ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভৈরবে জেলা ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে


ভৈরবে জেলা ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
আজ ২৮ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওসি মাহবুবুর রহমানের সঙ্গে ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা, এসআই মোস্তাফিজুর রহমান সহ ছাত্রদলের দুইজন নেতা।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তারেক বিন ফয়েজকে আটক করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক। এ ধরনের ঘটনা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

আরও পড়ুন: ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বোয়ালমারীর ঘরে চ্যাম্পিয়ন ট্রফি

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক একজন নেতাকে মুঠোফোনে কল করেন। ফোনে আসাদ তাঁকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। পরে তাঁর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাইয়ের কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি। এ ঘটনায় আটকের পর তাঁকে কেন ছেড়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম, তখন অনেকেই বলছিলেন, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছে মুন্না। যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
তিনি আরও বলেন, এটা এখন নিউজে দিয়েন না ভাই, থানায় আসেন, আপনার সঙ্গে কথা বলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্মী প্যারোলে মুক্তির আবেদন করেননি, সন্তানের লাশ কারাগারে দেখানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


শর্মী প্যারোলে মুক্তির আবেদন করেননি, সন্তানের লাশ কারাগারে দেখানোর দাবি

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী তার প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর পর প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি, এমন তথ্য জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা। বরং তিনি সন্তানের মৃতদেহ কারাগারের সামনে নিয়ে আসার জন্য আবেদন করেছিলেন, যাতে তাকে শেষবারের মতো দেখা যায়। এই আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাফটকে সন্তানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) এ বিষয়ে যুগান্তরকে মো. সোহেল রানা বলেন, "কোনো নাগরিক কারাগারে বন্দি থাকা অবস্থায় তার সন্তান মারা গেলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।" তিনি আরও উল্লেখ করেন, "কিন্তু শারমিন সুলতানা শর্মী প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।"

শর্মী আবেদন করেছিলেন, তার সন্তানের লাশ কারাগারে নিয়ে এলে যেন তাকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই ব্যবস্থা করা হয়েছে।

যেভাবে গ্রেফতার হন শারমিন সুলতানা শর্মী

পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানার শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানা শর্মীকে গ্রেফতার করে লালবাগ থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ৪ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা-পুলিশ জানতে পারে, শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সন্তানের মৃত্যুর পর কারাফটকে শেষ দেখা

পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন সুলতানার ১৫ বছর বয়সি প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে শর্মী তাকে শেষবারের মতো দেখার আবেদন করেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের লাশ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নিয়ে আসা হয়। পরে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করার ব্যবস্থা করা হয়। মরদেহ দেখার পর শারমিন সুলতানাকে পুনরায় কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলামও জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন বা কাগজপত্র তারা পাননি। তার স্বামী শাহাদাৎ হোসেন নিপু সন্তানের লাশ কারাফটকে নিয়ে এসে স্ত্রীকে দেখানোর আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করে মানবিক বিবেচনায় সেই ব্যবস্থা করা হয়।

প্যারোলে মুক্তির আবেদন নিয়ে বিভ্রান্তি

সন্তানের মৃত্যুর পর শারমিন সুলতানার প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল কিনা, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। তবে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, জেলা প্রশাসক এবং কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, শর্মীর প্যারোলে মুক্তির কোনো আবেদন তাদের কাছে জমা পড়েনি। তার পরিবর্তে সন্তানের লাশ কারাগারের সামনে এনে দেখানোর আবেদন করা হয়েছিল।

এদিকে শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, শর্মী গ্রেফতারের পর তার প্রতিবন্ধী সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছিল। মায়ের অনুপস্থিতিতে সন্তানের পরিচর্যা নিয়েও পরিবারকে সমস্যায় পড়তে হয়েছিল।

সন্তানের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে প্যারোলে মুক্তির আবেদন না করার বিষয়ে শর্মীর নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান রাজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান রাজন গ্রেফতার

পাবনার সাঁথিয়া থেকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পুলিশ রাশিদুল হাসান রাজন নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, রাশিদুল হাসান রাজন একজন সরকারি চাকরিজীবী। অভিযোগ রয়েছে যে, তিনি সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

ওসি আরও উল্লেখ করেছেন, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয় এবং শনিবার সেখান থেকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।

তবে চিকিৎসক রাশিদুল হাসান রাজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিআরআই-এ চা আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


বিটিআরআই-এ চা আস্বাদন ও মান নিয়ন্ত্রণ প্রশিক্ষণ শুরু

চায়ের গুণগতমান

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের উন্নয়ন, বিশেষায়িত চায়ের উৎপাদন ও বহুমুখীকরণের উদ্দেশ্যে

(বিটিআরআই) উদ্যোগে ‘ÔTraining

‘Course on Tea Tasting & Quality Control-২০২৬’ শীর্ষক ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গলে বিটিআরআইয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ। এই প্রশিক্ষণে চীন, জাপান, ভারত (দার্জিলিং), শ্রীলঙ্কা, নেপাল, তাইওয়ান, থাইল্যান্ড, কেনিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের উদ্ভাবিত ৯০ ধরনের উচ্চমূল্যের বিশেষায়িত চায়ের পাশাপাশি বিটিআরআই উদ্ভাবিত, প্রস্তুতকৃত ও ব্লেন্ডকৃত ৩০ ধরনের হাই-ভ্যালু চা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণের অংশ হিসেবে বিটিআরআইয়ের টি টেস্টিং রুমে হাতে-কলমে চা আস্বাদন এবং মিনিচার টি ফ্যাক্টরিতে উচ্চমূল্যের বিশেষায়িত চা প্রস্তুত ও ব্লেন্ডিংয়ের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস ফিনলে চা কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. তাহসিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বিটিআরআইয়ের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।

এই ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন চা বাগান, টি এস্টেট, ব্রোকার হাউজ, বিডার ও ব্লেন্ডার হাউজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, পঞ্চগড়, যশোর, চাঁদপুর ও ঝিনাইদহসহ বিভিন্ন এলাকার চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন। ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে চায়ের স্বাদ, ঘ্রাণ ও গুণগতমান নির্ণয়, চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, বিশেষায়িত চা তৈরি, ব্লেন্ডিং এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গল থানার নতুন ভবন ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


শ্রীমঙ্গল থানার নতুন ভবন ও ভোটকেন্দ্র পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শনিবার (২৮ নভেম্বর) তিনি শ্রীমঙ্গল থানার নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময়, ডিআইজি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন এবং নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন। তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া, তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনসহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%