ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যাম্পাসে ব্যানার ঝুলানোয় বিধি লঙ্ঘনের দায়ে ইবি ছাত্রশক্তিকে শোকজ


ক্যাম্পাসে ব্যানার ঝুলানোয় বিধি লঙ্ঘনের দায়ে ইবি ছাত্রশক্তিকে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক একটি ব্যানার ঝুলানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইবি শাখা ছাত্রশক্তিকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান শোকজ নোটিশটি ইবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক বরাবর প্রেরণ করেন।

শোকজ পত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিধি-বিধান উপেক্ষা করে ‘ছাত্রশক্তির’ নামযুক্ত একটি ব্যানার ঝুলানো হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

এ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোমবার (৫ অক্টোবর) ক্যাম্পাসের ঝালচত্বরে একটি ব্যানার টাঙ্গানোর পর সেটি সন্ধ্যায় ২ ঘণ্টার মধ্যে উধাও হয়ে যায়। এরপর সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পুনরায় একই ব্যানারটি প্রধান ফটক সংলগ্ন মুক্ত বাংলায় ঝুলানো হয়। পরে আবারও সেটি উধাও হয়ে যায়। এদিকে, বিধি লঙ্ঘনের কারণে সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে প্রশাসন।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ এম


আপসের পর এমপি গাজী নজরুলের জামিন শুনানি আজ

আজ বুধবার (৭ অক্টোবর) সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে, যা দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার সঙ্গে সম্পর্কিত। বাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে এবং আসামিপক্ষের দাবি অনুযায়ী, জামিনে তাদের কোনো আপত্তি নেই। তবে আদালত পূর্বে একই মামলায় নজরুলের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছিল।

গাজী নজরুলের আইনজীবী মাহাবুবুর রহমান ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জামিনের আবেদন করেন। আদালত আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেছে। আপসনামা ও বাদীপক্ষের অবস্থান জামিনের সিদ্ধান্তে কিভাবে প্রভাব ফেলে, সেটি এখন সংশ্লিষ্টদের নজরে।

আইনজীবী মাহাবুবুর রহমান আদালতে বলেন, "মরিয়মের পরিবারের সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে। বাদীপক্ষের জামিনে আপত্তি নেই।" তিনি যুক্তি দেন যে, নজরুলকে জামিন দিলে মামলার তদন্ত বা বিচার কার্যক্রমে কোনো সমস্যা হবে না।

তবে মামলাটিতে এর আগে একই ধরনের আবেদন করা হলেও আদালত নজরুলকে জামিন দেয়নি। ৩০ সেপ্টেম্বর নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হলে মাকছুদাকে জামিন দেওয়া হয়, কিন্তু নজরুলের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার নথি ও তদন্ত সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার পরদিন আদালত গাজী নজরুলের চার দিনের এবং মাকছুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে যায়।

নজরুলের আরও এক দফা রিমান্ড মঞ্জুর হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এদিকে মামলার আরেক আসামি ওবায়দুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। তার জামিন আবেদনের শুনানির দিনও নির্ধারিত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসী হামলা ঠেকানো ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে মার্কিন প্রতিনিধি পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ এম


সন্ত্রাসী হামলা ঠেকানো ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে মার্কিন প্রতিনিধি পরিষদ

মার্কিন প্রতিনিধি পরিষদে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সম্মান জানানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। উড়োজাহাজে সন্ত্রাসী হামলার চেষ্টা প্রতিহত করে যাত্রীদের জীবন রক্ষায় তার ভূমিকার জন্য এই সম্মান জানাতে প্রস্তাবটি দেওয়া হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজের ক্রু ও যাত্রীদেরও স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর মার্কিন কংগ্রেস সদস্য জশ গটহাইমার, ডন বেকন ও মাইকেল ম্যাককল এই প্রস্তাবটি উত্থাপন করেন। পরে এটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ৩০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দেয় ফ্লাইদুবাইয়ের ১০৭৩ নম্বর ফ্লাইট। উড়োজাহাজটিতে মোট ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং ২৭ জন শিশু অন্তর্ভুক্ত ছিল।

উড়োজাহাজটি উড্ডয়নের পর সহকারী পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর হামলা চালানো হয়। হামলাকারী জরুরি অবস্থায় ব্যবহারের কুঠার দিয়ে তাকে আঘাত করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এর ফলে উড়োজাহাজটি ৩০ সেকেন্ডেরও কম সময়ে ১৬ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়।

গুরুতর আহত হওয়ার পরও মাচ্ছার হামলাকারীকে প্রতিহত করতে সক্ষম হন। পরে তিনি নিজের অবশিষ্ট শক্তি দিয়ে ককপিটের দরজা খুলে দেন। এর ফলে দায়িত্বে না থাকা অন্য পাইলটরা ককপিটে প্রবেশ করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিতে পারেন।

এ সময় ক্রু সদস্য ও যাত্রীরা সহকারী পাইলটকে ধরে ফেলেন। পরবর্তীতে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুদের সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের ৩ অক্টোবরের ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তদন্তে সহকারী পাইলটের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টার প্রমাণ পাওয়া গেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাবে ক্যাপ্টেন মাচ্ছারের পাশাপাশি দায়িত্বে না থাকা পাইলট, কেবিন ক্রু ও যাত্রীদেরও প্রশংসা করা হয়েছে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে তাদের ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রস্তাবে হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তার ওপর হামলা হিসেবে নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানানো হয়েছে। তদন্তের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবহিত রাখার কথাও বলা হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। দূতাবাস তার পরিবার, চিকিৎসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, ক্যাপ্টেন স্মিত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বানও জানানো হয়েছে।

এর আগে আবুধাবির বিএপিএস হিন্দু মন্দিরে ক্যাপ্টেন স্মিতের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। তার দ্রুত সুস্থতা কামনায় ঐতিহ্যবাহী অভিষেক অনুষ্ঠানও আয়োজন করা হয়। সেখানে সাধু, সম্প্রদায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

৩০ সেপ্টেম্বরের ওই ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছার গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, উড়োজাহাজটি ভূপাতিত করার উদ্দেশ্যে সহকারী পাইলট তার ওপর হামলা চালিয়েছিলেন।

গুরুতর আহত অবস্থায়ও মাচ্ছার ককপিটের দরজা খুলে দেন। এতে কেবিন ক্রু ও যাত্রীরা ককপিটে ঢুকে হামলাকারীকে নিয়ন্ত্রণে নেন। পরে উড়োজাহাজটি সৌদি আরবের দিকে ঘুরিয়ে জরুরি অবতরণ করানো হয়।

ঘটনার পর তার সাহসিকতার প্রশংসা করেছেন বিভিন্ন দেশের কর্মকর্তা ও নেতারা। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানি সহকারী পাইলট হামাম আল-হামামিকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিবিএস নিউজ জানিয়েছে, ককপিটে হামলার পর ইসরায়েল যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল। উড়োজাহাজটি তেল আবিবের দিকে এগিয়ে গেলে সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতিও ছিল।

৩০ সেপ্টেম্বর ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিবের দিকে যাওয়ার সময় সহকারী পাইলট হামাম আল-হামামি ক্যাপ্টেন মাচ্ছারের ওপর হামলা করেন। এরপর উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে। এতে ইসরায়েলে উড়োজাহাজ ছিনতাই বা হামলার আশঙ্কা তৈরি হয়।

ইসরায়েলি বিমানবাহিনী রেডিওতে ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পায়নি। পরে জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়। একই সময় ইসরায়েলের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়।

পরে কর্মকর্তারা নিশ্চিত হন, উড়োজাহাজটি সৌদি আরবের দিকে ঘুরে গেছে এবং জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছে। এরপর ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ফিরিয়ে নেওয়া হয়। সিবিএস নিউজ জানিয়েছে, সৌদি আরবও যুদ্ধবিমান পাঠিয়েছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটে হামলার জন্য তিনি ব্যক্তিগতভাবে ইরানকে দায়ী মনে করেন।

হামলার পর উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে। পরে জরুরি সংকেত পাঠিয়ে গতিপথ পরিবর্তন করা হয় এবং সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করা হয়। উড়োজাহাজে থাকা সবাই নিরাপদে নেমে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল, মুখ খুললেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ এম


বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল, মুখ খুললেন মেসি

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্তালে আর্জেন্টিনা বেনিনকে ৩-০ গোলে পরাজিত করেছে। এটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। এই ম্যাচে তিনি একটি পেনাল্টি থেকে গোল করেন এবং দুটি গোলের জন্য সহায়তা করেন।

ম্যাচের শেষ বাঁশির পর মেসি মাইক্রোফোন হাতে নিয়ে আবেগঘন একটি ভাষণ দেন। এই ভাষণে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গও উঠে আসে।

স্পেনের বিরুদ্ধে অনুষ্ঠিত সেই ফাইনালে আর্জেন্টিনা ছিল একেবারে নিস্প্রভ। মেসি নিজেও জ্বলে উঠতে পারেননি। ১২০ মিনিট খেলে তিনি একটিও শট অন টার্গেট নিতে পারেননি। এই ফাইনালের পর বিশ্বজুড়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে।

একাধিক ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও’। এই মন্তব্য গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয়। ড্রেসিংরুমে কিছু ঘটেছিল বলেও আলোচনা শুরু হয়। এমনকি ফাকুন্দো মেদিনার মায়ের বিশ্বাসও নড়ে গিয়েছিল।

এরপর বিভিন্ন সময়ে আর্জেন্টিনার অনেকেই বিষয়টি পরিষ্কার করেছেন। এবার মেসি নিজেও এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে অনেক বড় ধকল গেছে। আমরা আবারও পুরো দেশের স্বপ্ন পূরণের খুব কাছে চলে গিয়েছিলাম। স্বপ্নটা ছিল আবার বিশ্বকাপ জেতা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে ছিলাম। শেষ বিশ্বকাপে আমরা অনেক কাছাকাছি গিয়েছিলাম।’

মেসি ইংল্যান্ড ম্যাচ থেকে পাওয়া চাপকে সব সমস্যার মূল হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘অদ্ভুত কিছু ঘটেনি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ছিল প্রচণ্ড চাপের। বিশ্বকাপের পর অনেক তত্ত্ব আর নানা রকম গল্প ছড়িয়েছে। মানসিক ও শারীরিকভাবে আমরা সীমার শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। আমাদের সব সতীর্থকে নিয়ে আমরা সমস্ত শক্তি দিয়ে লড়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বজ্রবৃষ্টির আভাস, আগামী চার দিনে থাকবে এমন আবহাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ এম


বজ্রবৃষ্টির আভাস, আগামী চার দিনে থাকবে এমন আবহাওয়া

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন বিভাগে আগামী চার দিনের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য প্রদান করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া, আগামী পাঁচ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%