ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরের মধ্যে সিইপিয়ের খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া


ডিসেম্বরের মধ্যে সিইপিয়ের খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়ে মতৈক্য হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত এবং আমদানি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন, যা জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগানোর জন্য সহায়ক হবে।

আরও পড়ুন: ‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া এবং বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশকে তাদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানের জন্য শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এ প্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুন: হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বাণিজ্যমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন এবং রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়। স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন তিনি।

এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন রাষ্ট্রদূত। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান এবং হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডাব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


গাজায় গণহত্যার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ

নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশাল এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার দাবি জানানো হয়েছে। আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্য অনুযায়ী, রোববারের এ কর্মসূচিতে দুই লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।

‘রেড লাইন’ নামের এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই লাল পোশাক পরিধান করেছিলেন। তাদের দাবি, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এছাড়া, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ, কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা মিছিল করে আমস্টারডামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং তাদের কণ্ঠে ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান শোনা যায়। বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বার্তা সংস্থা এপিকে বলেন, "গাজায় যা ঘটছে তা অমানবিক।" তিনি আরও বলেন, "নেদারল্যান্ডস সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি গুরুতর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না সরকার।"

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে, আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। নিহতদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।

২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, মার্চ থেকে লেবাননে ইসরাইলের যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে গত বছর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাসপার ভেল্ডকাম্প।

এরপর গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের নতুন সংখ্যালঘু জোট সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। এর জবাবে, নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি প্রত্যাহার করে ইসরাইল।

গত বছর রেড লাইন বিক্ষোভে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন অংশ নিয়েছিলেন, তবে রোববারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি। শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে ইয়েটেন বলেন, "গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন ও প্রতি সপ্তাহেই সরকার যথাসাধ্য চেষ্টা করছে।" তিনি আরও জানান, "গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে বকেয়া পরিশোধ না করায় বিআরটিসি বাসসেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


হাবিপ্রবিতে বকেয়া পরিশোধ না করায় বিআরটিসি বাসসেবা বন্ধ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহনপুলে যুক্ত তিনটি বিআরটিসি দ্বিতল বাস প্রায় পাঁচ মাসের বকেয়া পরিশোধ না করায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা বাসের ট্রিপ কমে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন।

দিনাজপুর বিআরটিসি বাস ডিপো এবং হাবিপ্রবি পরিবহন শাখার সূত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার সাথে প্রতিমাসে ট্রিপ সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট অর্থের চুক্তিতে তিনটি দ্বিতল বাস চলাচল করে আসছিল। কিন্তু গত জুন মাস থেকে প্রায় পাঁচ মাসের টাকা বকেয়া হয়ে যাওয়ায় বিআরটিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় পরিবহন শাখাকে বাস চলাচল বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে।

গত ৯ নভেম্বর (সোমবার) তিনটি দ্বিতল বাস বাদ দিয়ে নতুনভাবে বাস চলাচলের সময়সূচি প্রকাশ করে পরিবহন শাখা। এতে বাসের ট্রিপ কমে যাওয়ায় শিক্ষার্থীরা ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত বিআরটিসি বাস অন্তর্ভুক্তির দাবি জানিয়ে ট্রিপ সংখ্যা বাড়ানোর পক্ষে মতামত দিয়েছেন।

বিআরটিসি দিনাজপুর ডিপো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে টিএ ভরত চন্দ্র রায় জানান, জুন মাস থেকে নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত নিয়মিত এবং জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে সবমিলিয়ে ২৫ লক্ষ টাকার বেশি বকেয়া রয়েছে। এই কারণে নিয়মিত ট্রিপ চালানো সম্ভব হচ্ছে না।

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান এ বিষয়ে বলেন, বিআরটিসি বাসের বকেয়া হয়ে যাওয়ায় সাময়িকভাবে চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত এবং বিআরটিসি বাস পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। আজকের আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে আগামীকাল থেকেই পূর্বের শিডিউলে বাস চলাচল শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করার সময় পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে চুলার ধোঁয়া আসে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ স্বজনদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে জ্যোৎস্না বেগম মারা যান।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণের পর আজ আদালত এ রায় ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%