০৩:৩৩ এম
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, পারস্য উপসাগরের আকাশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলার ফলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির পাইলটকে অভিযান বাতিল করে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়েছে বলে জানিয়েছে তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই দাবি সরাসরি নাকচ করা হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই দাবি সামনে এসেছে।
শনিবার প্রকাশিত একটি বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরের আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে। এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিমানটির গতিবিধি অনুসরণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আরও পড়ুন: পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, কিভাবে দেখবেন
বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হয় এবং এর ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। পাইলটকে পরে ওই অঞ্চলের নিকটবর্তী একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়। তবে ইরানের সেনাবাহিনী বিমানটি ঠিক কোথায় অবতরণ করেছে, তা জানায়নি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই দাবির পর তা প্রত্যাখ্যান করা হয়েছে। সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করেছে, "দাবি: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গতকাল তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে ক্ষতিগ্রস্ত করেছে এবং পাইলটকে জরুরি অবতরণে বাধ্য করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা। বাস্তবতা হলো, গতকাল ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য রয়েছে।"
এদিকে, আইআরজিসি দাবি করেছে যে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার চালকবিহীন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, এ নিয়ে ইরান এখন পর্যন্ত ৫৮টি যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংস করেছে।
আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত, অনুসরণ ও লক্ষ্যবস্তুতে পরিণত করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আকাশপথে চলাচল পর্যবেক্ষণের সময় ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: মিয়ানমারের গণহত্যা থেকে বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা
এদিকে, সর্বশেষ এসব দাবির মধ্যে আইআরজিসির মহাকাশ বাহিনীর পরিচালিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর একটি পরিদর্শন করেছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন