সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:১৮ এম
নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হিসেবে গণ্য হয়। এজন্য নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত প্রয়োজনীয়।
ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুযায়ী নিম্নরূপ নির্ধারিত হয়েছে-
জোহর- ১১:৫০ মিনিট
আসর- ০৪:০৮ মিনিট
মাগরিব- ০৫:৫০ মিনিট
এশা- ০৭:০৪ মিনিট
উল্লিখিত সময়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের সময় যোগ-বিয়োগ করার প্রয়োজন হলে, সেগুলো নিম্নরূপ-
যোগ করতে হবে:
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর একাধিক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রোববার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশে গাছের ডালপালা কাটার জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক্ষেত্রে বিদ্যুৎ বন্ধ থাকবে এমন এলাকাগুলো হলো, কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া এবং এর আশপাশের এলাকা।
যদি নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
অন্যদিকে, রাজশাহীর বেশ কিছু এলাকায় সোমবার পর্যায়ক্রমে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানায়, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সময়সূচি অনুযায়ী- সকাল ৭:৩০ থেকে ১০:০০ পর্যন্ত (আড়াই ঘণ্টা): ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া পর্যন্ত এলাকা। সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (৪ ঘণ্টা): সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনীয়তা প্রায় প্রতিদিনই অনুভূত হয়। তবে, মার্কেটে যাওয়ার পূর্বে সেই এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা থাকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ থাকবে, তা দেখে নিন।
যেসব এলাকার মার্কেট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা দুলাল হোসেন জানিয়েছেন, তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। সকালে খাদিজার মা কাজে ব্যস্ত ছিলেন। এই সময় শিশুটি অসাবধানতাবশত দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় অবস্থিত। বর্তমানে তারা বনানীর সাততলা বস্তিতে বসবাস করছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ খতিয়ে দেখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের পটিয়ায় বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তার দুই চাচাতো ভাই গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কাচাড়িপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পহেলা বড়ুয়া কোলাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা নন্দন বড়ুয়ার মেয়ে। সে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। আহত পার্থ বড়ুয়া (৭) একই এলাকার উদয়ন বড়ুয়ার ছেলে এবং তীর্থ বড়ুয়া (৫) ছোটন বড়ুয়ার ছেলে। তারা তিনজনই সম্পর্কে চাচাতো ভাই-বোন। পার্থ ও তীর্থ একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বাবার সঙ্গে নতুন মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিল পহেলা বড়ুয়া। তার সঙ্গে ছিল পার্থ ও তীর্থ। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই পহেলার মৃত্যু ঘটে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত পার্থ ও তীর্থকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তীর্থ বড়ুয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পার্থ বড়ুয়াকে নগরের পাঁচলাইশ এলাকার পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, সন্ধ্যার পর দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছাতেই বড়ুয়া পাড়ায় নেমে আসে শোকের ছায়া। যে শিশুটি বাবার নতুন মোটরসাইকেলে চড়ে কিছুটা সময় ঘুরে আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, সেই পহেলা ফিরল নিথর দেহ হয়ে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আহমেদ বলেন, নন্দন বড়ুয়া নতুন বাইকে করে মেয়ে ও দুই ভাতিজাকে নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলেন। এসময় পাচুরিয়ামুখী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক ট্রাকটি আটক করে কালারপুল পুলিশ ফাঁড়িতে নিয়ে জব্দ করা হয়। ট্রাকটির চালক মো. ইসমাইলকেও আটক করা হয়েছে।
কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে ফাঁড়িতে জব্দ করা হয়েছে। চালক মো. ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ