মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৫ পি.এম
বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, "৭৫-এর সিপাহী-জনতার মধ্য দিয়ে দেশ আর সেনাবাহিনীতে শান্তি-সংহতি ফিরে আসে।" তিনি উল্লেখ করেন, সেই সংহতির পথ ধরেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসনের বিরুদ্ধে বহুদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। জহির উদ্দিন স্বপন এমপি বলেন, "দলীয় নীতি-আদর্শ মেনে সঠিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়েই দলকে শক্তিশালী করতে হবে।" তিনি সতর্ক করে বলেন, রাজনীতি সঠিক না থাকলে কেবলমাত্র দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না। শেখ হাসিনার পতন এর প্রমাণ, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তিনি রাজনৈতিক প্রশিক্ষণের পাশাপাশি সঠিকভাবে রাজনৈতিক চর্চার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এই সভাটি সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। প্রধান বক্তা হিসেবে ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন। সভাটি যৌথভাবে পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এবং নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সহসভাপতি আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম, সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী এবং যুক্তরাষ্ট্র মহিলা দলের সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন।
সভাটির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আশিকুল হক। সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, এমলাক হোসেন ফয়সাল, আব্দুর রহিম, রুহুল আমীন নাসির, অ্যাডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, এজিএম জাহাঙ্গীর, নাসির উদ্দিন, সুয়েব আহমেদ, মানিক উজ্জামান, মোহাম্মদ লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, দুলাল রহমান, কবির ফারুক প্রমুখ।
জহির উদ্দিন স্বপন এমপি সভায় ৭৫-এর সিপাহী-জনতার বিপ্লব, সেনাবাহিনীর বন্দিদশা থেকে জিয়াউর রহমানের মুক্তিলাভ এবং পরবর্তী সময়ে জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ঘটনা উল্লেখ করে বলেন, "শুধু আওয়ামী লীগের বিরোধিতা করার জন্যই বিএনপির জন্ম হয়নি। বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য।" তিনি আরও বলেন, "বিএনপির জন্ম হয়েছে ব্যর্থ, অযোগ্য নেতৃত্ব আর নৈরাজ্য থেকে দেশ-জাতিকে রক্ষার জন্য।" তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে একটি স্থিতিশীল, শান্তিকামী, স্বাধীন-সার্বভৌম, স্বকীয়, স্বনির্ভর, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য। জহির উদ্দিন স্বপন এমপি বলেন, "বিএনপি করতে হলে জিয়াকে জানতে হবে, জানতে হবে জিয়ার রাজনৈতিক দর্শন-আদর্শ।"
সভায় নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্ন, পিরোজপুর জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি আক্তারসহ নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সমাবেশের আগে জেলা প্রশাসক মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থীর জন্য বিশেষ উপহার হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করেন। জেলা প্রশাসকের এই উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. সোলেমান কবির, মুহাম্মদ আব্দুল করিম এবং মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারভেজ ফকির। সঞ্চালনা করেন মো. সেলিম মৃধা।
জেলা প্রশাসকের এ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের এমন সম্পৃক্ততা শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুকুন্দপুর ভূমি অফিস পরিদর্শন করে ভূমি বিষয়ক বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আদালতে যাওয়া-আসার অভিজ্ঞতা তার প্রায় ছয় বছরের। এই দীর্ঘ সময়ের মধ্যে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কাউকের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে তিনি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। সেই ঘটনার বিষয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় তিনি আপত্তি জানিয়েছিলেন।
ঘটনাটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন অভিনেত্রী।
এ সময় পরীমনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
এদিকে এদিন পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তার গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।
এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।
সব মিলিয়ে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বকেয়া বেতন ও গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগাং কন্টেইনার টার্মিনালে (সিসিটি) দেড় ঘণ্টা কোনো কার্যক্রম হয়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে বেলা ১১টায় তারা কাজে ফিরে আসে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শ্রমিকরা সকালে সাময়িকভাবে এনসিটি ও সিসিটিতে কাজ বন্ধ রেখেছিল। বেলা ১১টার পর তারা আবার কাজে ফিরে এসেছে। কেন তারা কাজ বন্ধ রেখেছিল সে বিষয়ে আলোচনা চলছে। বিস্তারিত জানানো হবে পরে।
এর আগে সকালে কাজ বন্ধ রেখে জেটিতে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বন্দরের এনসিটি ও সিসিটিতে কাজ করলেও এখনও তাদের পাওনা পরিশোধ হয়নি। চলতি মাসের মঙ্গলবার পর্যন্ত তাদের বেতন হয়নি। উল্লেখ্য, এনসিটি শুরু থেকে সাইফ পাওয়ার টেক পরিচালনা করে আসছিল। তাদের সাথে চুক্তি শেষ হওয়ার পর চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিচালনা করছিল। সর্বশেষ এনসিটি পরিচালনার জন্য সরকার দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করেছে। অন্যদিকে, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ার টেকের সাথে চুক্তি নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। বর্তমানে অপারেটর চূড়ান্ত না হলেও টার্মিনালটিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে।
টার্মিনাল দুটিতে এখনও সাইফ পাওয়ার টেকের নিয়োগ করা শ্রমিকরা কাজ করছেন। তবে প্রতিষ্ঠানটি এনসিটির দায়িত্ব ছাড়লেও শ্রমিকরা তাদের গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা এখনও পাননি বলে দাবি করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ হামলার সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে এসেছে। সিএনএনের প্রতিবেদনে সাত মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে ইরান এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএনের একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত সূত্রগুলো ইরানের এই তৎপরতাকে আপাতত সম্ভাব্য হামলার বিকল্প হাতে রাখার চেষ্টা হিসেবে দেখছে, আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে নয়। তবে দুটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে আসা পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। এই কারণে মার্কিন কর্মকর্তারা জরুরি প্রস্তুতি নিচ্ছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মার্কিন ভূখণ্ডের জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, দেশটির সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের মুখে ইরান সংঘাত আরও বিস্তৃত করার সম্ভাবনা বিবেচনা করছে। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের ভেতরে হামলার পরিকল্পনা নিয়ে তৎপরতা থাকলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। ইরানের পক্ষে এ ধরনের হামলা চালানোর মতো পর্যাপ্ত লোকবল আছে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
সিএনএনের দুটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা কয়েকটি বৈঠক করেছেন। ইরানের হুমকির কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নিরাপত্তার স্বার্থে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদমাধ্যমটিতে।
ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনার অভিযোগও অন্তর্ভুক্ত। অতীতে এসব তৎপরতা মূলত বিদেশ সফরের সময় মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ওপর কেন্দ্রীভূত ছিল।
মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে ডার্টি বোমা তৈরি করা সম্ভব। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে না; বরং প্রচলিত বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অস্ত্র তৈরির জন্য বিদেশ থেকে প্রশিক্ষিত কর্মী আনার প্রয়োজন নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা কাউকে ব্যবহার করেও হামলার চেষ্টা করা সম্ভব বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
সিএনএনের এক সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা ইরানের এমন কথোপকথন শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার কথা বলা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। কয়েকজন কর্মকর্তার ধারণা, তেজস্ক্রিয় পদার্থ বা বোমা তৈরির উপকরণ যুক্তরাষ্ট্রে আগে থেকেই মজুত থাকতে পারে।
এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। তবে ওই কার্যালয় মন্তব্য করতে রাজি হয়নি। নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ-সংক্রান্ত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইরানি মিশন।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের আরেকটি উদ্বেগ হলো, বিদেশি যোগাযোগ নজরদারির একটি গুরুত্বপূর্ণ আইনের মেয়াদ গত জুনে শেষ হয়ে গেছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে অচলাবস্থার কারণে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। যদিও আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, তবে আইনটি পুনরায় অনুমোদন না পেলে সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করার গুরুত্বপূর্ণ সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে।
গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ কংগ্রেসের উভয় দলের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানান। তাঁদের যুক্তি, বিলম্ব হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকা নাগরিক এবং বিদেশে মোতায়েন মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরান রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে—এমন গোয়েন্দা তথ্যও পর্যবেক্ষণ করছেন মার্কিন কর্মকর্তারা। নিউইয়র্ক টাইমস প্রথম এ তথ্য প্রকাশ করে। সিএনএনের সূত্রগুলোর দাবি, এ ধরনের হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণ রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ আছে। এ কারণে ওই অঞ্চলে কর্মরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জন্য সুরক্ষাসামগ্রী ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই নতুন এই গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার ও শত্রুতা বন্ধের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। আঞ্চলিক একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ যেকোনো চুক্তির জন্য গুরুত্বপূর্ণ। এ সময় ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর ভেতরের চুক্তিবিরোধী অংশ সংঘাত জিইয়ে রাখতে হামলা চালিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করতে পারে।
এক মার্কিন কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরানকে কী ধরনের পাল্টা আঘাতের মুখে পড়তে হতে পারে, তা তেহরান জানে। তবে ইরানের নেতারা যদি মনে করেন, তাদের শাসনব্যবস্থার অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তাঁরা এমন ঝুঁকি নেওয়াকেও যৌক্তিক মনে করতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ