শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩৭ পি.এম
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ২০২৬-২৭ অর্থ বছরের বিভিন্ন খাতের বাজেট বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার ব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, ওই কার্যালয়ের সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হক বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী ক্রয়, কম্পিউটার মেরামত, মনহারি পণ্য এবং বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের জন্য সরকারি বরাদ্দের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এর আগে, নৌযান শুমারি কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার খাবার টাকার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে গত ১৮ অক্টোবর তাকে চরফ্যাশন উপজেলায় বদলি করা হয়। ২৯ অক্টোবর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় ত্যাগ করার পর বরাদ্দের টাকা আত্মসাতের বিষয়টি আলোচনায় আসে।
দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, অফিস পরিচালনার জন্য চলতি অর্থ বছরে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থ বিভাগ। বরাদ্দ ছাড়ের ৭ দিনের মধ্যে মনহারি বাবদ ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী বাবদ ১৮ হাজার, অনুষ্ঠান ও উৎস বাবদ ১৪ হাজার, বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার, আসবাবপত্র মেরামত বাবদ ৩ হাজার এবং বইপত্র বাবদ ১৭শ টাকা সহ বিভিন্ন খাতের বরাদ্দের টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করেন মনিরুল হক।
নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত অফিস পরিচালনার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের টাকা দিয়ে পুরো অর্থ বছর অফিস পরিচালনা করতে হবে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে একসাথে ভুয়া বিল ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, চলতি অর্থ বছরে পরিসংখ্যান অফিসে কোনো অনুষ্ঠান বা উৎসব অনুষ্ঠিত হয়নি। এমনকি পরিসংখ্যান দিবসও উপজেলায় অনুষ্ঠিত হয়নি। এরপরেও অনুষ্ঠান ও উৎসব খাতের ১৪ হাজার টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করা হয়। যার পুরো টাকাই আত্মসাৎ করেন মনিরুল।
অপরদিকে, প্রতি অর্থবছরে বিদ্যুৎ বিলের বরাদ্দের টাকা উত্তোলন করা হয়। তবে প্রায় তিন বছরের ৮,৩১৭ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। প্রতি অর্থ বছরেই বিদ্যুৎ বিলের বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও বছরের পর বছর ধরে বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করে টাকা আত্মসাৎ করেন। বার বার পল্লী বিদ্যুৎ অফিস থেকে নোটিশ দেওয়া হলেও তিনি বিল পরিশোধ করেননি। সবশেষ ২০২৬-২৭ অর্থ বছরে বিদ্যুৎ বিল বাবদ ৬ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন করেন। তবে সেই বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ না করেই বদলি জনিত কারণে কর্মস্থল ত্যাগ করেন। এবিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার বিদ্যুৎ ৬ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এখনও ২৩১৭ টাকা বাকি রয়েছে। এদিকে, মনহারি খাতের ৩০ হাজার, কম্পিউটার সামগ্রী খাতের ১৮ হাজার, কম্পিউটার মেরামত বাবদ ৪ হাজার সহ বিভিন্ন খাতের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ উঠেছে।
পুরো এক বছরের টাকা ভুয়া বিল ভাউচার দিয়ে একদিনে উত্তোলনের বিষয়ে জানতে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গেলে কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা জুনিয়র পরিসংখ্যান সহকারী রাবেয়া বেগম ও চেইনম্যান আনোয়ার হোসেন বলেন, ‘বরাদ্দের টাকা উত্তোলনের বিষয়ে আমড়া কিছু জানি না। যিনি দায়িত্বে ছিলেন তিনিই ভালো বলতে পারবেন।
বরাদ্দের টাকা আত্মাসাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনিরুল হক বলেন, কোনো টাকা আত্মসাৎ করিনি। কিছু বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। পরে গত মঙ্গলবার তা পরিশোধ করে দিয়েছি। এ বিষয়ে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক নাজমুল হক বলেন, 'বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। যদি আত্মসাতের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শওকত হাসান দুলাল মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক এবং উন্নত খাঞ্জাপুর ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার বিকেলে, পশ্চিম বয়সা গ্রামের মরহুম আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়িতে ‘খাঞ্জাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে শওকত হাসান দুলালের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. জবেদ আলী গাজি। সভায় প্রবীণ সমাজসেবক মো. আজিজুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ শওকত হাসান দুলাল, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ হাওলাদার, ইঞ্জিনিয়ার মোস্তাক আহম্মেদ, সাবেক চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মিয়ার একমাত্র ছেলে আসিফ মাহমুদ নিসু, মো. রায়হান মিয়া এবং অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা খাঞ্জাপুর ইউনিয়নের উন্নয়ন, জনসেবা, সামাজিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শওকত হাসান দুলালের প্রতি সমর্থন জানিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার মো. মোমিনুল হক মানিক খান। মতবিনিময় সভায় খাঞ্জাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। এই অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া মো. জুবায়ের মিয়া বরিশালের উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ.
মান্নানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ আট বছরের বিরতির পর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত দেশের ৫ জেলার ১৬৭টি চা-বাগানের ১ লাখ ৫৩ জন ভোটার ২৩০টি ভোটকেন্দ্রের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী জেলাগুলো হলো-- সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানা গেছে, ভোটাররা কেন্দ্রীয় কমিটি ও ভ্যালি কমিটি মিলিয়ে মোট ৩০ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, মৌলভীবাজার জেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮৭ জন চূড়ান্ত ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে রয়েছেন ১৮ হাজার ৮২২ জন ভোটার। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সর্বাধিক পঞ্চায়েত ও ভোটার রয়েছে।
শ্রীমঙ্গলের উপপরিচালক (শ্রম) মহব্বত হোসেন জানিয়েছেন, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি জেলার জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান জানিয়েছেন, ভোটাররা যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চা-শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শুধু আইন প্রণয়ন করে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। নারীদের সচেতন হতে হবে এবং নিজেদের অধিকার সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। সামাজিকভাবে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এমন মন্তব্য করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনও সঞ্জীব সরকার বলেন, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের আহ্বানে যারা একত্রিত হয়েছেন, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। শুধু আলোচনা শুনলে হবে না, এসব আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবে প্রয়োগ করতে হবে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে নারীদের নামে অর্থ আসবে, ফলে পরিবারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ও ভূমিকা আরও বৃদ্ধি পাবে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, সংগঠনটি সংঘাত ও সংঘর্ষের বিরুদ্ধে কাজ করছে। রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, সাংবাদিক, সুশীল সমাজ ও নারীদের সম্পৃক্ত করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে।
আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে। সব মিলিয়ে দিরাই উপজেলায় সংস্থাটি অনেক ভালো কাজ করেছে। আমি নিজেও অধিকাংশ সভায় উপস্থিত থাকার চেষ্টা করেছি। দিরাই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ওয়েভের সদস্য ছবি চৌধুরীর সভাপতিত্বে এবং দূরপতি নন্দীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিরাই পিএফজির অ্যাম্বাসেডর গোলাপ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইনচার্জ লক্ষ্মী রানি তালুকদার লাকী, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দিরাই পিএফজির কো-অর্ডিনেটর শামছুল ইসলাম সরদার খেজুর এবং শিক্ষিকা রুবেনা আক্তার।
স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। বক্তব্য দেন ওয়েভের যুগ্ম সমন্বয়কারী হাফছা বেগম, সদস্য মজিদা খাতুন, ফরিদা বেগম, রুফিয়া বেগম, রাহেলা আক্তার, রুফিয়া খাতুন, লিলি বেগম ও হেনা বেগমসহ ওয়েভ ও ইয়ুথের সদস্যরা। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন এবারের এইচএসসি পরীক্ষায় এপ্লাস প্রার্থী শিক্ষার্থী নিলুফা জামান। অনুষ্ঠানের শেষপর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং সফল নারী উদ্যোক্তাদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ