০৭:০৫ এম
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সাবেক সংসদ সদস্যের অনুসারীরা সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এমপির গাড়ির সামনে ‘দালাল’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিএনপির অন্য এক নেতার গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরে দেবিদ্বার থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন নেতার সহযোগিতায় তাদের গাড়ি বিক্ষোভস্থল থেকে চান্দিনা সড়ক দিয়ে নিরাপদে বের করে দেওয়া হয়। গতকাল রোববার সন্ধ্যায় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ রোডে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দলীয় একটি সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বারে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে বিএনপির দুটি পক্ষ। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। অন্য পক্ষের কর্মসূচির আয়োজন করা হয় দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে।
আরও পড়ুন: অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা: রিজভী
গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেবিদ্বার নিউমার্কেট চত্বরের রহমানিয়া সুপার মার্কেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত রাশেদা বেগম হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, সাবেক ছাত্রদল নেতা এম এ আবদুল আউয়াল খান এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম। সমাবেশ শেষে তারা বিকেল সাড়ে ৪টার দিকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যান।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী ও এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে বিকেল ৫টার দিকে দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠ থেকে সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নিউমার্কেট এলাকায় পৌঁছালে পুলিশের বাধা পেরিয়ে সুজাত আলী সরকারি কলেজ রোডের দিকে যেতে থাকে।
এদিকে উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল শেষে সংসদ সদস্য রাশেদা বেগম হীরাসহ বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা ফেরার পথে তাদের গাড়ি কলেজ রোডের কালাচান মার্কেটের সামনে অবরুদ্ধ করে কিছু বিক্ষোভকারী।
এ বিষয়ে ঢাকা গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিল শেষ করে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা আপাসহ আমরা কয়েকটি গাড়ি নিয়ে কলেজ রোড পার হচ্ছিলাম। এ সময় মঞ্জু মুন্সীর অনুসারীরা একটি মিছিল নিয়ে এসে আমাদের গাড়ি আটকে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে পুলিশের সহায়তায় হীরা আপার গাড়ি পার হতে পারলেও বহরের শেষে থাকা আমার গাড়িতে ভাঙচুর চালায় তারা। আমি বিষয়টি কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অবগত করেছি। তারা আমাকে এ ঘটনায় উস্কানিদাতাসহ অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা করতে বলেছেন।’
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
সংরক্ষিত নারী আসনের এমপি রাশেদা বেগম হীরা বলেন, ‘আমরা দলীয়ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি সমাবেশ ও মিছিল আয়োজন করেছি। ওনারাও আলাদাভাবে একই সমাবেশ পালন করেন। ওখানে আমাকে যেতে দাওয়াত করেছিল। তবে যেহেতু এটি সংগঠনের অনুমোদিত কমিটির নয়, তাই আমি সেখানে যাইনি। আমি তাদেরকে একসঙ্গে কর্মসূচি পালন করতে বলেছিলাম। আমি জানতাম একসঙ্গেই করা হচ্ছে। কিন্তু সমাবেশে এসে জানতে পারি আলাদাভাবে করা হচ্ছে। পরে তারা আমাকে বিভিন্নভাবে থ্রেট করেছে, বিষয়টি ওসি সাহেবও জানেন। তারা আমার গাড়ি অবরুদ্ধ করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে আক্রমণ করে। পুলিশ এসে বাধাও দিয়েছে। পরে আউয়ালের গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ প্রটেকশন নিয়ে আমাদের বের হতে হয়েছে।’
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘আমরা হাইস্কুল মাঠে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল করেছি। তাঁরা মিছিল শেষে ফেরার পথে তাঁদের গাড়ি দেখে আমাদের কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে পড়েন। পরে আমি নিজে সংসদ সদস্য হীরা আপার গাড়ির সামনে গিয়ে নেতাকর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিই এবং তাঁর গাড়িটি নিরাপদে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে শুনেছি এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তবে গাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। ওনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে কিছু বাধা পড়েছিল, আমরা ধাক্কা দিয়ে নেতাকর্মীদের সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাসে কেউ জোরে থাপ্পড় দেওয়াতে গ্লাসটা ভেঙে গেছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন