মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:২০ এম
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হয়েছে, ঢাকাকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রমান্বয়ে সংস্কার এবং উন্নয়নমূলক কাজ করার বিষয়ে। বৈঠকে জানানো হয়, পুরান ঢাকাকে পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য একটি পাইলটিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
আজ সোমবার অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শহরে খেলার মাঠ এবং পার্কের স্বল্পতার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এ বিষয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ স্কয়ার ফিট ছাদে সোলার প্যানেল বসানোর কাজ চলমান রয়েছে।
কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়, পরিত্যক্ত/বিতর্কিত প্লটসমূহ নিয়ে জটিলতা নিরসনে যাচাই বাছাই করে ন্যায্যতার ভিত্তিতে এবং আইনগতভাবে সুরাহা করে ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করা।
বৈঠকে ভূমি দখলদারদের থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রণালয় জানায়, স্বচ্ছতা আনয়নে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। অটোমেশন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮০ দিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৭ সালের ৩০শে জুন সমাপ্য অর্থবছরের জন্য প্রদত্ত বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে এবং প্রকল্পসমূহের অনুকূলে মোট বরাদ্দ রয়েছে ৩৫১৪ কোটি টাকা।
এছাড়াও, সরকারি ভবনসমূহের ভূমিকম্প সহনশীলতা নির্ণয় করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে এবং ৪২টি জেলায় সরকারি ভবনসমূহের ভূমিকম্প সহনশীলতা নির্ণয় করার জন্য প্রজেক্ট নেওয়া হবে।
রাজউকের প্ল্যান পাসের দীর্ঘসূত্রিতা নিরসন করে একে ওয়ান স্টপ সার্ভিস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতি তার বক্তব্যে বলেন, বৃষ্টির সময় জাতীয় সংসদ ভবনে বিভিন্ন জায়গায় পানি পড়ে। এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতি জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে সততার সাথে সকলে একসঙ্গে কাজ করে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
বৈঠকে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল এবং ফেরদৌসী আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন এবং বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় এই অভিযানটি সম্পন্ন করে।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) মামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযানের ফলস্বরূপ, শহরের চাকলাপাড়ার প্রভাতী পিওর ড্রিংকিং অ্যান্ড টয়লেট্রিজকে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লিকুইড হ্যান্ডওয়াশ, লিকুইড ডিশওয়াশ এবং প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অগ্রিবীণা সড়কের অয়ন স্টিল কর্নারকে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকার কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, পোস্ট অফিস মোড়ের সোমা দধি অ্যান্ড মিষ্টিকে উৎপাদিত মিষ্টিজাতীয় পণ্যে যথাযথ উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার জন্য ১৫০০ টাকা জরিমানা করা হয়। মদিনা সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ডেকোরেটেড কেক পণ্যে বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে আবেদনের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান এবং ওজন-পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর পোরশা এলাকায় মাদক সেবন ও পরিবারের সদস্যদের ওপর নিয়মিত অত্যাচার করার অভিযোগে কাওছার হাবিব (২৫) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সন্তানের অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন তার নিজ বাবা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পোরশা উপজেলা পরিষদ চত্বরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় কাওছার হাবিবকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। নিজ সন্তান হওয়া সত্ত্বেও পিতার এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে এক অনন্য বার্তা প্রদান করবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাওছার হাবীবের অন্যায় ও উচ্ছৃঙ্খল আচরণে শুধু তার পরিবার নয়, প্রতিবেশীরাও চরম অতিষ্ঠ ছিল। নিজের সন্তানকে আইনের আওতায় এনে বাবা আবুল হোসেন যে সাহসিকতা ও সচেতনতার পরিচয় দিয়েছেন, তা মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর দলটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, "জনগণের ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপানো গ্রহণযোগ্য নয়।" তিনি উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। এছাড়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নুরুল আমিন বলেন, "জনগণের কষ্ট ও দুর্দশা অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তিনি সতর্ক করে বলেন, অন্যথায় সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুছ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ।
বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর বাউফলে পৌর নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন খানের বাউফলে আগমনের কারণে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে একটি জনসমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে আসন্ন পৌর নির্বাচনে রিয়াজ হোসেন খানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে তাঁর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে ওই শোভাযাত্রায় অংশ নেওয়ার অভিযোগে স্থানীয় দুই ব্যক্তি, কার্তিক ও রুবেল, হামলার শিকার হন। হামলাকারীরা দাবি করেন যে, কার্তিক ও রুবেল নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা। তারা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিয়াজ হোসেনের পক্ষে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তবে হামলার শিকার দুই ব্যক্তির দাবি, তারা কখনোই নিষিদ্ধ সংগঠন যুবলীগ বা ছাত্র লীগের সঙ্গে জড়িত ছিলেন না।
অন্যদিকে, রাত ৯টার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠসহ চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাউফলের একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন। ককটেল বিস্ফোরণ, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহরের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ