বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪১ এম
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঘুস লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মাত্র ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
বুধবার (১১ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই বক্তব্য দেন।
পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের পুরো অংশ শোনা হলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক ছিলেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য সঠিক ছিল। তবে, তিনি ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
ইশরাক হোসেন আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে এটিকে সমর্থন করা হয় না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।
এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার যদি তার লভ্যাংশ থেকে খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, তাহলে এটি ঘুসের মধ্যে পড়বে না। তিনি বলেন, সিনিয়র সচিব একদিন তাকে বলেছিলেন যে, একজন ইঞ্জিনিয়ারের ঘুস খাওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান ঠিক করে নেওয়ার পর ঠিকাদারের প্রফিট কাজের মধ্যেই ধরা থাকে।
তিনি আরও বলেন, কীভাবে ঠিকাদারের কাজটি দ্রুত বুঝে নিয়ে বিল টিল দেওয়ার পরে ঠিকাদার তার লভ্যাংশ থেকে খুশি হয়ে একটি উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটি ঘুসের মধ্যে পড়বে না। এটি গ্রহণ করা যেতে পারে। সেই জায়গাগুলোতে আমাদের নতুন করে চিন্তা করার সময় এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা ও মানসিক চাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ২০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাত্র ১০ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছেন ৯ জন। এর আগে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করেছেন আরো ১১ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও সংকলিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে আঁচল ফাউন্ডেশন।
প্রতিবেদন অনুযায়ী, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আত্মহত্যা করা ৯ শিক্ষার্থীর মধ্যে ৫ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী। বিভাগ ও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, খুলনা বিভাগে আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এ বিভাগের সাতক্ষীরা, মাগুরা, যশোর ও বাগেরহাট জেলায় মোট ৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এছাড়া, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ঢাকা বিভাগের গাজীপুর এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলায় একটি করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক সংবাদ প্রতিবেদন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব ঘটনার পেছনে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, প্রত্যাশিত ফল অর্জন করতে না পারা, পারিবারিক চাপ, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং ফলাফল নিয়ে তীব্র হতাশার মতো বিষয়গুলো কাজ করেছে।
আঁচল ফাউন্ডেশনের মতে, পরীক্ষার ফলাফলকে জীবনের সাফল্য-ব্যর্থতার একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করার প্রবণতা শিক্ষার্থীদের মানসিক সংকটকে আরো গভীর করে তুলছে। প্রত্যাশিত ফল না পেলে অনেক শিক্ষার্থী পরিবার ও সমাজের নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় মানসিকভাবে ভেঙে পড়েন। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ এবং পরীক্ষার ফল প্রকাশের পর তৈরি হওয়া মানসিক সংকট মোকাবিলায় প্রতিবেদনটিতে সাত দফা সুপারিশ করেছে আঁচল ফাউন্ডেশন।
সুপারিশগুলো হলো, পরীক্ষার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শসেবা নিশ্চিত করা। পরীক্ষায় অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অপমান, ভর্ৎসনা কিংবা অন্য শিক্ষার্থীর সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকতে হবে।
পরীক্ষায় অকৃতকার্য হওয়াকে জীবনের ব্যর্থতা হিসেবে না দেখার বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সহায়তা কার্যক্রম চালু করতে হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য, গোপনীয় ও বিনামূল্যের মানসিক স্বাস্থ্য পরামর্শসেবা এবং জরুরি সহায়তা ব্যবস্থা সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। আবেগ নিয়ন্ত্রণ, হতাশা মোকাবিলা, সমস্যা সমাধান এবং প্রয়োজনে অন্যের সহায়তা চাওয়ার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।
সুপারিশে ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে আঁচল ফাউন্ডেশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়া সদরে অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর ইয়াবা পাচারের চেষ্টা করতে গিয়ে মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে বগুড়া সদরের টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর পুত্র।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে যে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
বাসটির টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর স্কুল ব্যাগ ও দেহ তল্লাশি করে একটি নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১৫টি পলি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের সাথে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে ঢাকায় পর্তুগালের স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠা এবং সরাসরি বিমান চলাচলের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) লিসবনে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ডোমিংগোস ফেজাস ভাইটালের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসানের একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকায় পর্তুগিজ দূতাবাস খোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এটি বাস্তবায়িত হলে ভিসা জটিলতা দূরীকরণ হবে এবং উচ্চশিক্ষা, ব্যবসা ও পারিবারিক পুনর্মিলন অনেক সহজ হবে। এছাড়া, ঢাকা থেকে লিসবনে সরাসরি ফ্লাইট চালু হলে তৃতীয় দেশে ট্রানজিটের ভোগান্তি কমে যাবে এবং সময় সাশ্রয় হবে বলে আলোচনা হয়। উভয় দেশ দ্বিপাক্ষিক গতিশীলতা চুক্তির আওতায় দক্ষ জনশক্তি প্রেরণ, প্রবাসীদের কল্যাণ এবং বাণিজ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এটি উল্লেখযোগ্য যে, ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০১২ সালে লিসবনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্ক একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যা এই বৈঠকের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাদের দাবি ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা শত শত যাত্রীর ভোগান্তির কারণ হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মৌচাক আমবাগান এলাকায় জড়ো হন। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত হন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তারা অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি হলো, তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা দ্রুত কার্যকর করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ