০১:৩৯ এম
বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা প্রদান করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’র প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ
মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের উন্নয়নে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে সংঘটিত বার্ড হিটের তথ্য যাচাই-বাছাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, "উদ্ভূত সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পাখি নিয়ন্ত্রণ করতে হবে।" পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, "নিরাপদ উড্ডয়ন এলাকা (সেফ ফ্লাই জোন) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমের সমন্বয় জোরদার করতে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন