শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০৩ পি.এম
ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে পুলিশ আবারও গ্রেফতার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান জুয়েল হলেন ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের পুত্র।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের সূত্রে জানা যায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। তবে এবার পুলিশ আবারও তাকে গ্রেফতার করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সময়ের প্রবাহে অনেক কিছুই বদলে গেছে। বদলেছে সুরের ভাষা, গানের ধরন, বিনোদনের আয়োজনও। তবুও নব্বইয়ের দশকের কিছু হিন্দি গান আজও হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগায়। কখনো পুরনো প্রেমের স্মৃতি, কখনো বন্ধুত্বের গল্প, আবার কখনো ফেলে আসা দিনের মায়া… চেনা সেই গানগুলো যেন মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় সোনালি অতীতে।
রাজধানীর ব্যস্ত নগরজীবনে এমন একটি নস্টালজিক সন্ধ্যার আয়োজন করেছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা নামতেই কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফুট সড়কের পাশে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে সংগীতপ্রেমীদের মিলনমেলা জমে ওঠে।
বাইরে নগরীর চেনা ব্যস্ততা, যানবাহনের ছুটে চলা এবং হর্নের শব্দ। অন্যদিকে রেস্টুরেন্টের ভেতরে মৃদু আলো, রাজকীয় সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের আবেশ। সবমিলিয়ে তৈরি হয় ভিন্ন এক জগৎ।
কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে নিয়ে কাটাতে চেয়েছেন স্মরণীয় কিছু সময়। টেবিলে সাজানো নবাবি স্বাদের খাবার, আর মঞ্চে একের পর এক পরিবেশিত হচ্ছে সেই সময়ের জনপ্রিয় হিন্দি গান। পরিচিত সুর কানে আসতেই অনেকের ঠোঁটে ফুটে ওঠে হাসি। কেউ গানের সঙ্গে গুনগুন করেন, কেউবা স্মৃতির পাতায় ফিরে যান জীবনের ফেলে আসা কোনো অধ্যায়ে।
এদিন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ আয়োজন ‘এডিশন : ৯০স হিন্দি সংস’। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় এ সংগীতসন্ধ্যা। রাত ১২টা পর্যন্ত চলবে এই সংগীতের আসর। এতে নব্বই দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না।
নব্বইয়ের দশক বলিউড সংগীতের এক স্বর্ণালি অধ্যায়। সে সময়ের গানগুলো শুধু চলচ্চিত্রের গল্পকে এগিয়ে নেয়নি, মানুষের ব্যক্তিগত আবেগ ও স্মৃতির সঙ্গেও জড়িয়ে গেছে গভীরভাবে। প্রেম, বিরহ, বন্ধুত্ব কিংবা জীবনের নানা অনুভূতি সবকিছুরই যেন আলাদা সুর ছিল সেই সময়ের গানে। তাই কয়েক দশক পেরিয়েও এসব গানের আবেদন কমেনি। বরং নতুন প্রজন্মের কাছে পুরনো দিনের গান হয়ে উঠেছে আবিষ্কারের আনন্দ, আর আগের প্রজন্মের কাছে ফিরে দেখার এক জানালা।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর এবারের পর্বে সেই নস্টালজিয়াকেই সামনে আনা হয়েছে। মঞ্চের পরিবেশনা আর অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাবারের টেবিলও যেন হয়ে উঠেছে সংগীতের আড্ডাখানা। পরিচিত কোনো গানের সুর বেজে উঠলে পাশের টেবিল থেকেও ভেসে আসে গুনগুন করে গলা মেলানোর শব্দ। এভাবেই সংগীতের সঙ্গে যুক্ত হচ্ছে প্রজন্মের স্মৃতি, বন্ধুত্ব আর ভালো লাগার মুহূর্ত।
তবে এ আয়োজনের আকর্ষণ শুধু পুরোনো দিনের গান নয়, রয়েছে মোগল ঐতিহ্যের রাজকীয় আবহও। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অন্যতম বিশেষত্ব ঐতিহ্যবাহী মোগলাই খাবার। পুরনো রেসিপি ও রন্ধনশৈলীতে তৈরি বিভিন্ন পদের স্বাদ অতিথিদের সামনে তুলে ধরে এ অঞ্চলের সমৃদ্ধ খাদ্যঐতিহ্যের পরিচয়। খাবার পরিবেশনেও রয়েছে বিশেষ আয়োজন। মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের সাজসজ্জা মিলিয়ে অতিথিরা পান রাজকীয় ভোজের অনুভূতি।
একদিকে নব্বইয়ের দশকের হিন্দি গানের নস্টালজিয়া, অন্যদিকে মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ– দুইয়ের সমন্বয়েই ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ হয়ে উঠেছে সাধারণ নৈশভোজের চেয়ে আলাদা। এখানে অতিথিরা শুধু খাবার খেতে কিংবা গান শুনতে আসছেন না, বরং প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো, স্মৃতি রোমন্থন এবং ভিন্ন পরিবেশে কিছুটা প্রশান্তি খুঁজে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’ যেন মনে করিয়ে দেয়, কিছু গান কখনো পুরনো হয় না। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু হৃদয়ে জায়গা করে নেওয়া সুরগুলো থেকে যায় একই রকম আপন। মোগল ঐতিহ্যের রাজকীয় পরিবেশে নব্বইয়ের দশকের সেই চিরচেনা হিন্দি গান আর প্রিয়জনদের সঙ্গে একান্ত সময়– সবমিলিয়ে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের এ আয়োজন হয়ে উঠেছে স্মৃতি, সুর ও স্বাদের এক নান্দনিক মিলনমেলা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার সংগীতের ভিন্ন ভিন্ন ধারা নিয়ে সাজানো হচ্ছে এ আয়োজনের একেকটি পর্ব। প্রতিবারই থাকছে নতুন অভিজ্ঞতা ও নতুন আবহ। নব্বইয়ের দশকের হিন্দি গানের পর আগামী ২০ নভেম্বর পরিবেশিত হবে নজরুলগীতি। ২৭ নভেম্বর থাকছে কালজয়ী বাংলা গান। ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার উদ্দেশ্য দেশে ফেরা নয় বরং জনগণের ওপর প্রতিশোধ নেয়া এবং দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করা। তিনি বলেন, "এজন্যই দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করা হচ্ছে।"
আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নব গঠিত স্বদেশী ইউনিয়ন কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল হাই। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান খোকন, শাকুয়াই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, জুগলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হাই, প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, “জনগণ গণহত্যাকারীদের আর ক্ষমা করবে না। জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে এবং গণহত্যা চালিয়ে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছেন। অথচ ক্ষমতাচ্যুতির দুই বছর পেরিয়ে গেলেও তাঁর কিংবা তাঁর দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। তাহলে জনগণ তাঁদের কেন ক্ষমা করবে?”
তিনি বলেন, “শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান, ভালো কথা। কিন্তু দেশে ফেরার কথা বলে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কেন? তিনি যা বলেন তা করেন না, অতীত অভিজ্ঞতা তাই বলে। গণ অভ্যুত্থানের আগে বলেছিলেন পালাবেন না, অথচ পালিয়ে গেছেন। এখন বলছেন ফিরে আসবেন, আসলে তিনি ফিরবেন না। তাঁর উদ্দেশ্য দেশে ফেরা নয়; বরং জনগণের ওপর প্রতিশোধ নেওয়া এবং দেশকে অস্থিতিশীল করতে বিদেশি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র বাস্তবায়ন করা।”
সৈয়দ এমরান সালেহ প্রিন্স সরকারের প্রতি সহিংসতা ও নাশকতাসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের আহ্বান জানিয়ে বলেন, “খুনি, সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ অবস্থান নিলেই পুলিশ পেটোয়া বাহিনী হয়ে যায় না। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, কুশীলতার জন্য সুশীলতা নয়।
তিনি আরও বলেন, সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করার অধিকার কারও নেই।
তিনি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় ফ্যাসিস্ট দোসরদের নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, তাদের যে কোনো অপ তৎপরতা রুখে দাঁড়াতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেডের ‘উপায়’ যুক্ত হয়েছে। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিতব্য এই কেনাকাটার উৎসবে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করবে। এর ফলে উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা ডিজিটাল লেনদেনের সুবিধা লাভ করবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড পরিচালিত মোবাইল আর্থিক সেবা ‘উপায়’ এই আয়োজনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় যুক্ত থাকবে।
‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বছরের শেষের দিকে কেনাকাটাকেন্দ্রিক একটি বিশেষ আয়োজন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় অফার থাকবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, লাইফস্টাইল, হোম ডেকোর, বিউটি, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য (এফএমসিজি), ভ্রমণ, প্রযুক্তি, আবাসন ও বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতের পরিচিত ব্র্যান্ডগুলো এতে অংশগ্রহণ করবে। ফলে দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন পণ্য ও সেবার মূল্যছাড় এবং বিশেষ অফারে কেনাকাটার সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন খাতের ব্র্যান্ডের অংশগ্রহণে এই উৎসব ক্রেতাদের জন্য বছরের শেষের কেনাকাটায় নতুন সুযোগ সৃষ্টি করবে। তিন দিনব্যাপী এই আয়োজনে বিশেষ মূল্যছাড় এবং বিভিন্ন অফারের পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুবিধাও পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল, যা তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেখানে গিয়েছে। সফরের অংশ হিসেবে লাল-সবুজের প্রতিনিধিরা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী রোববার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ, যেখানে দুদলের মাঠের লড়াই শুরু হবে। সিরিজ শুরুর আগে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বাংলাদেশকে নিয়ে তাদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন।
প্রোটিয়া শিবিরে বিশেষ পরিকল্পনা ও কৌতূহল রয়েছে তাওহিদ হৃদয়কে নিয়ে, যিনি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন। এর আগে, বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরে লাল বলের ম্যাচে হৃদয় সাড়ে তিনশ রান করেছিলেন।
হৃদয়ের দুর্দান্ত ফর্মের প্রসঙ্গ তুলে ধরে সংবাদ সম্মেলনে প্রোটিয়া কোচ শুকরি কনরাড রসিকতার ছলে বলেন, ‘এবার তো ওর ব্যর্থ হওয়ার পালা, তাই না!’
হৃদয়কে একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে অভিহিত করে কনরাড আরো বলেন, ‘পচেফস্ট্রুমের সেই ম্যাচটি যদি এখনো চলত, তাহলে সম্ভবত সে এখনো ব্যাটিং করত। অনলাইনে তার ব্যাটিংয়ের কিছু ভিডিও দেখেছি আমরা। ব্যাটারদের ক্ষেত্রে ভালো ব্যাপার হলো, তারা যেখানে ভালো করে সেখানে আবার খেললে বেশ আত্মবিশ্বাসী থাকে। এখানে খেলার ব্যাপারে সে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে, কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশের ব্যাটাররা সাম্প্রতিক সময়ে নিজেদের সেরা ছন্দে না থাকলেও, স্বাগতিক কোচ তাদের কোনোভাবে খাটো করে দেখছেন না। বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের সমকক্ষ হিসেবে বিবেচনা করে শুকরি কনরাড বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। এখানে এসে তারা অনেক আত্মবিশ্বাসী থাকবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ