ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের


লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে লিবিয়ার উপকূলে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় জাতিসংঘ স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটি রাশিয়ার।

রোববার, বন্দরনগরী বেনগাজির উপকূলে হামলা সংঘটিত হয়। তবে হামলার দায় স্বীকার করার মতো কোনো পক্ষ এখন পর্যন্ত সামনে আসেনি। এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধের সম্মুখসারির বাইরেও রাশিয়ার বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে।

এএফপি’র খবর অনুযায়ী, লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি অবিলম্বে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: মায়ের হত্যা মামলার সাক্ষী কিশোরী সায়নী শিকারির মৃত্যু, বাবার বিরুদ্ধে অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মিশন জানায়, ‘লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো অবস্থায় নেই, আর দেশটিকে কোনোভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।’

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ড্রোন হামলায় রাশিয়ার একটি জাহাজ এবং অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্বিতীয় জাহাজটি কোন দেশের তা প্রাথমিকভাবে জানানো হয়নি। হামলার পর জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় জাহাজটি মাল্টার পতাকা বহন করছিল। পরে, লিবিয়ার আল-হাদাথ টেলিভিশন জানায়, বেনগাজির উপকূলে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলো বিস্ফোরকবোঝাই ১২টির বেশি সামুদ্রিক ড্রোন প্রতিহত করেছে।

এর আগে, শনিবার, বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ফিনল্যান্ডের জলসীমার কাছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, ওই হামলা ইউক্রেনের পক্ষ থেকে পরিচালিত হয়েছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ

রোববারের হামলার জন্য দায়ী পক্ষ সম্পর্কে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন কিছু জানায়নি। তবে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।’

এদিকে, সোমবার, ইউক্রেন জানিয়েছে, দেশটির কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবাসিক ভবন ও সুপারমার্কেটে হামলার শিকার ব্যক্তিরাও রয়েছেন।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে চলমান এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহর

আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, লিবিয়ার একটি নৌঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন লেগেছে। তবে পরে দেশটির পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানায়, বন্দরে নোঙর করে থাকা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘ধারণা করা হচ্ছে, জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি রাশিয়ায় ফিরে যাচ্ছিল। পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য সেটি বন্দরে থেমেছিল।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনার তদন্তে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। অন্যদিকে, রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার এক বিবৃতিতে বলেছে, বাইরের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাকে জড়িয়ে ফেলার ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন।

এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি জাহাজ ডুবে যায়। হামলার কারণে জাহাজটি ডুবেছে বলে দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেন।

আরও পড়ুন: অরুণাচল সীমান্তে ভারত-চীনের ১০ দিনের বৈঠক, স্থিতিশীলতার লক্ষ্যে আলোচনা

জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ ছিল। এই বহরের ট্যাংকারগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাস পরিবহন করে।

ইউক্রেন বিভিন্ন সময়ে রাশিয়ার এই গোপন নৌবহরের জাহাজে হামলার কথা স্বীকার করেছে। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরেও এ ধরনের হামলা চালানোর কথা জানায় কিয়েভ।

ত্রিপোলিভিত্তিক সরকার বলেছে, লিবিয়াকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সামরিক বা রসদ সরবরাহসংক্রান্ত কর্মকাণ্ডে লিবিয়ার ভূখণ্ড ব্যবহারেরও বিরোধিতা করে তারা।

২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত লিবিয়া। বর্তমানে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবার নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার, অন্যদিকে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থনপুষ্ট পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসন।

আরও পড়ুন: হরমুজ প্রণালি এখন সবচেয়ে বিপজ্জনক অবস্থায়

রোববার দিনের শুরুতে আল-মাসার টেলিভিশন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে একটি সামরিক স্থাপনায় উদ্ধার ও জরুরি সেবার দল মোতায়েন করা হয়েছে। পরে আল-হাদাথ টেলিভিশন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ওপর জোর দিলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ওপর জোর দিলেন কিম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে চায়। এই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

কিমের এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দেওয়ার কয়েক দিন পর এসেছে।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়।

নতুন নিয়োগ পাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে কিম এসব কথা বলেন। অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। সাধারণত রাষ্ট্রপ্রধানের পরিবর্তে সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা এই দায়িত্ব পালন করেন, তবে এবার কিম নিজেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম বলেছেন, ‘স্বাধীনতা, শান্তি ও বন্ধুত্বের আদর্শকে ধারণ করে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার নীতিতে অটল থেকে বিদেশি সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়ন করাই পিয়ংইয়ংয়ের কূটনৈতিক লক্ষ্য।’

গত সপ্তাহে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশ নিতে চীন সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার সেই প্রচেষ্টা সফল হয়নি।

বৃহস্পতিবার এশিয়া সফর শেষে দেশে ফিরে আসেন ট্রাম্প। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেও কিমের সঙ্গে তার দেখা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে কিম বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রত্যক্ষ করছে বিশ্ব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কে আমাদের উপলব্ধিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে।’

কিম উল্লেখ করেন, ‘উত্তর কোরিয়া আধিপত্য বিস্তার কিংবা ভূখণ্ড সম্প্রসারণের নীতি অনুসরণ করে না।’

এ সময় কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, আনুষ্ঠানিক পোশাক ও টাই পরা কিম রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করছেন। তার পাশে দাঁড়িয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।

অনুষ্ঠানে কিমের বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রত্যেক কূটনীতিকের সঙ্গে আলাদাভাবে ছবি তোলার দৃশ্যও কেসিএনএ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তাবে সাড়া না দিলেও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানাতে কিমের সরাসরি উপস্থিতিকে উত্তর কোরিয়ার কূটনৈতিক কৌশলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম উল-চুল এএফপিকে বলেন, ‘ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে বিচলিত না হয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানানোর মধ্য দিয়ে উত্তর কোরিয়া এমন এক কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত দিয়েছে, যাকে বহুমেরুকেন্দ্রিক ও সার্বভৌমত্বভিত্তিক কূটনীতি বলা যেতে পারে।’

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থাকে সক্রিয়ভাবে প্রভাবিত করার বিষয়ে কিমের আগ্রহও প্রকাশ পেয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে কিম ও তার মধ্যে কয়েক দফা শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে এসব বৈঠক থেকে কার্যকর কোনো চুক্তি হয়নি।

জাতিসংঘের কয়েক বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশটি আইন করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং পারমাণবিক অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে।

এ ছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠানোর মাধ্যমে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে পিয়ংইয়ং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত

জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, এই পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করার কারণে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার সকালে সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৪ নভেম্বর ব্যারিস্টার ফুয়াদের সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সেদিন উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করে।

এর আগে ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য ফুয়াদকে তলব করা হয়। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন যে, "ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে।" প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, এই বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত অবমাননার নোটিশ স্বপ্রণোদিতভাবে জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১, মামলা ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১, মামলা ৪০

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৪৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৭০ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৫০ জন, গুলশান বিভাগ থেকে ৩৩ জন, উত্তরা বিভাগ থেকে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), একটি জিপ গাড়ী, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন এবং একজন ভিকটিম।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%