সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১০ পি.এম
সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট শুরুতে বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সময় সোমবার বেলা দেড়টায় টস হওয়ার কথা ছিল। এই সময় আম্পায়াররা ছাতা মাথায় নিয়ে মাঠের অবস্থা পর্যালোচনা করছেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠকর্মীরা মূল পিচ এবং বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন।
বাংলাদেশ দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পরাজিত হয়ে পিছিয়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যখন শিশুদের হাসি, স্বপ্ন এবং শৈশব যুদ্ধ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নির্মমতায় থমকে যায়, তখন শিল্প হয়ে ওঠে প্রতিবাদ, বেদনা ও স্মৃতি সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারক চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে আয়োজন করা হয়েছে।
‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এ আয়োজনটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলা দ্বারা পরিচালিত। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের শিকার শিশুদের জীবন, স্বপ্ন, বেদনা এবং প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়।
এছাড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনী শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি করবে। একই সঙ্গে শিল্পের ভাষায় যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক আয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকটের কারণে বিচার প্রার্থীরা বছরের পর বছর আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন।
এ পরিস্থিতিতে মামলার বাদী ও বিবাদীরা তাদের বিচার না পেয়ে অর্থনৈতিক, শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আইনজীবীরা এই সমস্যার কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে বিচার দেয়ার জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন।
গত দুই বছর ধরে জামালপুর জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকটের কারণে স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিচারপ্রার্থীরা বছরের পর বছর আদালতে এসে মামলা জটের কারণে হয়রানির শিকার হচ্ছেন। তাদেরকে বাড়তি খরচসহ আদালতে এসে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।
বিচার প্রার্থীরা মেলান্দহ উপজেলার মহসি আলী বলেন, "দূরদূরান্ত থেকে এসে খুব পেরেসানি হচ্ছে।" বিচারক সংকটের কারণে বাদি বিবাদীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে। তাদের দাবি দ্রুত সময়ে বিচারক নিয়োগ দেন।
মাদারগঞ্জের ফেরদৌস হোসেন বলেন, "মারামারি মিথ্যা মামলা নিয়ে আদালতে জামিনের জন্য এসেছি। আজকেও শুনানি হয়নি। তারিখ পড়েছে। আমরা সময় নষ্ট করে আসি। কিন্তু কাজ এগিয়ে নিতে পারছি না। উকিল মহুরীরা শুধু তারিখ ফালায়। সারাদিন ঘুরে ফিরে চলে যেতে হচ্ছে। উকিল মহুরিরা তো টাকা নিতে ছাড়ে না। আমরা মামলায় পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছি।"
আর আইনজীবী ইউসুফ আলী বলেন, "চিফ জুডিশিয়াল আদালতে মাত্র ৪ জন বিচারক আছেন। যেখানে বিচারক থাকার কথা ১২ জন। এ কারণে গত এক বছর যাবত ভয়াবহ মামলা জটের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র জামিন শুনানি আর মামলা ফাইলিং ছাড়া অন্য কিছু হচ্ছে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছে। এই পরীক্ষাগুলি দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে সম্পন্ন করতে হবে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। এক্স-রে ও ইসিজির রিপোর্ট জমা দেওয়ারও প্রয়োজন রয়েছে।
এছাড়া, দুরারোগ্য ও গুরুতর রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষাও করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম (ইউএসজি অব কেইউবি) ও সিরাম ইউরিয়া পরীক্ষা করাতে হবে।
লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তের জন্য কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান এবং গর্ভাবস্থার জটিলতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। এর পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের পুন্ডুরা সেওড়াতলা এলাকায় দীর্ঘ ৭০-৮০ বছর ধরে ব্যবহৃত চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০টি পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, পুন্ডুরা সেওড়াতলা এলাকার এই পথ দিয়ে প্রায় ৭০-৮০ বছর ধরে স্থানীয় লোকজন চলাচল করে আসছেন। কিন্তু গতকাল রাতে পুন্ডুরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাদশা মিয়া লোকজন নিয়ে রাস্তাটিতে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় অটোরিকশা চালকেরা তাঁদের যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। এমনকি রিকশা নিয়েও বাড়িতে প্রবেশ করতে পারছেন না কেউ কেউ। ফলে দৈনন্দিন যাতায়াত, জরুরি প্রয়োজনে চলাচলসহ নানা ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
এদিকে রাস্তা বন্ধের কারণ জানতে এবং বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুপুর ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিরোধের বিষয়টি জানার চেষ্টা করেন।
এ বিষয়ে অভিযুক্ত বাদশা মিয়া জানান, তাঁর বাপ-দাদার আমল থেকেই ওই পথ দিয়ে লোকজন চলাচল করে আসছেন। তবে রাস্তার জায়গাটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত জমির ওপর দিয়ে গেছে। এককভাবে তিনি ওই জমি ছেড়ে দিতে পারবেন না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা চলাচলের পথটি সচল রাখতে এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ