ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মিন অং হ্লাইংয়ের হাতে রাজনৈতিক জিম্মি অং সান সু চি


মিন অং হ্লাইংয়ের হাতে রাজনৈতিক জিম্মি অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বর্তমান পরিস্থিতি দেশের নতুন সরকারের বৈধতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সরকার আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তবে সু চিকে মুক্তি দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ নেই। রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে তাকে একধরনের ‘রাজনৈতিক জিম্মি’ হিসেবে আটকে রাখা হয়েছে।

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে, মিয়ানমারের সরকার সাবেক নেত্রী অং সান সু চির কিছু নিম্নমানের ছবি প্রকাশ করে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে তিনি সামরিক বাহিনীর হেফাজতে রয়েছেন, যা পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্দিজীবন নির্দেশ করে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সকালে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে ক্ষমতাচ্যুত করা হয়। ওই দিনই তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং তাকে আটক করে। এরপর থেকে তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব

সামরিক সরকার সু চিকে আটক রাখার জন্য আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত, উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং মিয়ানমারের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে, বাইরের বিশ্ব সু চিকে প্রায় দেখতেই পায়নি। ২০২৬ সালের এপ্রিল, আগস্ট ও অক্টোবরে প্রকাশিত কয়েকটি ছবি ছাড়া তার শারীরিক অবস্থার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তার এক ছেলেসহ কয়েকজন তার বেঁচে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

সু চির ছবি প্রকাশ কিংবা তার সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়ার মাধ্যমে উদ্বেগ প্রশমিত করার চেষ্টা করছে মিয়ানমারের কর্তৃপক্ষ। তবে এর পেছনে মানবিক বিবেচনার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশও রয়েছে।

ক্ষমতার বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভ্রমণে নাগরিকদের জন্য ৬ দেশের নিষেধাজ্ঞা

সামরিক শাসন থেকে নামমাত্র বেসামরিক সরকারের দিকে উত্তরণের পর, আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মিয়ানমারের নতুন সরকার। এ উদ্দেশ্যে সু চির বিষয়ে কিছু তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক উদ্বেগ কমানোর চেষ্টা করা হচ্ছে।

তবে নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন সেই ব্যক্তি, যিনি ২০২১ সালের অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং।

২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারিতে, মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি নির্বাচন আয়োজন করা হবে। গণতন্ত্রপন্থি শক্তিগুলো ব্যাপকভাবে নির্বাচন বর্জন করবে, ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। প্রত্যাশিতভাবেই, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বিপুল ব্যবধানে জয়লাভ করবে।

এরপর, এপ্রিলে সামরিক বাহিনীর প্রভাবাধীন পার্লামেন্ট মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। এর মাধ্যমে সাবেক এই সেনাপ্রধান তার শাসনের পক্ষে একটি নির্বাচনী প্রক্রিয়ার বৈধতার আবরণ তৈরি করতে সক্ষম হন।

আরও পড়ুন: মার্চের পর অক্টোবরে চীনে সর্বোচ্চ অপরিশোধিত তেল আমদানি

সু চিকে পুরোপুরি মুক্তি দিতে চান না মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হওয়ার পর, মিন অং হ্লাইংয়ের প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদও কমানো হয়।

তবে দ্য ডিপ্লোম্যাট মনে করে, এসব পদক্ষেপকে সু চির মুক্তির ইঙ্গিত হিসেবে দেখা উচিত নয়। মিন অং হ্লাইংয়ের রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত স্বার্থ—দুই কারণেই সু চিকে পুরোপুরি মুক্তি দেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

সু চির মুক্তি মিয়ানমারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে, তাকে বন্দি রেখে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকারের গণতান্ত্রিক বৈধতার দাবিও আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়তে পারে। ফলে সাবেক এই নেত্রীর ভবিষ্যৎ এখনো মিয়ানমারের ক্ষমতার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

আরও পড়ুন: ইরানকে পরমাণু অস্ত্র গড়তে দেয়া হবে না, পরবর্তী হামলা হবে পাঁচ গুণ বড়: ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি থেকে পদত্যাগ করে সারজিস আলমকে ‘ভণ্ড’ বললেন ফজলুল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


এনসিপি থেকে পদত্যাগ করে সারজিস আলমকে ‘ভণ্ড’ বললেন ফজলুল করিম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে দলের হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় ফজলুল করিম এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, মুখে এক কথা বললেও সারজিস আলমের কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ফজলুল করিম বলেন, "আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখে আসছিলাম, আমার মনে হচ্ছে এনসিপি সেখান থেকে লাইনচুত হয়েছে।" তিনি আরও জানান, পদত্যাগের কারণ নিয়ে সারজিস আলমের সঙ্গে চ্যাটিং হয়েছে এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফের সচিব মাহির কাছেও কল রেকর্ড রয়েছে। তিনি বলেন, "পদত্যাগের পরও আমাকে বহিষ্কার দেখায় এনসিপি। যেটা নিছক একটা ‘ভণ্ডামি’।"

তিনি বলেন, "পদত্যাগ করার পরও বহিষ্কার দেখিয়ে তারা দেশ ও জাতিকে এটাই বুঝাতে চাচ্ছেন, আমরা তাদের বহিষ্কার করছি। কিন্তু সারা বিশ্বে এটা অলরেডি জেনে গেছে, এনসিপির যে মূল আদর্শ ও নীতি, সেটা থেকে সরে গেছে।" ফজলুল করিম জানান, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিলাম, এখন মনে হচ্ছে এটা আমাদের ভুল ছিল।

তার অভিযোগ, এনসিপির হবিগঞ্জ জেলার কমিটিতে অনেক চাঁদাবাজ ও মাদককারবী রয়েছে। তিনি বলেন, "এই কমিটিতে যোগ্যদের পেছনে রেখে অযোগ্যদের মূল্যায়ণ করা হচ্ছে।"

ফজলুল করিম বলেন, "আমরা মনে করেছিলাম দলটির উদ্দেশ্য আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু এদের উদ্দেশ্যই অসৎ। এরা আসলেই ভণ্ড। সারজিস সালম থেকে শুরু করে কেন্দ্রে যারা আছেন, সকলের ভেতরেই ভণ্ডামি।" এসব ছাড়াও তিনি দলের নানা কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তোলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার সরকার সামরিক নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


মিয়ানমার সরকার সামরিক নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি করছে

মিয়ানমারের সামরিক সরকার ২০০৮ সালের সংবিধানে ‘ফেডারেলিজম’ বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে। তবে, প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনীর অন্তর্নিহিত উদ্দেশ্য হল কেন্দ্রীয় সামরিক কর্তৃত্বকে অক্ষুণ্ণ রাখা। আঞ্চলিক আইন প্রণয়নের সুযোগ দেওয়া হলেও, সেগুলো কেন্দ্রীয় সংবিধানের অধীনে থাকবে। একই সঙ্গে রাজ্য ও অঞ্চলের সীমানা পরিবর্তনের প্রক্রিয়াও কঠিন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রকৃত ক্ষমতা বিকেন্দ্রীকরণের পরিবর্তে সামরিক নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি করতে চাচ্ছে জান্তা সরকার।

মিয়ানমারের সামরিক বাহিনী, তাতমাদাও, দীর্ঘকাল ধরে ফেডারেলিজমকে জাতীয় বিচ্ছিন্নতার সমার্থক হিসেবে তুলে ধরেছে। এই আশঙ্কা সামনে রেখে ১৯৬২ সালের সামরিক অভ্যুত্থান এবং পরবর্তী কর্তৃত্ববাদী শাসনের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তবে, দীর্ঘদিনের অবস্থান থেকে সরে এসে ২০২৬ সালের জুলাইয়ে জান্তা সরকার ২০০৮ সালের সংবিধানে ‘ফেডারেল’ শব্দটি অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মত হয়েছে।

সংবিধানের ৮ নম্বর ধারায় আগে বলা হয়েছিল, ‘ইউনিয়ন রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তিতে গঠিত’। সংশোধনীর মাধ্যমে বলা হবে, ‘ইউনিয়ন গণতন্ত্র ও ফেডারেলিজমের ভিত্তিতে প্রতিষ্ঠিত’।

দীর্ঘদিন ধরে প্রকৃত ফেডারেল রাষ্ট্রব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসা বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠনের কাছে এটি প্রাথমিকভাবে বড় ধরনের ছাড় বলে মনে হতে পারে। কিন্তু প্রস্তাবিত সংশোধনীগুলো পর্যালোচনা করলে দেখা যায়, সরকার কেন্দ্রীয় সামরিক কর্তৃত্ব বজায় রেখেই সীমিত স্বায়ত্তশাসনের ব্যবস্থা করতে চাইছে।

সংবিধানের ১৮৮(ক) ধারায় সংশোধনীর মাধ্যমে আঞ্চলিক আইনসভাগুলোকে নিজস্ব ‘মৌলিক আইন’ প্রণয়নের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এসব আইনকে নিজস্ব আঞ্চলিক সংবিধানের মর্যাদা দেওয়া হচ্ছে না।

কানাডা ও ভারতের মতো ফেডারেল রাষ্ট্রেও প্রাদেশিক বা রাজ্য পর্যায়ের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থাগুলো কেন্দ্রীয় সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে আলাদা আঞ্চলিক সংবিধান না থাকাই ফেডারেল ব্যবস্থার প্রধান বাধা নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রদেশ বা রাজ্যগুলোর নিজস্ব রাজস্ব আদায়ের সাংবিধানিক ক্ষমতা, কার্যকর স্বায়ত্তশাসন এবং কেন্দ্রের হস্তক্ষেপ থেকে সুরক্ষা রয়েছে কি না।

মিয়ানমারের জান্তা সরকারের প্রস্তাবে আঞ্চলিক মৌলিক আইনগুলো সাধারণ আইন হিসেবেই থাকবে এবং ২০০৮ সালের সংবিধানের অধীনে থাকবে। ফলে কোন অঞ্চলের কতটুকু ক্ষমতা থাকবে, তা নির্ধারণের চূড়ান্ত কর্তৃত্ব কেন্দ্রের হাতেই থেকে যাবে। এতে প্রকৃত ক্ষমতা হস্তান্তর ছাড়াই স্বায়ত্তশাসনের একটি বাহ্যিক চিত্র তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকেরা এ ধরনের ব্যবস্থাকে ‘নামসর্বস্ব ফেডারেলিজম’ হিসেবে দেখছেন।

জান্তা সরকারের ফেডারেলিজম কৌশল শুধুমাত্র সংবিধান সংশোধনের মধ্যেই সীমাবদ্ধ নয়। শান্তি প্রক্রিয়াকেও নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে তারা। ২০১৫ সালে স্বাক্ষরিত দেশব্যাপী অস্ত্রবিরতি চুক্তির (এনসিএ) পাশাপাশি ২০২৫ সালে ‘এনসিএ প্লাস’ নামে নতুন সংলাপের উদ্যোগ নেয় সামরিক সরকার। এর আওতায় আগে এনসিএতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানো চীন-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়।

প্রস্তাবিত কাঠামোয় বিভিন্ন গোষ্ঠীর জন্য ধাপে ধাপে স্বায়ত্তশাসনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। যেসব গোষ্ঠীর স্বীকৃত নিয়ন্ত্রিত এলাকা নেই, তাদের জন্য ‘বিশেষ অঞ্চল’; যাদের আগে থেকেই বিশেষ অঞ্চল রয়েছে, তাদের জন্য ‘স্বশাসিত এলাকা’ এবং যাদের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, তাদের জন্য পূর্ণাঙ্গ ‘রাজ্য’ গঠনের সুযোগ দেওয়ার ধারণা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ব্যবস্থার উদ্দেশ্য জাতিগত সশস্ত্র সংগঠনগুলোকে আলাদা আলাদাভাবে ছাড় দিয়ে নিজেদের পক্ষে টানা। অর্থাৎ বিভক্ত করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পুরোনো কৌশলই নতুনভাবে প্রয়োগ করতে চাইছে জান্তা সরকার।

এদিকে রাজ্য বা অঞ্চলের সীমানা পরিবর্তনের প্রক্রিয়া আরও কঠিন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো রাজ্য বা অঞ্চলের সীমানা পরিবর্তন করতে হলে শুধু সংশ্লিষ্ট টাউনশিপের বাসিন্দাদের মতামত নিলেই হবে না; পুরো প্রভাবিত রাজ্য বা অঞ্চলের জনগণের মধ্যে গণভোট আয়োজন করতে হবে।

এর আগে ১৯৭৪ সালে নে উইন নতুন সংবিধানের মাধ্যমে মোন ও রাখাইন জনগোষ্ঠীকে রাজ্যের মর্যাদা দিয়েছিলেন। সে ক্ষেত্রে বর্তমানের মতো কঠোর গণভোটের বাধ্যবাধকতা ছিল না।

ফেডারেল ব্যবস্থায় সীমানা পরিবর্তনের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠের সমর্থন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি থাকা স্বাভাবিক বিষয়। কিন্তু মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে এসব নিয়মের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তাদের মতে, প্রকৃত ক্ষমতা ভাগাভাগি, রাজস্বের বিকেন্দ্রীকরণ কিংবা প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করার আগেই এসব পদ্ধতিগত শর্ত যুক্ত করা হয়েছে। ফলে নতুন রাজ্যের দাবি জানানো ওয়া এবং পালাউংয়ের মতো জাতিগোষ্ঠীকে দীর্ঘ ও জটিল অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আটকে রাখার সুযোগ তৈরি হয়েছে।

প্রস্তাবিত আরেকটি সাংবিধানিক সংশোধনীতে সামরিক বাহিনীকে ‘সব জাতিগোষ্ঠীর সদস্যদের সমন্বয়ে গঠিত’ হিসেবে বর্ণনা করার কথা বলা হয়েছে। এর মাধ্যমে প্রধানত বামার জনগোষ্ঠী-প্রধান সামরিক বাহিনীর ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।

তবে অতীত অভিজ্ঞতা এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ২০০৯-১০ সালে সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড ফোর্স) গঠনের উদ্যোগের মাধ্যমে জাতিগত সশস্ত্র সংগঠনগুলোকে কেন্দ্রীয় সামরিক কমান্ডের অধীনে নিয়ে আসার চেষ্টা করেছিল জান্তা সরকার। কিছু সংগঠন এতে সম্মত হলেও অন্যরা প্রতিরোধ গড়ে তোলে।

পরবর্তী সময়ে এসব গোষ্ঠীর কয়েকটি বিভিন্ন অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। এর মধ্যে অনলাইন প্রতারণা চক্র এবং মাদক পাচারের মতো অপরাধও রয়েছে।

নতুন প্রস্তাবে জাতিগত সশস্ত্র সংগঠনগুলোকে ‘রাজ্য রক্ষীবাহিনী’ হিসেবে সংগঠিত করার কথা বলা হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে শহরের উপকণ্ঠ পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, সশস্ত্র গোষ্ঠীগুলোর স্বার্থান্বেষী নেতাদের কাছে এ প্রস্তাব আকর্ষণীয় মনে হতে পারে। এর মাধ্যমে তারা নিজেদের নিয়ন্ত্রিত এলাকার অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবেন। তবে এমন ব্যবস্থা শান্তির বদলে যুদ্ধনির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারে।

এ ধরনের পরিস্থিতিকে ‘অস্ত্রবিরতি-নির্ভর নব্য পুঁজিবাদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ নামমাত্র আনুগত্যের বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধকালীন অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ ব্যবস্থাকে নিরাপত্তা খাতের প্রকৃত সংস্কার বলে ভুল করতে পারে।

বিরোধীদের ঐক্য ভাঙার চেষ্টা

জান্তা সরকারের এই কৌশলের আরেকটি লক্ষ্য হলো ‘বসন্ত বিপ্লব’ বা স্প্রিং রেভল্যুশনের বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করা। বিশেষ করে বামার-প্রধান পিপলস ডিফেন্স ফোর্সেসকে (পিডিএফ) তাদের মিত্র জাতিগত প্রতিরোধ সংগঠনগুলো থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।

কিছু জাতিগত সশস্ত্র গোষ্ঠী সামরিক সরকারের প্রস্তাবিত ফেডারেল ব্যবস্থাকে স্বল্পমেয়াদি রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা আদায়ের সুযোগ হিসেবে দেখতে পারে। এতে বিরোধী পক্ষের সম্মিলিত প্রতিরোধ দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বিরোধী শক্তিগুলোও এখন পর্যন্ত ফেডারেল রাষ্ট্রব্যবস্থার একটি ঐক্যবদ্ধ বিকল্প তুলে ধরতে পারেনি।

গত পাঁচ বছরের বেশি সময় ধরে চলা বিপ্লবের মধ্যে জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এবং তাদের মিত্ররা ফেডারেল ডেমোক্রেসি চার্টার তৈরি করেছে। পাশাপাশি তারা কমন পলিটিক্যাল অ্যাগ্রিমেন্ট নিয়ে কাজ করেছে এবং ফেডারেল ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের ধারাগুলোর খসড়াও প্রণয়ন করেছে।

জান্তার নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত এসব উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র গঠনের চেষ্টা করা হচ্ছে। উদ্যোগগুলোতে সীমাবদ্ধতা ও বিভক্তি থাকলেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি বাস্তবভিত্তিক কাঠামো তৈরির সম্ভাবনা রয়েছে।

তবে এসব উদ্যোগ এখনো গুরুত্বপূর্ণ কয়েকটি জাতিগত সশস্ত্র সংগঠনের সমর্থন পায়নি। এর মধ্যে রয়েছে ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ), তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)।

এর পেছনে চীনের প্রভাব ও রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চীনের দক্ষিণ সীমান্তসংলগ্ন উত্তর মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ফেডারেল ব্যবস্থার প্রতি সমর্থন তৈরিতে বেইজিং আগ্রহী নয়।

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের পর অন্তর্ভুক্তিমূলক ফেডারেল ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ সুযোগে চীন ও রাশিয়া কর্তৃত্ববাদী এবং ওপর থেকে চাপিয়ে দেওয়া শাসনব্যবস্থার ধারণা এগিয়ে নিচ্ছে।

ফলে বিপ্লবী জোটের মধ্যেও বিভক্তি তৈরি হয়েছে। এক পক্ষ তৃণমূল থেকে ফেডারেল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পক্ষে, অন্য পক্ষ ওপর থেকে কাঠামোগত পরিবর্তন চাপিয়ে দেওয়ার ধারণার সঙ্গে যুক্ত।

প্রকৃত সংস্কার নাকি সামরিক কর্তৃত্বের নতুন মোড়ক?

জান্তা সরকার ও বিরোধী পক্ষ—উভয়েই ফেডারেল ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থন আদায়ের প্রতিযোগিতায় নেমেছে। এ পরিস্থিতিতে যারা দ্রুত ও দৃশ্যমান ছাড় দিতে পারবে, তারা সাময়িকভাবে এগিয়ে থাকতে পারে।

তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, এসব ছাড়ের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা। কোনো উদ্যোগ সত্যিকার অর্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্ষমতার কাঠামো সংস্কার করছে, নাকি সামরিক আধিপত্যকে নতুন নামে প্রতিষ্ঠা করছে, তা আলাদা করে বিবেচনা করা জরুরি। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে গড়ে ওঠা ফেডারেল ব্যবস্থার উদ্যোগগুলোকে স্বীকৃতি ও সহায়তা দেওয়া প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, শুধু গণতন্ত্রের নাম ব্যবহার করলেই কোনো রাজনৈতিক ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিশ্চিত হয় না। একইভাবে ফেডারেলিজমের ক্ষেত্রেও এর মূলনীতি ও বাস্তব প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মিয়ানমারে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রকৃত ক্ষমতা ভাগাভাগি নিশ্চিত করতে হবে। কেবল সাময়িক অস্ত্রবিরতি ধরে রাখতে ফেডারেল ব্যবস্থার বাহ্যিক অনুকরণ করলে তা শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী শাসনকেই দীর্ঘায়িত করবে।

লেখক সিকে চান মিয়ানমারের নিউ রেহমোনিয়া ফেডারেটেড ফোর্সের সেন্টার ফর রামান্নাদেশা স্টাডিজের গবেষক।

সূত্র: ইস্ট এশিয়া ফোরাম (ইএএফ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইট।

সোমবার, হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক আকস্মিক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের প্রস্তাবটি মূলত মজার ছলেই দেওয়া হয়েছিল।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছেন। তার এই ঘোষণায় বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। তবে এর এক দিন পর, ৮০ বছর বয়সী ট্রাম্প জানান, তিনি কথাটি মজা করেই বলেছিলেন।

সোমবার, ৫৭ বছর বয়সী কেজ ফাইটিং সংস্থার প্রধান হোয়াইট হাউসে যান। পরে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসের জেমস ব্র্যাডি ব্রিফিং রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। তবে, সংবাদ সম্মেলনটি ছিল বেশ বিশৃঙ্খল ও হট্টগোলপূর্ণ।

ট্রাম্প ডানা হোয়াইটকে উদ্দেশ্য করে বলেন, ‘তাহলে আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। আপনি কি যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি হতে চান, নাকি এই উদ্ভট ইউএফসি নিয়েই থাকতে চান? কী বলেন?’

জবাবে, হোয়াইট বলেন, ‘এই প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ। তবে না, না—আমি রাজনীতিতে আসতে চাই না।’

এ কথা শুনে ট্রাম্প মুচকি হাসেন এবং কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘এ কথা শুনে আমি ভীষণ মর্মাহত হলাম। সবাইকে বিদায়।’

গত ১৬ অক্টোবর কেটি জাকারিয়া দায়িত্ব ছাড়ার পর থেকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদটি শূন্য রয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেন।

এর আগে, এ পদে থাকা ক্যারোলিন লেভিট প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন এবং গত আগস্টে সরে দাঁড়ান। তিনি সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত ও আক্রমণাত্মক বাক্যবিনিময়ের জন্য পরিচিত ছিলেন।

ট্রাম্প যখন ডানা হোয়াইটকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন, তখন তাকে 'সহিংস যোদ্ধা ও লড়াকু ব্যক্তি' হিসেবে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়। অনেকে ধারণা করেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন গণমাধ্যমের সঙ্গে আরও কঠোর অবস্থান নিতে চাইছে।

ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। চলতি বছরের শুরুতে, হোয়াইট হাউসের লনে আয়োজিত বিশাল ইউএফসি লড়াইয়ের অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তবে, ট্রাম্পের এই ঘোষণার সত্যতা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। রোববার রাতে, ট্রাম্প নিজেই জানান, তিনি বিষয়টি মজা করে বলেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানায় ৩ শ্রমিকের শ্বাসরোধে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ এম


ভারতের আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানায় ৩ শ্রমিকের শ্বাসরোধে মৃত্যু

দক্ষিণ ভারতের টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় তিনজন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু শ্বাসরোধজনিত কারণে ঘটেছে। এই কারখানায় অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন করা হয়। মঙ্গলবার রয়টার্সের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, তামিলনাড়ু রাজ্যের হোসুরে অবস্থিত কারখানাটিতে পানির ট্যাংক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই শ্রমিকরা। এই কাজের সময় শ্বাসরোধে তাদের মৃত্যু ঘটে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার এই ঘটনা ঘটে।

রয়টার্স টাটা ইলেকট্রনিকসের সাথে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চেয়েছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী ভিরুধাই মাগাল কীর্থনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, "প্রতিটি শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।" তিনি আরও বলেন, "এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের ফল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%