েক হাজার মানুষের যাতায়াত এবং তিন উপজেলার বিভিন্ন হাটবাজারের পণ্য পরিবহন করা হয়।

দুই বছর ধরে সড়কের প্রায় ৯ কিলোমিটার এলাকায় কংক্রিট উঠে গিয়ে ভাঙন ও খানাখন্দের কারণে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে।

আরও পড়ুন: পদ্মমুখ ঝিরিতে ৫৫ বছরে হয়নি স্থায়ী সেতু, স্থানীয়দের ক্ষোভ

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর থেকে কারানল সেতুর পূর্ব প্রান্ত এবং বাজিতপুর উপজেলার হুমায়ুনপুরের পাঁচরাস্তার মাথা থেকে হুমায়ুনপুর মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের দুই-তিন বছরের মধ্যে ৯ কিলোমিটার সড়কের সংস্কার করা হয়। আরসিসি ঢালাইয়ের ওপর এক-দেড় ইঞ্চি পুরুত্বের সিসি ঢালাই দিয়ে সংস্কার করা হয়। সেই সিসি ঢালাইয়ের পাথর-কংক্রিট-বালু উঠে খাঁজকাটা খানাখন্দের সৃষ্টি হচ্ছে। সংস্কার করা স্থানেই দুই বছর ধরে শুরু হয়েছে ভাঙন।

একসময় সড়কটি দিয়ে প্রতিদিন অটোরিকশা চালাতেন রাজম আলী(৫১)। তিনি বলেন, ‘অহন এই পথে গাড়ি লইয়া গেলে থেকনার কারণে গাড়ির সাথে নিজেরও জান শেষ। আমরা চাই তারাতারি সড়ক মেরামত করুক, না হইলে ওপরের ডালাই (সিসি ঢালাই) তুইলা দেক। তাতে সড়ক একটু সমান হইব, গাড়ি চালাইয়া কিছুটা হইলেও শান্তি পামু।’

জহুরুল ইসলাম মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাড়ি (অষ্টগ্রাম) ফেরার পথে ফদিরা বেগম বলেন, ‘বাবারে, অটোত বইলে (বসলে) থেহানের (ঝাঁকুনির) কারণে সারা শরীর বিষ (ব্যথা) করে। এই রাস্তাডা ঠিক না করালে আমরা চলতে পারতাম (পারব) না।’

আরও পড়ুন: শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আজিম উদ্দিন মণ্ডলের মৃত্যু

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানায়, ‘অষ্টগ্রাম-বাজিতপুর ডুবো সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশা করি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

সড়ক ও জনপথ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘আমি যতটুকু জানি, এই সড়কে আলাদা করে সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। সড়ক নির্মাণ প্রকল্পটির মেয়াদ ছিল ২০১৮ সাল পর্যন্ত। সম্ভবত সেই ঠিকাদারি প্রতিষ্ঠানই মেরামত করেছিল। তবে খানাখন্দের কারণে মানুষের ভোগান্তির কথা জেনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের জন্য পাঠানো হবে, যাতে করে অন্তত সাময়িক মেরামত করে হলেও সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা যায়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

আরও পড়ুন: কুমিল্লায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগারে মাদুরোর ধর্মচর্চা, বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


কারাগারে মাদুরোর ধর্মচর্চা, বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ

বিচারের জন্য অপেক্ষা করছেন ব্রুকলিনের কারাগারে আটক ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ার মাধ্যমে সময় কাটাচ্ছেন। বিভিন্ন ধর্মের ধর্মযাজকদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি, যাদের মধ্যে একজন ইহুদি রাব্বি রয়েছেন। কারাগারে অবস্থানকালে তার ওজনও কমে গেছে।

যুক্তরাষ্ট্রের বাহিনী নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে তিনি নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি আছেন। সেখানে তিনি অবসর সময়ের একটি বড় অংশ ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পাঠে ব্যয় করছেন।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মাদুরোর কারাজীবন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি জানান, কারাগারে থাকা অবস্থায় আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি তার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তবে কারা কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তারা প্রকাশ্যে কথা বলতে চাননি।

মাদুরো বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বি অন্তর্ভুক্ত রয়েছে।

মাদুরো দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী। তিনি প্রকাশ্যে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা উল্লেখ করেছেন। তার দাবি, পূর্বপুরুষেরা সেফার্দি ইহুদি সম্প্রদায়ের সদস্য ছিলেন, যারা গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ অঞ্চল থেকে ভেনেজুয়েলায় অভিবাসন করেছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের মতে, আটকের আগে ইহুদি ধর্মের প্রতি তার বিশেষ আগ্রহের কথা জানা যায়নি।

যখন মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন, তখন দেশটিতে ব্যাপক খাদ্যসংকট দেখা দেয়। ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতে গিয়ে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে মার্কিন নাগরিকও ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে মাদুরোর আইনজীবী দল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রেসিডেন্ট থাকাকালে ভেনেজুয়েলার দ্রুত সম্প্রসারিত ইভানজেলিক্যাল খ্রিষ্টান জনগণের সমর্থন পেতে মাদুরো উদ্যোগী ছিলেন। তিনি নিজে ক্যাথলিক ধর্মাবলম্বী হলেও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এক যাজকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


আজ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে আজ (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

বোর্ডের সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে তারা আজ প্রস্তাব জমা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, "সভায় উপস্থাপনের জন্য আমরা এখনো ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছি।" বিভিন্ন শ্রমিক সংগঠন ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাবের ভিত্তিতে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করা হবে।

বাবুল আখতার আরও জানান, শ্রমিকদের বর্তমান দাবি অনুযায়ী প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা অথবা এর চেয়েও বেশি হতে পারে। বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানিয়েছেন, শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার নাও হতে পারে।

এর আগে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।

দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর সেটির বিভিন্ন দিক, মজুরির যৌক্তিকতা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আলোচনা হবে। প্রস্তাবের কোনো বিষয়ে সংশোধন বা আরও উন্নয়নের প্রয়োজন হলে সে বিষয়েও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে বোর্ড।

উল্লেখ্য, বিদ্যমান বেতন কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষিতে তাদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরিরামপুরে জমি বিরোধে হামলায় নারী নিহত, হত্যা মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


হরিরামপুরে জমি বিরোধে হামলায় নারী নিহত, হত্যা মামলা দায়ের

মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের ফলে মারধরের ঘটনায় ৫৫ বছর বয়সী ময়না বেগমের মৃত্যু হয়েছে।

‎

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী ছিলেন।

‎

নিহতের ভাই আব্দুল কালাম রাতেই তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, উপজেলার বলরা ইউনিয়নের কোকরহাটি গ্রামের মৃত আয়ুব আলী মন্ডলের ছেলে মো. চঞ্চল মন্ডল (৩৮), চঞ্চল মন্ডলের স্ত্রী মোছা. জাহেরা (৩২) এবং মৃত আয়ুব আলী মন্ডলের হালিমা বেগম (৬৫)।

‎

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে চঞ্চল (৪০) নামের এক যুবককে আটক করে। পরে আরো দুজনকে আটক করা হয়।

‎

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের কারণে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল, তার স্ত্রী হালিমা বেগম এবং চঞ্চলের স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে ময়না বেগমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়, যার ফলে ময়না বেগম আহত হন। পরে তার স্বজনেরা তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎

হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক আজম এ বিষয়ে জানান, জমিজমা বিরোধের ঘটনা সম্পর্কে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


টঙ্গীতে মাদরাসায় ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

গাজীপুরের টঙ্গীর আলোচিত ‘ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায়’ হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত শাহজালাল রুমি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদরাসা শিক্ষা ও আলেম-ওলামাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

হাইকোর্ট তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, মামলার অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া এবং কারাবন্দি শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আলেম-ওলামারা। এর প্রতিবাদে আজ সোমবার সকালে গাজীপুর জেলা জজ আদালত সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ক্বারী আলমাছ হোসেন গাজীপুরী অভিযোগ করেন, মাদরাসায় কোনো ধরনের ‘চুমুকাণ্ড’ ঘটেনি। তিনি দাবি করেন, সম্পূর্ণ সাজানো ও মিথ্যা অভিযোগ তুলে শাহজালাল রুমি পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত ও ক্যামেরাম্যান নিয়ে মাদরাসায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে ঘটনার দৃশ্য ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশের মাদরাসা শিক্ষা ও আলেম সমাজকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, জামিনে মুক্ত হওয়ার পরও রুমি একই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে, মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়া এবং শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা। সম্মিলিত ওলামা পরিষদের নেতা মাওলানা কেরামত আলী বলেন, "কোনো বস্তুনিষ্ঠ তথ্য-প্রমাণ ছাড়াই একজন শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। অথচ মাদরাসায় প্রকাশ্যে হামলা, ভাঙচুর এবং শিক্ষক-কর্মচারীদের মারধরের দৃশ্য দেশবাসী দেখেছেন। এরপরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না।"

তিনি অভিযোগ করেন, শাহজালাল রুমি ও তাঁর সহযোগীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আলেম-ওলামাদের হুমকি দিচ্ছেন। এ পরিস্থিতিতে কারাবন্দি শিক্ষক মোসলেম উদ্দিনের মুক্তি এবং হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার জেলা জজ আদালত সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, "মাদরাসায় হামলা, ভাঙচুরের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। অতি দ্রুতই আসামীদের গ্রেপ্তার অভিযান চালানো হবে।"

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%