ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কর্ণফুলী টানেলের লোকসান কমাতে ৩৩৬ কোটির নতুন সড়ক প্রকল্প


কর্ণফুলী টানেলের লোকসান কমাতে ৩৩৬ কোটির নতুন সড়ক প্রকল্প

চট্টগ্রাম, ৫ অক্টোবর, ২০২৬ : কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ১০ হাজার কোটি টাকার টানেলটিতে সরকার প্রতি মাসে গড়ে ৩ কোটি ৫৮ লাখ থেকে ৪ কোটি টাকা লোকসান গুণছে। টানেলটি উদ্বোধনের তিন বছর পরেও কাঙ্ক্ষিত মাত্রায় যানবাহন চলাচল না করায় এই লোকসান হচ্ছে।

দেশের একমাত্র এই টানেলটি বিপুল বিনিয়োগের পরেও ক্রমাগত লোকসানের কারণে সংশ্লিষ্টরা এটিকে ‘শ্বেতহস্তী’ হিসেবে অভিহিত করেছেন। এই পরিস্থিতিতে ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নতুন উদ্যোগ গ্রহণ করেছে। কর্ণফুলী টানেল ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে যাতায়াতের নেটওয়ার্ক গড়ে তুলতে আনোয়ারা-চন্দনাইশ হয়ে বিদ্যমান সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা করা হয়েছে। ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির জন্য ব্যয় ধরা হয়েছে ৩৩৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে টানেল হয়ে কক্সবাজারগামী যানবাহনের জন্য অপেক্ষাকৃত সহজ ও সরাসরি পথ তৈরি হবে। এতে দূরত্ব, সময় ও জ্বালানি খরচ কমবে, ফলে টানেলের আয় বৃদ্ধি পাবে।

সওজ সূত্র জানায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী টানেলটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু গত তিন বছরেও টানেলটি দিয়ে কাঙ্ক্ষিত মাত্রায় যানবাহন চলাচল করছে না। উল্টো টোল থেকে যে আয় হচ্ছে, তার প্রায় দ্বিগুণ অর্থ খরচ হচ্ছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে। সর্বশেষ হিসাবে মাসে গড়ে টোল আদায় হচ্ছে ৩ কোটি ৩৭ লাখ টাকা, কিন্তু পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় হচ্ছে ৬ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে গড়ে ঘাটতি থাকছে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা।

আরও পড়ুন: ‎ছেলের মাদকের যন্ত্রণায় অতিষ্ঠ বাবা, ভ্রাম্যমাণ আদালতে চাইলেন নিজেই শাস্তি

কর্ণফুলী টানেলের মূল দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই টানেল নির্মিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের ব্যয় শুরুতে ৮ হাজার ৪৪৭ কোটি টাকা ধরা হলেও পরে তা বেড়ে ১০ হাজার ৬৮৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা চীনের এক্সিম ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে।

সওজ কর্মকর্তারা জানান, এই অবস্থায় টানেলটির অধিকতর ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কর্মকর্তাদের পর্যবেক্ষণ হলো, টানেলের সাথে সংযুক্ত সড়কগুলোতে দূরপাল্লার যানবাহন চলাচলের সক্ষমতা নেই। বিকল্প সড়ক নেটওয়ার্ক তৈরি হলে টানেলের ব্যবহার বাড়তে পারে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট থেকে আনোয়ারার কালাবিবির দীঘির মোড় পর্যন্ত বিকল্প সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘টানেল কানেক্টিং টু গাছবাড়িয়া সড়ক উন্নয়ন প্রকল্প’ নামে ইতোমধ্যে প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন পেয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বাসসকে বলেন, ‘বর্তমানে টানেল দিয়ে যে গাড়িগুলো কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়, সেগুলোকে আনোয়ারা থেকে উল্টো দিকে পটিয়া ক্রসিংয়ে এসে মহাসড়কে উঠতে হয় অথবা পেকুয়া হয়ে যেতে হয়। এই ঘোরাঘুরির কারণে যানবাহনগুলো এদিকে আসেনা। আনোয়ারা থেকে সরাসরি এই সড়কটি চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে। এতে কক্সবাজারে যেতে ৩০ মিনিট কমে যাবে। এই সড়কটির কাজ শেষ হলে টানেল দিয়ে যানবাহন চলাচল অনেক বাড়বে বলে আমরা আশাবাদী।’

তিনি জানান, ‘প্রকল্পের আওতায় আনোয়ারা-কালাবিবির দীঘি থেকে বরকল ব্রিজ পর্যন্ত অংশে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি টাকা। আর চন্দনাইশের বরকল ব্রিজ থেকে গাছবাড়িয়া কলেজ গেইট পর্যন্ত অংশে ১৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই অংশের কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়ার পর কাজ শুরু হবে।’

আরও পড়ুন: চরফ্যাশনে মা ইলিশ পাচারের বড় চেষ্টা ৫ লাখ টাকার বরফসহ ২টি কাভার্ড ভ্যান ও ফিশিং বোট আটক

সওজ সূত্র জানায়, বরকল ব্রিজ থেকে গাছবাড়িয়া কলেজ গেইট পর্যন্ত অংশের দৈর্ঘ্য প্রায় ১০ দশমিক ২ কিলোমিটার। এ অংশের সড়কের প্রস্থ হবে ১০ দশমিক ৩ মিটার। পুরো সড়কটি বর্তমানে ১৮ ফুট প্রশস্ত। যানবাহনের চাপ ও ভবিষ্যৎ যোগাযোগের প্রয়োজন বিবেচনায় সেটি বাড়িয়ে ৩৪ ফুট করা হবে। এই প্রকল্পের আওতায় সড়কের যেসব অংশে বেশি বাঁক রয়েছে, সেগুলোও সরল করা হবে। এ জন্য কিছু জায়গা নতুন করে অধিগ্রহণের প্রয়োজন রয়েছে। সড়কের চন্দনাইশ অংশেও থাকছে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন। প্রতিটি বাজার এলাকায় নির্মাণ করা হবে আরসিসি রিজিড পেভমেন্ট, থাকবে ড্রেনেজ ব্যবস্থা। পাশাপাশি নির্মাণ করা হবে ৯টি ব্রিজ-কালভার্ট। ফলে সড়কটি শুধু প্রশস্তই হবে না, ভবিষ্যতে বাড়তি যানবাহনের চাপ সামলানোর উপযোগী করেও গড়ে তোলা হবে।

শুধু যাত্রী পরিবহন নয়, দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতেও এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার পর্যন্ত ব্যবসা-বাণিজ্য ও শিল্পের সম্ভাবনা বেগবান করা এবং যানজট নিরসনেও ভূমিকা রাখবে এই সড়কটি।

সওজের চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা আরও বলেন, ‘সবকিছু হচ্ছে টানেল কার্যকর করার প্রয়োজন এবং বাস্তবতাকে গুরুত্ব দিয়ে। ঠিকাদার কাজ শুরু করার দুই বছরের মধ্যে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার কথা রয়েছে।’

সড়কটি সম্পর্কে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু বাসসকে বলেন, ‘শ্বেতহস্তী হিসেবে পরিচিতি পাওয়া, সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়ানো কর্ণফুলী টানেল কার্যকর বা লাভজনক করার ক্ষেত্রে এই সড়কটি নিয়ামক ভূমিকা পালন করবে বলে আমার ধারণা। আর এটার প্রভাব শুধু টানেলেই সীমাবদ্ধ থাকবে না; আনোয়ারা ও চন্দনাইশের মানুষের কর্মমুখী ও বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এতে সড়কের দুই পাশে নতুন ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহনসেবা ও বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠতে পারে। সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতির মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতেও পরিবর্তন আসতে পারে।’

আরও পড়ুন: দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

তিনি বলেন, ‘বিকল্প সড়কটি বাস্তবায়িত হলে আনোয়ারা ও চন্দনাইশের মানুষজন নিজের বাড়িতে থেকেই বাস্তবায়নাধীন চীনা অর্থনৈতিক জোনে কাজ করার সুযোগও পাবে। একই সাথে কর্ণফুলী টানেল, ছয় লেনের সংযোগ সড়ক এবং কক্সবাজারমুখী এই নতুন নেটওয়ার্ক পরস্পরের সঙ্গে যুক্ত হলে দক্ষিণ চট্টগ্রামে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, ব্রেন্ট ক্রুড ১০২ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, ব্রেন্ট ক্রুড ১০২ ডলার ছাড়াল

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও উত্তপ্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকট এবং হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে ব্র্যান্ডভেদে তেলের দামে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (৫ অক্টোবর, ২০২৪/২০২৬) টোকিও ট্রেডিংয়ে ব্যারেলে ব্র্যান্ডভিত্তিক দামে ভিন্ন চিত্র দেখা যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১০২ ডলার অতিক্রম করে ১০২.৩১ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সূচক মুরবান ক্রুডের দাম ব্যারেলে ১১০ ডলারে উঠে যায়। তবে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এবং প্রাকৃতিক গ্যাসের দামে সামান্য নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট এবং মার্কিন ডব্লিউটিআই-এর মধ্যে বর্তমান ব্যবধান ব্যারেল প্রতি প্রায় ১১ ডলারের বেশি। বিশেষ করে, হরমুজ প্রণালী দিয়ে এশীয় দেশগুলোতে অপরিশোধিত তেল পরিবহনে ঝুঁকি বৃদ্ধি, ট্যাংকার সংকট, অতিরিক্ত বীমা মাশুল এবং দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার বাধ্যবাধকতার কারণে বিশ্ববাজারে আন্তর্জাতিক তেলের দামে এই বাড়তি 'রিস্ক প্রিমিয়াম' যুক্ত হয়েছে।

সুপারট্যাংকারের (VLCC) ভাড়াও রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় আমদানিকারক শোধনাগারগুলোর ওপর চাপ তীব্র হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইন গ্রাঁ প্রি’র সফটওয়্যার ত্রুটি, তদন্তে এফআইএ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


বাহরাইন গ্রাঁ প্রি’র সফটওয়্যার ত্রুটি, তদন্তে এফআইএ

সেপাং সার্কিটে বাহরাইন গ্রাঁ প্রি’র সূচনা সফটওয়্যার ত্রুটির কারণে বাতিল হওয়ার পর ফর্মুলা ওয়ানের নিয়ন্ত্রক সংস্থা এফআইএ পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে।

মালয়েশিয়ার সেপাংয়ে রবিবারের বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার পূর্বে এই সফটওয়্যার ত্রুটির ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গাড়িগুলো হঠাৎ শক্তি হারিয়ে ধীরগতিতে চলতে শুরু করে। এই কারণে রেস বাতিল করতে হয়। খেলোয়াড়রা প্রকাশ্যে তাদের ক্ষোভ জানিয়ে ফেলেন।

ফেরারির সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন এবং রেড বুলের চারবারের চ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টাপেনসহ একাধিক চালক এই সমস্যার সম্মুখীন হন। ভেরস্টাপেন এই অভিজ্ঞতাকে ব্যঙ্গ করে বলেন, এটি যেন “লেগো রেস”।

হ্যামিলটনকে মাঝপথে গাড়ি থামিয়ে পুনরায় চালু করতে হয়, যা তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘটে।

এফআইএ-এর ব্যাখ্যা

গভর্নিং বডি এফআইএ জানায়, “কম ইঞ্জিন স্পিড, কম গ্রিপ, ভেজা আবহাওয়ায় এনার্জি ম্যানেজমেন্ট সেটিংস এবং সেপাং সার্কিটের সেক্টর বিন্যাস—সব মিলিয়ে এক অপ্রত্যাশিত শক্তি ক্ষতি ঘটে।”

এরপর এফআইএ প্রযুক্তি বিভাগ দ্রুত সফটওয়্যার আপডেট করে এনার্জি সীমাবদ্ধতা তুলে নেয়, যাতে দলগুলো রেস শুরুর আগে পাওয়ার ইউনিটে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে।

তারা আরও জানায়, পরীক্ষামূলক পর্যায়ে কিংবা গ্রিডে যাওয়ার ল্যাপে এই সমস্যা ধরা পড়েনি। এফআইএ, দল ও ইঞ্জিন নির্মাতারা যৌথভাবে পূর্ণাঙ্গ তদন্ত করবে।

টম্বাজিসের মন্তব্য

এফআইএ’র সিঙ্গেল-সিটার ডিরেক্টর নিকোলাস টম্বাজিস বলেন, প্রি-সিজন টেস্টিংয়ে ভেজা আবহাওয়ার অভাবই বিশৃঙ্খলার বড় কারণ।

“কিছু গাড়ি প্রায় থেমে যায়, এক ধরনের কনসার্টিনা প্রভাব তৈরি হয়। সফটওয়্যার বাগ শক্তি পুনঃবণ্টন বন্ধ করে দেয়, ফলে গাড়ি পুনরায় চালু হতে পারেনি,” তিনি জানান।

টম্বাজিস আরও বলেন, “যদি আরও কিছু টেস্টিং হতো, আমরা হয়তো সময়মতো সমস্যাটি ধরতে পারতাম। কখনও কখনও কিছু বিষয় চোখ এড়িয়ে যায়, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে পরেরবার আরও ভালো কাজ করা যায়।”

সিজনের প্রথম ভেজা রেস উইকেন্ড ছিল সেপাংয়ে। যদিও মূল রেস চলাকালে ট্র্যাক শুকিয়ে যায়।

এই ঘটনাটি নতুন যুগের গাড়ি ও ইঞ্জিন নিয়ে চালকদের অসন্তুষ্টি আরও বাড়িয়ে দিল, যেখানে বিদ্যুৎ-নির্ভর শক্তি ব্যবস্থাপনা শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশাবাদ

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার আশাবাদ প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদী এলএনজি এবং সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। উভয় পক্ষই বিশ্বাস করে যে, এই পদক্ষেপ দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে আরও বেগবান করবে।

আলোচনাকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়াই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি এই ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ওষুধ পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, ডাক্তার ও নার্সসহ বাংলাদেশের দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষে আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। সফরটি সফল করতে সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর জোর দেন তিনি।

এ ছাড়া, বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা কাটছে না, যদিও একটি দাবি ঘিরে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১৪তম দিনে প্রবাহিত হচ্ছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন। তারা মানববন্ধন ও র‍্যালি কর্মসূচি পালন করছেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন চুয়েট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা। এরপর দুপুর সাড়ে ১২টায় উপাচার্য ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি স্বাধীনতা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম মন্তব্য করেন, "অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানিয়ে আমরা আন্দোলন করে আসছি। এরই অংশ হিসেবে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, শিক্ষার্থীদের ছাত্রজীবন যেন বিলম্বিত না হয়। আমরা অত্যন্ত অহিংসভাবে আন্দোলন করছি। কোনো ধরনের ভাঙচুর বা রাস্তা অবরোধের মতো কর্মসূচি আমরা পালন করছি না। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হোক।"

এদিকে শিক্ষক দিবস উপলক্ষে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থাকা চুয়েটের শিক্ষকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

যন্ত্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, "আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে যেখানে আমাদের শ্রেণিকক্ষে থাকার কথা, সেখানে আন্দোলনের ১৪তম দিনেও আমাদের অবস্থান কর্মসূচিতে থাকতে হচ্ছে। দাবি পূরণের জন্য আজও আমাদের রাস্তায় থাকতে হচ্ছে। আজ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একসঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি। আমরা চাই, অতিদ্রুত এই সমস্যার সমাধান হোক। সে কারণেই আমরা তাদের সঙ্গে একাত্ম হয়ে অবস্থান করছি। আমরা দ্রুত এ সমস্যার একটি সমাধান চাই।"

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ওই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এ পর্যন্ত লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল, মুখোশ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে এখনো দাবির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় চুয়েটে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%