১১:২০ এম
ইসরায়েল থেকে অস্ট্রিয়াগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে, কারণ বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। বিমানে ৫১ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন।
বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানটি যখন রোমানিয়ার আকাশসীমায় ছিল, তখন বোমা হামলার হুমকি আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বুলগেরীয় বিমান বাহিনী দ্রুত একটি মিগ-২৯ যুদ্ধবিমানকে সুরক্ষার জন্য আকাশে পাঠায়।
প্রথম সতর্কতা জারির প্রায় ৩০ মিনিট পর বিমানটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। অবতরণের পর দ্রুত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কর্তৃপক্ষ বিমানে নিরাপত্তা তল্লাশি চালায়।
আরও পড়ুন: সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
অস্ট্রিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ বোমা হুমকির সত্যতা নিশ্চিত করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বুলগেরীয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইটে একের পর এক নিরাপত্তা সতর্কতা ও আতঙ্কের ঘটনার ধারাবাহিকতায় এই জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন