ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ব্রিটেনিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে।

এটি ঘটে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বলে জানা যায়।

নিহত শিক্ষার্থীর নাম দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১), যিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা। তবে তার পরিবার বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করে। তিনি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ২০-২৩ ডিসেম্বর, রুটিন প্রকাশ

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, সাঁতার কাটতে নেমে প্রিয়ম দু-একবার ৯ ফুট গভীর পানিতে যায় এবং পরে ফিরে আসে। যখন সাঁতারে ব্যস্ত ছিলাম, তখন সে আবার কখন ৯ ফুট গভীর পানিতে চলে যায়, তা আমরা কেউই লক্ষ্য করিনি। হঠাৎ ৫টা ৪৫ মিনিটের দিকে সুইমিংপুলের স্টাফরা তাকে গভীর পানি থেকে উদ্ধার করেন। তৎক্ষণাৎ তার শরীরে ঝাঁকুনি দেওয়া হয়। ওই সময় তিনি বমি করেন এবং নিশ্বাস নিচ্ছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর আইসিইউতে তার ইসিজি করা হয় এবং সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রিটেনিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, আমাদের নিয়ম অনুযায়ী, সাঁতার না জানলে ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়। কিন্তু তিনি ৯ ফুট গভীর এলাকায় চলে গিয়েছিলেন।

এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান জানান, দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা এ ঘটনায় অত্যন্ত মর্মাহত। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী সুইমিংপুলে সাঁতার কাটতে যান। পরবর্তীতে ডুবন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও উত্থান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও উত্থান

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। তবে এর আগে বাড়তে থাকা তেলের দাম কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। এদিকে গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়। এরপর গতকালই হঠাৎ একসময় স্বর্ণের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। আজ আবার বাড়ল এই মূল্যবান ধাতুটির দাম।

অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।

এদিকে সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবরের পর তেলের দাম কমেছে। ফলে আগের ক্ষতি আরও বেড়েছে।

বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের দাম এখন নজর রাখার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা স্বর্ণের দাম বাড়তে সহায়তা করতে পারে। তবে তা না হওয়া পর্যন্ত স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।

তিনি আরও বলেন, স্বর্ণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কারিগরি বাজার পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। ফেডের কঠোর নীতির বার্তা ইতোমধ্যেই বাজারদরে অনেকটাই প্রতিফলিত হয়েছে।

সাধারণত সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে, ফলে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।

বুধবার ফেড সুদহার বাড়ানোর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। নতুন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধান কেভিন ওয়ার্শসহ ১৮ নীতিনির্ধারকের সবাই এ সিদ্ধান্তে একমত হয়েছেন। ফেডের সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাসে দেখা গেছে, ১৮ জনের মধ্যে ১৬ জনই বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বাকি দুজন সুদহার বর্তমান অবস্থায় রাখার পক্ষে রয়েছেন।

এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ফেডের মতো সুদহার বাড়ানোর পথে যাবে কি না, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নজর রয়েছে বাজারের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান কাছাকাছি বলে তিনি আশা করছেন। সাত মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে সৌদি আরব ইয়েমেনে হামলা জোরদার করেছে এবং হুথি যোদ্ধারা সৌদি শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ এম


নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

নির্বাচনি ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান রেখেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর প্রকাশিত পূর্ববর্তী প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধানের ফলে মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনি ব্যয় নির্বাহের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্যের সঙ্গে প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করার বিধান যুক্ত হয়েছে।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশোধনের পাশাপাশি প্রার্থীর হলফনামা সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালায় প্রার্থীর হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্য অংশে পরিবর্তন আনা হয়েছে।

আগে যে তথ্য ‘সংযুক্ত করিতে হইবে’ বলা হয়েছিল, সংশোধনের পর তা ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া হলফনামার সংযুক্তি-১-এর ক্রমিক ৩(গ)-এ ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত বলতে সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (charge) গঠিত হয়েছে।

হলফনামার আরেকটি ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের মাধ্যমে নির্বাচনি প্রতীকের তালিকাতেও নতুন করে বিধান নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত বিধি ৯-এর উপ-বিধি (১) অনুযায়ী, বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিত প্রতীক ব্যতীত তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

গেজেটে মোট ১২০টি নির্বাচনি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার ৬৫ নম্বর প্রতীক হিসেবে ‘নৌকা’ স্থগিত উল্লেখ করা হয়েছে।

সংশোধিত বিধানে স্থগিত প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেঁতুলিয়ায় মৃত ৬ জনসহ ২২ জনের নামে পাথর-বালু উত্তোলনের মামলা, সড়ক অবরোধ; ভূমি কর্মকর্তা অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

পঞ্চগড় প্রতিনিধি:

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


তেঁতুলিয়ায় মৃত ৬ জনসহ ২২ জনের নামে পাথর-বালু উত্তোলনের মামলা, সড়ক অবরোধ; ভূমি কর্মকর্তা অবরুদ্ধ
 
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মৃত ব্যক্তিসহ ২২ জনকে আসামি করার অভিযোগ উঠেছে। মামলায় মৃত ও নিরীহ ব্যক্তিদের আসামি করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভজনপুরে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। একপর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয় যানজট ও ভোগান্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগে একটি মামলা করা হয়। মামলায় ফয়জুল নামে একজনকে প্রধান আসামি করে মোট ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, আসামিদের মধ্যে ছয়জন ইতোমধ্যে মারা গেছেন। তাদের কয়েকজন প্রায় ৩০ বছর আগেই মারা গেছেন বলেও দাবি করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তিদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নিরীহ ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে। অথচ এলাকায় ড্রেজার দিয়ে যারা নদী থেকে পাথর ও বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেলে ভজনপুর ইউনিয়নের বাসিন্দারা প্রথমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। পরে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন আটকে দেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রকৃতপক্ষে যারা ড্রেজার দিয়ে পাথর-বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মৃত ও নিরীহ ব্যক্তিদের নামে মামলা দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ। তাঁর হস্তক্ষেপে অবরুদ্ধ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মুক্ত করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ বলেন, মামলাটি প্রত্যাহার করে প্রকৃত অর্থে যারা অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মামলার বাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জানিয়েছেন, লোকমুখে শুনে আসামিদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে স্থানীয়দের প্রশ্ন, যারা প্রকৃতপক্ষে ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের বাদ দিয়ে কীভাবে মৃত ও নিরীহ ব্যক্তিদের নামে মামলা করা হলো। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ এম


নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে ১২০পিস ইয়াবাসহ স্ত্রী ফাতেমা বেগমকে (৩০) আটক করা হয়েছে। এ সময় স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।
 
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়ের উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাদের টিনের বসতঘর থেকে ইয়াবাসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। ফাতেমা বাগডাঙ্গা গ্রামের সৈয়দ হোসেন আলীর স্ত্রী।

ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার বলেন, ফাতেমা বেগমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফাতেমা জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছেন।  

এদিকে, ফাতেমা বেগমকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলবে বলে জানান ডিএনসি’র কর্মকর্তা গোলক মজুমদার। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%