ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী


স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে অপসারিত সরকারের শীর্ষ স্বৈরাচারীদের আইনানুগ বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, "জনগণের চোখের সামনে গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছে, তারা আজ কীসের ভিত্তিতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে?"

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রীর মন্তব্যের উদাহরণ টেনে, শেখ হাসিনার আমলে তাদের আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য বা কথা মিডিয়ায় প্রচার করা যায় না। অথচ আজকে যিনি শত শত শহীদের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেলেন, তিনি নাকি আবার দেশে ফেরার জন্য এনআইডি আর পাসপোর্ট চান। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিমসহ প্রায় ১৪ শত শিশু-কিশোর ও তরুণ শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই মানবতাবিরোধী অপরাধের বিচার হতে হবে।"

আরও পড়ুন: শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

তিনি আরো বলেন, "তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে তিনি প্রায় পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং চিকিৎসার জন্য নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে, গণঅভ্যুত্থানের মুখে দেশের মানুষের সামনে থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।"

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, "দেশের জনগণ কোনো আমি-ডামি বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাসী নয়। সবার অংশগ্রহণে এবং অবাধ-সুষ্ঠু ভোটের মাধ্যমে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধানে দেওয়া আইনের প্রয়োগ সুনিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।"

বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, "শিক্ষার্থীদের আজকের এই মেধা ও কীর্তি অসাধারণ। প্রতিভার এই অনন্য ছাপ বজায় থাকলে এরাই হবে বাংলাদেশের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: ভারত, হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, তিনি স্বামী-স্ত্রী উভয়েই চাকরি করুক—এটি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। তিনি সন্তানের লালন-পালন ও তাদের মানসিক বিকাশে বাবা-মায়ের প্রত্যক্ষ সান্নিধ্যের গুরুত্ব তুলে ধরার জন্য এই মতামত প্রকাশ করেন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের সময় এক যুবকের সঙ্গে কথোপকথনের মধ্যে প্রতিমন্ত্রী বলেন, "সমাজে স্বামী-স্ত্রী দুজন চাকরিজীবী হলে কোনো সমস্যা নেই, তবে এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।" তিনি ব্যাখ্যা করেন যে, পরিবারে উভয়ে চাকরিজীবী হলে সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরো বলেন, "সন্তান জন্ম নেওয়ার পর হয়তো প্রশ্ন উঠতে পারে যে, মেয়েরা কি শুধুই সন্তান মানুষ করার জন্য জন্ম নিয়েছে?" তিনি উল্লেখ করেন যে, বিষয়টির মূল জায়গা আসলে তা নয়। সন্তানকে অন্য কেউ মানুষ করে দিতে পারে, কিন্তু বাবা-মায়ের প্রত্যক্ষ ছত্রছায়ায় সন্তান বেড়ে উঠলে তাদের মধ্যে সম্পূর্ণ আলাদা এক উপলব্ধি ও মানবিক গুণাবলি তৈরি হয়।

নিজের বক্তব্য যাতে ভিন্নভাবে ব্যাখ্যা না করা হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, "এটি একদমই আমার ব্যক্তিগত অভিমত।" তিনি উল্লেখ করেন যে, মিডিয়ার ভাইয়েরা অনেক সময় যেকোনো বিষয়কে অন্যভাবে উপস্থাপন করে বলে দিতে পারে যে, একই পরিবারের দুজন চাকরি করুক তা মন্ত্রী চান না। তিনি বলেন, "পরিবারের দুজন চাকরি করুক তাতে কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পারিবারিক দিক থেকে ভালো হয়।"

কথোপকথনে উপস্থিত তরুণ জানান, তার মা পূর্বে গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে মীর শাহে আলম বলেন, "মা চাকরি ছেড়ে দিয়ে সন্তানদের সময় দিয়েছেন বলেই আজ তিনি ইঞ্জিনিয়ার হতে পেরেছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা গ্রহণ করলে বাংলাদেশ বিশ্ব অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

তিনি উল্লেখ করেন, যদি বাংলাদেশকে একটি অনন্য ‘ইউনিক’ মডেল হিসেবে বিবেচনা করা হয় এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা গ্রহণ করা যায়, তাহলে ভবিষ্যতের সঠিক নীতি ও দক্ষতা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নিজে ও বিশ্বের অগ্রগতিতে অসাধারণ অবদান রাখতে পারবে।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা সর্বাধিকভাবে কাজে লাগানোর উপায় এবং সম্মানিত সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাজনৈতিক উপদেষ্টা বলেন, জনসংখ্যা এমন একটি খাত, যার প্রভাব বহু বছর পরে অনুভূত হয়। ফলে বর্তমান পরিস্থিতির দূরদর্শী পাঠ এবং রূপান্তর বোঝার সক্ষমতা ভবিষ্যতের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান নিয়ামক হবে।

এছাড়া, বাংলাদেশের এই জ্ঞান ও অভিজ্ঞতা বৈশ্বিক জনসংখ্যার বৈচিত্র্যময় আলোচনাকে সমৃদ্ধ করবে এবং বিশ্বব্যাপী উদীয়মান নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।

রোহিঙ্গা সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অভিজ্ঞতা, সংকট মোকাবিলার অগ্রগতি এবং শিক্ষা ভবিষ্যতের যেকোনো বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা জানান, তিনি আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ইউএনএফপিএ-এর সঙ্গে সহযোগিতার বিষয় তুলে ধরবেন।

তিনি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল ভবিষ্যতে বাংলাদেশের এসব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-রাশিয়ার নেতৃত্বে নতুন ‘অদৃশ্য’ সামরিক জোট, পশ্চিমাদের উদ্বেগ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


চীন-রাশিয়ার নেতৃত্বে নতুন ‘অদৃশ্য’ সামরিক জোট, পশ্চিমাদের উদ্বেগ বৃদ্ধি

চীন এবং রাশিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠিত হয়নি। ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও তাদের মধ্যে নেই। তবে সামরিক প্রশিক্ষণ, যৌথ নৌ ও বিমান মহড়া, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, গোয়েন্দা সহযোগিতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অর্থনৈতিক সমন্বয়ের মাধ্যমে তাদের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্লেষকদের মতে কার্যত ‘অঘোষিত’ বা ‘ছায়া সামরিক জোট’ হিসেবে চিহ্নিত হচ্ছে।

ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোও এই সহযোগিতায় যুক্ত হয়েছে। ফলে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতাকে এখন শুধুমাত্র দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রভাব মোকাবিলায় বৃহত্তর কর্তৃত্ববাদী শক্তিগুলোর সমন্বয়ের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধীন ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের (ইউএসসিসি) প্রকাশিত একটি তথ্যানুসন্ধানী প্রতিবেদনে চীন ও রাশিয়ার এই সম্পর্কের সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি রপ্তানিতে বিধিনিষেধ বাড়ানোর ফলে মস্কোর জন্য চীন ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে। অন্যদিকে, রাশিয়ার ওপর নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে বেইজিং সামরিক ও প্রযুক্তিগত সুবিধা অর্জন করছে, তবে আনুষ্ঠানিক জোটের দায় নিতে চাইছে না।

চীন-রাশিয়ার সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো পরস্পরের সেনাদের প্রশিক্ষণ দেওয়া। ইউরোপের তিনটি গোয়েন্দা সংস্থার তথ্য ও দেখা নথির ভিত্তিতে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে চীনে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেনের যুদ্ধে অংশ নেন বলে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে।

রুশ-চীনা দ্বিভাষিক একটি চুক্তির অধীনে, ২০২৫ সালের ২ জুলাই বেইজিংয়ে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এই প্রশিক্ষণসংক্রান্ত সমঝোতায় স্বাক্ষর করেন। চীনের বেইজিং ও নানজিংসহ কয়েকটি সামরিক স্থাপনায় রুশ সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনা ছিল। একই চুক্তিতে রাশিয়ার সামরিক স্থাপনাগুলোতে শত শত চীনা সেনার প্রশিক্ষণের বিষয়টিও উল্লেখ ছিল।

প্রশিক্ষণের বিষয়বস্তুতে ছিল ড্রোন পরিচালনা, ইলেকট্রনিক যুদ্ধ, সামরিক বিমান পরিচালনা এবং সাঁজোয়া পদাতিক বাহিনীর কার্যক্রম। রুশ সেনাদের প্রশিক্ষণে চীনের উন্নত ড্রোন প্রযুক্তি ও ফ্লাইট সিমুলেটরের ব্যবহারও উঠে এসেছে।

প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন রুশ সেনার পরিচয় যাচাই করেছে একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা। তাদের মধ্যে কয়েকজন ইউক্রেনের অধিকৃত ক্রিমিয়া ও জাপোরিঝঝিয়া অঞ্চলে ড্রোন পরিচালনার মাধ্যমে সরাসরি যুদ্ধে যুক্ত ছিলেন বলে সংস্থাটি দাবি করেছে।

প্রতিবেদন প্রকাশের সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে। তারা বলেছে, চীন শান্তি আলোচনার পক্ষে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত উত্তেজনা বাড়ানো বা দায় চাপানোর চেষ্টা না করা।

চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা প্রশিক্ষণের বাইরে। ইউএসসিসির তথ্যানুযায়ী, ২০০৩ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশ দুটি স্থল, নৌ এবং বিমানবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অন্তত ১১৯টি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

২০১২ সাল থেকে প্রতিবছর যৌথ নৌ মহড়া চালিয়ে আসছে দেশ দুটি। ২০১৯ সালে শুরু হয় যৌথ বোমারু বিমান টহল এবং ২০২০ সালে শুরু হয় যৌথ নৌ টহল। সাম্প্রতিক বছরগুলোতে এসব কার্যক্রমের ভৌগোলিক পরিধিও বেড়েছে।

২০২৬ সালের জুলাইয়ে ‘জয়েন্ট সি-২০২৬’ নামে যৌথ নৌ মহড়া পরিচালনা করে চীন ও রাশিয়া। এতে সাবমেরিন, সাবমেরিনবিরোধী কার্যক্রম এবং ড্রোন পরিচালনার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। মহড়ার পর দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে যৌথ সামুদ্রিক টহলেও অংশ নেয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন ১৭ জুলাই বলেন, দুই দেশের সেনাবাহিনী নির্ধারিত সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। তাঁর ভাষ্য, এসব মহড়া কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়; বরং সামুদ্রিক নিরাপত্তা মোকাবিলায় দুই বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ।

তবে ইউএসসিসির মূল্যায়নে বলা হয়েছে, যৌথ মহড়া বাড়লেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পূর্ণাঙ্গ সমন্বয় বা ইন্টারঅপারেবিলিটি এখনো গড়ে ওঠেনি। বাস্তব যুদ্ধক্ষেত্রে যৌথভাবে অভিযান পরিচালনার অভিজ্ঞতাও সীমিত।

চীনের সামরিক আধুনিকায়নে রাশিয়ার অস্ত্র ও প্রযুক্তি একসময় বড় ভূমিকা রাখত। ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশক থেকে ২০২০-এর দশকের শুরুর সময় পর্যন্ত চীনের মোট অস্ত্র আমদানির ৭৭ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। এ সময়ে রাশিয়ার কাছ থেকে প্রায় ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে বেইজিং।

তবে চীনের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে রুশ অস্ত্রের ওপর নির্ভরতা কমেছে। উল্টো ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে পড়া রাশিয়া এখন চীনের প্রযুক্তি ও শিল্প উপকরণের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।

ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে রাশিয়ায় প্রবেশ করা নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রযুক্তিপণ্যের ৯০ শতাংশ এসেছে চীন থেকে। ২০২২ সালের পর থেকে রাশিয়ায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করেছে চীন। এর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, ড্রোনের যন্ত্রাংশ, ইলেকট্রনিক সার্কিট ও যন্ত্রপাতি।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, রুশ বাহিনীর ব্যবহৃত ভি-টু-ইউ স্বয়ংক্রিয় ড্রোনে চীনা মিনি কম্পিউটার, জিপিএস মডিউল, মোটর, ব্যাটারি ও স্টোরেজ ড্রাইভ ব্যবহারের তথ্য ইউক্রেনের সামরিক গোয়েন্দা নথিতে উঠে এসেছে। চীন থেকে ড্রোনের ইঞ্জিন ও অন্যান্য উপকরণ সরবরাহ রাশিয়ার ড্রোন উৎপাদন বাড়াতেও সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাশিয়ার তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জামে চীনা প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ইউএসসিসির প্রতিবেদনে রাশিয়ার কাছে চীনের তৈরি ‘সাইলেন্ট হান্টার’ লেজার ব্যবস্থা থাকার কথাও উল্লেখ করা হয়েছে, যা ড্রোন প্রতিরোধে ব্যবহৃত হতে পারে।

সামরিক সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মহাকাশ ও গোয়েন্দা প্রযুক্তি। ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চীনের স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগ রয়েছে। এসব চিত্র ইউক্রেনের লক্ষ্যবস্তু শনাক্ত এবং রুশ হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারে। তবে এ ধরনের সহযোগিতার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দুই দেশ নিজেদের স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার সমন্বয়েও কাজ করছে। চীনের বেইদৌ এবং রাশিয়ার গ্লোনাস ব্যবস্থার মধ্যে সংযোগ ও তথ্য বিনিময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সামরিক যোগাযোগ, অবস্থান শনাক্তকরণ এবং যুদ্ধক্ষেত্রে নজরদারির সক্ষমতা বাড়তে পারে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, উন্নত পারমাণবিক শক্তি ও মহাকাশ গবেষণায় সহযোগিতা বাড়ানোর কথাও প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৬ সালের মে মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম চীনা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পারমাণবিক সংযোজন, পারমাণবিক চিকিৎসা, ফোটনিকস ও কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে গবেষণার চুক্তি করে।

চীন-রাশিয়ার ঘনিষ্ঠতার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাও পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। ইউরোপীয় নীতি বিশ্লেষণকেন্দ্র সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিসের (সিইপিএ) প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা জোরদার হয়েছে।

গবেষণাটিতে উল্লেখ করা হয়, ইরানের সঙ্গে ড্রোন উৎপাদন ও প্রযুক্তিগত সহযোগিতা এবং উত্তর কোরিয়ার সেনা ও গোলাবারুদ সরবরাহ রাশিয়ার যুদ্ধ পরিচালনায় ভূমিকা রেখেছে। উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়ে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতাও অর্জন করছে বলে গবেষণায় বলা হয়েছে।

তবে এই দেশগুলোকে নিয়ে একটি সুসংগঠিত, অভিন্ন সামরিক কমান্ড বা আনুষ্ঠানিক জোট গড়ে উঠেছে—এমন প্রমাণ গবেষণাটি দেয়নি। বরং বিভিন্ন দেশের নিজস্ব স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা সহযোগিতার নেটওয়ার্ক হিসেবেই বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে।

চীন-রাশিয়ার সহযোগিতার একটি বড় ভিত্তি অর্থনৈতিক সম্পর্কও। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হলে চীন হয়ে ওঠে মস্কোর অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার।

ইউএসসিসির তথ্যানুযায়ী, ২০২৪ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২৪৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এ ছাড়া ২০২৪ সালের মধ্যে দুই দেশের ৯০ শতাংশের বেশি বাণিজ্য লেনদেন রুবল ও চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হয়েছে। এতে ডলার ও ইউরোর ওপর নির্ভরতা কমেছে।

চীনের আন্তসীমান্ত আন্তব্যাংক লেনদেনব্যবস্থা সিআইপিএসেও রুশ ব্যাংকগুলোর অংশগ্রহণ বেড়েছে। ইউএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই ব্যবস্থায় সরাসরি অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭৬। ২০২৬ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ২১০-এ।

এই আর্থিক ব্যবস্থা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে রাশিয়াকে সহায়তা করছে। একই সঙ্গে মস্কোর চীনের আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতাও বাড়ছে।

তবে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনে এখনো অনীহা রয়েছে। চীন ও রাশিয়ার সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, একে এখনই ন্যাটোর মতো আনুষ্ঠানিক সামরিক জোট বলা যাচ্ছে না। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। কোনো এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ সরাসরি যুদ্ধে যোগ দেবে—এমন বাধ্যবাধকতাও নেই।

ইউএসসিসির মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া ক্রমেই চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়লেও বেইজিং আনুষ্ঠানিক জোটের দায় এড়িয়ে নিজের কৌশলগত স্বাধীনতা ধরে রাখতে চায়। রাশিয়ার জুনিয়র অংশীদার হয়ে যাওয়ার আশঙ্কা, দুই দেশের ভিন্ন পারমাণবিক নীতি, গোয়েন্দা তথ্য নিয়ে অবিশ্বাস এবং আঞ্চলিক স্বার্থের পার্থক্যও সম্পর্কের সীমাবদ্ধতা হিসেবে কাজ করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স প্রায়োরিটিজের বিশ্লেষণেও চীন-রাশিয়ার সম্পর্ককে ‘কোয়াসি-অ্যালায়েন্স’ বা আধা-জোট হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, দুই দেশের মধ্যে সামরিক অংশীদারত্বের বৈশিষ্ট্য থাকলেও পূর্ণাঙ্গ সামরিক জোটের পর্যায়ে পৌঁছায়নি।

সব মিলিয়ে চীন ও রাশিয়ার সম্পর্ক এখন এমন এক কৌশলগত সমন্বয়ে রূপ নিচ্ছে, যার আওতায় সামরিক মহড়া, প্রশিক্ষণ, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, জ্বালানি ও অর্থনৈতিক লেনদেন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এর সঙ্গে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা যুক্ত হওয়ায় পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগও বাড়ছে।

তবে এই সমন্বয়কে আনুষ্ঠানিক সামরিক জোট হিসেবে উপস্থাপন করা এখনই সঠিক হবে না। বরং বলা যায়, চীন ও রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠছে একটি অনানুষ্ঠানিক কৌশলগত সহযোগিতার বলয়—যার প্রভাব শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাতেও পড়তে পারে।

সূত্র: রয়টার্স, সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস (সিইপিএ), ডিফেন্স প্রায়োরিটিজ ও চীনের রাষ্ট্রীয় তথ্য দপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুল (তুরস্ক), ১০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে।

সম্মেলনের অংশ হিসেবে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের চলাকালীন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে, স্থানীয় সময় বিকেল আন্তালিয়ার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

কপ-৩১ সম্মেলন আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ তার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা তুলে ধরা বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।

বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও সম্মেলনে তুলে ধরবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এর একটি হবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। এ বছর তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।

প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%