ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০২৭ সালে ১৩ অঞ্চলে শুরু হবে বিশুদ্ধ পানি সরবরাহ


২০২৭ সালে ১৩ অঞ্চলে শুরু হবে বিশুদ্ধ পানি সরবরাহ

২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের কার্যক্রম শুরু করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট।

রাজধানীর এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত রয়েছে- বাড্ডা, উত্তরবাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনম্যান্ট এলাকা, মিরপুর (আংশিক), উত্তরা এবং মিরপুর ডিওএইচএস।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিয়মিত নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্টের ফেজ-১-এর কার্যক্রম আগামী জুন মাসে চালু হবে।

আরও পড়ুন: ৭৩ লাখ ছাত্রীকে উপবৃত্তি, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় নির্মিত হচ্ছে এই পানি শোধনাগার, যা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত।

গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ পাবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

এ প্রকল্প চালু হলে কয়েকশ’ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে, ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার কারণে বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার, ৩৫ মামলা দায়ের

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা থাকলেও আগামী জুনে আংশিক বিতরণ শুরু হবে।

আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে।

দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে। রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ১০০ টাকায় ম্যাকাও পাখির দেখা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর মধ্যে ভূগর্ভস্থ ও উপরিভাগ মিলিয়ে ওয়াসা সরবরাহ করে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পর্যন্ত। প্রতিদিনই আমাদের কিছু ঘাটতি থেকে যায়।

তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে ইতোমধ্যেই গন্ধর্বপুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগির (নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার) প্রকল্পটি চালু হবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি চালু হলে মেঘনা থেকে প্রতিদিন ঢাকায় আমরা ৫০ কোটি লিটার পানি পাব।

শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের জন্য মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। সেখানে ঢাকা শহরে আমরা ৭৪ শতাংশ উত্তোলন করছি। আর উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) মাত্র ২৪ শতাংশ। এতে জলবায়ু পরিবর্তন ও আমাদের পরিবেশের ওপর বড় ধরনের আঘাত আনবে এবং এতে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে।

আরও পড়ুন: লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা-প্রাণহানি বাড়ছে, সাইনবোর্ড টাঙিয়ে দায় সারছে রেলওয়ে

ইতোমধ্যে প্রকল্প সংশ্লিষ্টরা কয়েক দফায় প্ল্যান্ট পরিদর্শন করেছে। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানিয়েছেন, প্রকল্পের অবশিষ্ট কাজ আলোচ্য সময়ের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন, এ প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ সর্বাংশে উপকৃত হবে। সেই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ-বান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে।

এ শোধনাগার চালু হলে কয়েকশ’ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি এ প্রকল্প শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশ কাজ শেষ। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ সরকার দ্রুততার সঙ্গে শেষ করছে।

আরও পড়ুন: ‘এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা’, রাশেদ খানের মন্তব্য শেখ হাসিনার অডিও নিয়ে

আলোচ্য গন্ধর্বপুর পানি শোধনাগার এর প্রথম ফেজ থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে এবং একই শোধনাগারের সেকেন্ড ফেজ থেকেও সমপরিমাণ পানি দৈনিক রাজধানীতে সরবরাহ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা অক্ষুণ্ণ রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


মডেল মসজিদে কেয়ারটেকারদের ভূমিকা অক্ষুণ্ণ রাখার দাবি

ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ দাবি জানিয়েছে যে, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের ভূমিকা পরিচালনায় অক্ষুণ্ণ রাখা উচিত। শনিবার সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি প্রকাশ করে।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে। এই নীতিমালার ২৯(১) অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকারদের তাদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর করতে হবে এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। পরিষদ চায় যে, এই বিধান কোনো স্বার্থান্বেষী মহলের চক্রান্তের মাধ্যমে বাতিল বা খর্ব না হয়।

সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদের ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার উদ্দেশ্যে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর ফলে ২০২১ সালের পূর্ববর্তী নীতিমালা বাতিল হয়েছে (অনুচ্ছেদ ৩১)। নতুন নীতিমালার আওতায় জেলা ও উপজেলা পাঠাগারও মডেল মসজিদে স্থানান্তরিত হবে এবং প্রকল্পের বিধান অনুযায়ী জনবলের সম্মানী ও ব্যয় নির্বাহ করা হবে। পাশাপাশি, প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের অন্তর্ভুক্ত থেকে প্রতিটি মডেল মসজিদে অন্তত একটি শিক্ষাকেন্দ্র সরিয়ে আনা হবে।

পরিষদের নেতারা মন্তব্য করেছেন যে, মাঠপর্যায়ে ধর্মীয় শিক্ষা, মক্তব ও নৈতিকতা গঠনে মডেল কেয়ারটেকাররা দীর্ঘকাল ধরে কাজ করে আসছেন। তাদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তরের এই স্বীকৃতি মসজিদের কার্যক্রমে নতুন গতি আনবে।

তবে পরিষদ আশঙ্কা করছে যে, একটি মহল এই বিধানের বিরুদ্ধে অপতৎপরতা চালাতে পারে। তাই তারা ২৯(১) ধারা বহাল রাখার পাশাপাশি মডেল কেয়ারটেকারদের কর্মপরিবেশ ও মর্যাদা রক্ষায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুমিনের ঈমান, ধন-সম্পদ ও জীবনের নিরাপত্তায় ৮টি করণীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


মুমিনের ঈমান, ধন-সম্পদ ও জীবনের নিরাপত্তায় ৮টি করণীয়

একজন মুমিনের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ঈমান। যদিও অর্থসম্পদ, সম্মান, সামাজিক অবস্থান কিংবা পার্থিব সাফল্য হারিয়ে যাওয়ার পর তা পুনরুদ্ধারের সুযোগ থাকতে পারে, কিন্তু ঈমান হারিয়ে ফেললে পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি নিজের দ্বীন ও ঈমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রত্যেক মুমিনের অপরিহার্য দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ কোরো না। আর তোমরা সৎকর্ম করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারা, আয়াত : ১৯৫)

১. নিজের এবং অন্যের ক্ষতি থেকে বিরত থাকা : মানুষ এমন কোনো কাজ করতে পারে না, যার মাধ্যমে সে জেনেশুনে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিশোধে ক্ষতি করাও যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)

২. আমলের ঝুঁকি এড়িয়ে চলা : একজন মুমিনের জীবনে ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ এবং নামাজ হলো দ্বীনের অন্যতম প্রধান স্তম্ভ। দুনিয়ার কোনো স্বার্থ, প্রলোভন কিংবা সাময়িক সুবিধার জন্য নিজের ঈমান ও ইবাদতকে বিপন্ন করা বুদ্ধিমানের কাজ নয়। অনেক সময় মানুষ চাকরি, ব্যবসা, সামাজিক মর্যাদা কিংবা মানুষের মন জয় করার আশায় এমন কিছু কাজে জড়িয়ে পড়ে, যা তার আমলকে ক্ষতিগ্রস্ত করে। তাইতো আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ কোরো না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১০২)

অন্যদিকে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)

৩. পাপ ও সীমালঙ্ঘন থেকে নিজেকে নিরাপদ রাখা : মানুষের জীবনে বিপদের অন্যতম বড় উৎস হলো পাপ, অন্যায় ও সীমালঙ্ঘন। হত্যা, জুলুম, আগ্রাসন, প্রতারণা, হারাম উপার্জন এবং অন্যের অধিকার নষ্ট করার মতো অপরাধ শুধু ব্যক্তি ও সমাজের শান্তিই বিনষ্ট করে না; বরং মানুষের আখিরাতকেও বিপন্ন করে। কখনো সামান্য স্বার্থের কারণে মানুষ এমন অপরাধে জড়িয়ে পড়ে, যার পরিণতি তাকে দীর্ঘদিন ভোগ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯০)

৪. সন্দেহ ও অশ্লীলতা থেকে দূরে থাকা : বর্তমান সময়ে মানুষের ঈমান ও নৈতিকতার জন্য বড় একটি চ্যালেঞ্জ হলো সন্দেহ, অশ্লীলতা ও অনৈতিকতার অবাধ বিস্তার। ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মানুষ প্রতিনিয়ত নানা ধরনের প্রলোভনের মুখোমুখি হচ্ছে। বিশেষত অশ্লীল ছবি, ভিডিও, অবৈধ সম্পর্ক এবং নৈতিকতাবিরোধী বিষয়গুলো মানুষের চিন্তা ও চরিত্রকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

অনেকেই কৌতূহলবশত এসব বিষয় দেখতে শুরু করেন। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। ফলে অন্তরের পবিত্রতা নষ্ট হয়, ইবাদতে মনোযোগ কমে যায় এবং পাপের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। অথচ ইসলাম মানুষকে এসব বিপজ্জনক পথের কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র।’ (সুরা : নুর, আয়াত : ৩০)

পরের আয়াতে মুমিন নারীদেরও দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থানের হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। আর এ দুটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়, যা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে তার দ্বীন ও সম্মানকে নিরাপদ রাখে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫২)

৫. অসৎ সঙ্গ ত্যাগ করা : মানুষের চরিত্র ও চিন্তাধারা গঠনে সঙ্গের প্রভাব অত্যন্ত গভীর। একজন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। অন্যদিকে অসৎ মানুষের সাহচর্যে থাকলে ধীরে ধীরে তার মন্দ অভ্যাস ও চিন্তাধারা নিজের মধ্যেও প্রবেশ করতে পারে। প্রথমে যে কাজকে মানুষ ঘৃণা করত, একসময় সেটিকেই স্বাভাবিক মনে হতে শুরু করে। এ কারণেই ইসলাম সৎ ও আল্লাহভীরু মানুষের সাহচর্য গ্রহণের নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)

৬. পার্থিব লাভের জন্য নীতির সঙ্গে আপস না করা : মানুষের জীবনে অর্থ, সম্পদ, পদমর্যাদা ও সামাজিক প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। ইসলামও বৈধ উপায়ে এসব অর্জনকে নিষিদ্ধ করেনি। কিন্তু এসব অর্জনের জন্য নিজের নীতি, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ বিসর্জন দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কখনো ব্যবসায়িক লাভের জন্য মানুষ মিথ্যার আশ্রয় নেয়, কখনো চাকরি কিংবা পদোন্নতির আশায় অন্যায়ের সঙ্গে আপস করে। অথচ সাময়িক লাভের বিনিময়ে নিজের ঈমান ও নৈতিকতা বিসর্জন দেওয়া প্রকৃতপক্ষে বিরাট ক্ষতি। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত কোরো না এবং জেনে-শুনে সত্য গোপন কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৪২)

৭. বৈধ প্রয়োজনে ঝুঁকি নেওয়া : ইসলাম ঝুঁকিমুক্ত জীবনযাপনের নির্দেশ দেয়নি; বরং বৈধ ও প্রয়োজনীয় উদ্দেশ্যে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে উৎসাহিত করেছে। সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ, মানুষের জীবন রক্ষা, জীবিকা অর্জন এবং দ্বীনের কল্যাণে কখনো কখনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন হতে পারে। তবে সেই ঝুঁকি হতে হবে বিবেচনাপ্রসূত, বৈধ ও কল্যাণকর। অন্যদিকে কোনো প্রয়োজন ছাড়াই নিজের জীবন, স্বাস্থ্য, ঈমান কিংবা মানসিক সুস্থতাকে বিপদের মুখে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা নিজেদের হত্যা কোরো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

৮. পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহন করা : মানুষ যত জ্ঞানী কিংবা অভিজ্ঞই হোক না কেন, তার জ্ঞান ও উপলব্ধির সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় নিজের সিদ্ধান্তকে সঠিক মনে হলেও বাস্তবে তা ভুল প্রমাণিত হতে পারে। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ, জ্ঞানী ও বিশ্বস্ত মানুষের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। বিশেষত দ্বীনি বিষয়ে আলেমদের শরণাপন্ন হওয়া এবং পার্থিব বিষয়ে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা একজন সচেতন মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলি বর্ণনা করে বলেন, ‘আর তাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয়।’ (সুরা : শুরা, আয়াত : ৩৮)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি পাকিস্তানের লাহোরে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ মিনার-ই পাকিস্তান পরিদর্শন করেছেন।

শুক্রবার জাতীয় সংসদ সচিবালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এই পরিদর্শনের সময় পাকিস্তান সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করে। প্রতিনিধিদলটি সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের একটি চারা রোপণ করেন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ইসলামাবাদ ছাড়াও প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফরের পরিকল্পনা রয়েছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, মেয়রসহ ১১ হাজার পদে প্রতিদ্বন্দ্বিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোট, মেয়রসহ ১১ হাজার পদে প্রতিদ্বন্দ্বিতা

তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার ভোটাররা মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় পর্যায়ের প্রায় ১১ হাজার পদে প্রতিনিধি নির্বাচন করছেন। দ্বীপটির বড় শহরগুলোর মধ্যে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। সন্ধ্যার শুরুতে ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে। ভোটাররা স্কুল, মন্দির ও বিভিন্ন কমিউনিটি সেন্টারে গিয়ে ভোট প্রদান করছেন।

‘নাইন-ইন-ওয়ান’ নামক এই নির্বাচনে স্থানীয় সরকারের ৯ ধরনের পদে ভোটগ্রহণ হচ্ছে। মোট ১১ হাজারেরও বেশি পদে প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

তাইপের মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই

রাজধানী তাইপের মেয়র পদে গুরুত্বপূর্ণ লড়াই চলছে। ঐতিহ্যগতভাবে বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরটিতে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন এবং ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন। আগের নির্বাচনে চিয়াং দ্বিগুণ ব্যবধানে জয়ী হয়েছিলেন। তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

পুমা শেন একজন শিক্ষাবিদ, যিনি রাজনীতিতে আসার আগে আইনপ্রণেতা ছিলেন। তিনি চীনের তথ্যযুদ্ধের বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। চীন তাকে কঠোরভাবে সমালোচনা করেছে এবং দেশটির পুলিশ তাঁর বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদ’-এর অভিযোগ তুলে তাকে খুঁজছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পিছিয়ে থাকা প্রতিযোগী হিসেবে নির্বাচনি লড়াইয়ে অংশগ্রহণ করলেও প্রচার-সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটিয়েছেন শেন।

নেভাদা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন ওয়াং মন্তব্য করেছেন, কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইপেতে শেন জয়ী হলে বেইজিংয়ের জন্য তা লজ্জাজনক হতে পারে।

চিয়াং তার সমর্থকদের জানিয়েছেন, মেয়র পদের লড়াই খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। অন্যদিকে, যানজটের আশঙ্কায় নির্বাচনি প্রচারের শেষ সমাবেশ বাতিল করেছেন শেন। এর পরিবর্তে তিনি অনলাইনে একটি অনুষ্ঠান আয়োজন করেন, যা ইউটিউবে পাঁচ লাখেরও বেশি দর্শক দেখেছেন।

ডিপিপির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তেও প্রতিবেশী নিউ তাইপে সিটির এক সমাবেশে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাইপের বাইরে, তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলের কাওশিউংয়ে গুরুত্বপূর্ণ লড়াই চলছে। নিউ তাইপে সিটির বর্তমান মেয়র কেএমটির, অন্যদিকে কাওশিউংয়ের মেয়র পদে রয়েছে ডিপিপি।

নির্বাচনে চীনের চাপ ও প্রভাবের অভিযোগ উঠেছে। এবারের স্থানীয় নির্বাচন তাইওয়ানের চীননীতি সরাসরি পরিবর্তন করবে না। নির্বাচনি প্রচারে পরিবহন, শিশুযত্ন ও পরিবেশের মতো স্থানীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করা চীন নির্বাচনটির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। বেইজিং বিভিন্ন সময় এ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় ৩৩টি সামরিক বিমান তাইওয়ানের দিকে উড়েছে। এসব বিমানের মধ্যে বোমারু বিমান ও যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত ছিল।

তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল অভিযোগ করেছে, ‘কগনিটিভ ওয়ারফেয়ার’ বা মানুষের চিন্তাভাবনা ও মনোভাব প্রভাবিত করার কৌশল এবং আন্তদেশীয় দমন-পীড়নের মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সপ্তাহে বলেছে, তাইওয়ানের সঙ্গে ‘পুনরেকত্রীকরণ’ একটি অনিবার্য প্রবণতা।

চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। ডিপিপি জিতেছিল পাঁচটিতে। বাকি তিনটিতে জয়ী হয় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

কেএমটি ঐতিহ্যগতভাবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। অন্যদিকে ডিপিপি তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।

বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনের ফলাফল দিয়ে ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমান করা কঠিন। বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় নির্বাচনের পরপরই কেএমটি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা শুরু করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়াদ শেষ হতে যাওয়া তাইচুংয়ের মেয়র লু শিউ-ইয়েন এবং পার্লামেন্টের স্পিকার হান কুও-ইউ।

দলের চেয়ারওম্যান চেং লি-ওয়েনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন।

তবে নির্বাচনে কেএমটি খারাপ ফল করলে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর চাপ তৈরি হতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%