মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৬ পি.এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহিনীটির পক্ষ থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ হামলার কথা জানানো হয়েছে, যা দেশটির ইসা বিমানঘাঁটিতে সংঘটিত হয়েছে।
আইআরজিসি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ প্রতিরোধের উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।
সম্প্রতি, বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থার ওপর একাধিক হামলার দাবি করেছে ইরান। তবে এসব হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
অন্যদিকে, বাহরাইন জানিয়েছে যে, ইরানের পাঠানো ড্রোনগুলোর একটি দল আকাশে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে বাহরাইনের পক্ষ থেকে ইরানের সর্বশেষ হামলার দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সম্ভাব্য হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের মোবাইল ফোনে বার্তা পাঠানোর পর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে, ইসা বিমানঘাঁটির রাডার ব্যবস্থায় হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: আল-জাজিরা, এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ মতবিনিময় সভাটি সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ এবং উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনসুর আলী।
এছাড়া, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, আবু মোতালেব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, এরশাদ আলী ও মিজানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলা সদর এবং সান্তাহার পৌরসভার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির (SRB) সদস্যরা। এই অভিযানে ৫ জন চিহ্নিত দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে এই ঝটিকা অভিযানটি পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া। এদের মধ্যে বেশ কয়েকজন পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দালালির অভিযোগে আটক হয়েছিল বলে জানা গেছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এই ৫ দালালকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর এ বিষয়ে বলেন- জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজ-সরল ও দরিদ্র মানুষ চিকিৎসা নিতে আসেন। একটি চক্র এই সুযোগটি কাজে লাগিয়ে তাদের বিভিন্ন ফাঁদে ফেলে অবৈধভাবে টাকা-পয়সা হাতিয়ে নিত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা আদালতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার প্রেক্ষাপটে, হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিনে থাকা চার আইনজীবী ১৭ নভেম্বর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হন, যেহেতু তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
এ সময় বিজ্ঞ জেলা ও দায়রা জজ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটনের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, অ্যাডভোকেট আবু ইউছুফ, অ্যাডভোকেট রেজাউল করিম এবং অ্যাডভোকেট নাসরুল আহসান অপুর জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটির (বিবিডিএস) নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামসুন্নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী প্রফেসর মোছা. খুজিস্তা আক্তারা বানু।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, ডিবেটিং সোসাইটির নবীন সদস্য এবং নতুন ও পুরোনো প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বারোয়ারি ও রম্য বিতর্কের আয়োজন করা হয়। বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ‘সফল হওয়ার চাপে আমরা সুখী হতে ভুলে যাচ্ছি’ এবং ‘আমরা ভবিষ্যৎ গড়তে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলছি’। অন্যদিকে, রম্য বিতর্কের বিষয় ছিল ‘পাত্রী হিসেবে আমিই সেরা’।
প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, "বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করবে" বলে তিনি আশাবাদী। এ সংগঠন থেকেই ভবিষ্যতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমলা ও ব্যবসায়ী তৈরি হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহার শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর চিন্তাচর্চার গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া বক্তব্য দেন ডিবেটিং সোসাইটির পুরোনো প্যানেলের সভাপতি আফরিন মারিয়া। তিনি নবীন সদস্যদের স্বাগত জানান এবং বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের যুক্তি উপস্থাপন, নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের আহ্বান জানান। পাশাপাশি ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নবীন-প্রবীণ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিবেটিং সোসাইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ