১০:৫১ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ভাঙ্গা থানায় রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম এই মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গত ১৭ নভেম্বর রাত ৭টা ২০ মিনিটের দিকে কৃষক দলের ভাঙ্গা উপজেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকুপুরা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান
রাত পৌনে ৮টার দিকে মামলায় উল্লেখিত আসামিসহ ১০০ থেকে ১৫০ জন নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা ১ নম্বর আসামি নিক্সন চৌধুরীর নির্দেশে ও অর্থায়নে হামিরদী বাসস্ট্যান্ডে হাইওয়ে সড়ক অবরোধ করে। তারা মশাল জ্বালিয়ে ইটের খোয়া, পাথরের টুকরা, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র সড়কি, কাতরা, রামদা, চাপাতি, ককটেল বোমা নিয়ে রাজুকে আটকে ধারালো সড়কি দিয়ে কুপিয়ে কোমরের ডানপাশে গুরুতর জখম করে।
এরপর রাজুকে বেধরক মারপিট করে রাস্তা দিয়ে টেনে-হেঁচড়ে পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত রক্তাক্ত জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেলসহ আরো দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নাশকতা ও মাদকবিরোধী কঠোর ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন