মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২২ এম
দেশের বাজারে গত শনিবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এদিন, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে, ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। পাশাপাশি, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশের বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে একটি বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
এই অভিযানে অধিদপ্তরের ৫২টি টিম একযোগে কাজ করেছে, যা ঢাকা মহানগরসহ ৩৯টি জেলায় পরিচালিত হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে ১০৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যামফ্লেট বিতরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।
অধিদপ্তর ভোক্তাদের পরামর্শ দিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করা উচিত। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় করার জন্য এবং ক্রয়ের সময় বিক্রেতার নিকট থেকে ভাউচার সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যদি পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হন, তাহলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সীমান্তের রোগ পর্যবেক্ষণ, মহামারির বিরুদ্ধে প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের নতুন হুমকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের জন্য ঢাকায় আঞ্চলিক প্রাণিবাহিত রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনের বাংলাদেশের প্রস্তাবকে বিমসটেকের স্বাস্থ্যমন্ত্রীগণ স্বাগত জানিয়েছেন।
শ্রীলঙ্কার কলম্বোয় ১১ নভেম্বর অনুষ্ঠিত বিমসটেকের প্রথম স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রস্তাবকে স্বাগত জানানো হয়। সোমবার বিমসটেক সচিবালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত ‘বিমসটেক আঞ্চলিক প্রাণিবাহিত রোগ পর্যবেক্ষণ কেন্দ্র ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা’ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ পর্যবেক্ষণে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
বিমসটেকের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের প্রথম বৈঠকের পরদিন অনুষ্ঠিত স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে সাত সদস্য দেশের অভিন্ন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী পর্যায়ে যৌথ বিবৃতি গ্রহণ করা হয়।
এছাড়া বৈঠকে ‘জনস্বাস্থ্যবিষয়ক বিমসটেক কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ এর সংশোধিত সংস্করণ গ্রহণ করা হয়। এতে সমন্বিত উদ্যোগ, সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহযোগিতা এবং অগ্রগতি নিয়মিত পর্যালোচনার কাঠামো তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের আঞ্চলিক রোগ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের পাশাপাশি শ্রীলঙ্কার প্রস্তাবিত ‘বিমসটেক জনস্বাস্থ্য উৎকর্ষ কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগকেও মন্ত্রীরা স্বাগত জানান।
বৈঠকে নতুন ও পুনরায় দেখা দেওয়া সংক্রামক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), প্রাণিবাহিত রোগ, অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশের অবক্ষয়জনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রীরা এএমআর মোকাবিলায় বিমসটেকের আঞ্চলিক কর্মপরিকল্পনা প্রণয়নে উৎসাহ দেন। তারা ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য ধারণার আওতায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান, যেখানে মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা গুরুত্ব পায়।
বৈঠকে বিশ্বব্যাংক ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহায়তায় পরিচালিত ‘মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলায় দক্ষিণ এশীয় অঞ্চলের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পটি ‘ওয়ান হেলথ’ ধারণার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
মন্ত্রীরা থাইল্যান্ডের ‘বিমসটেক ট্রপিক্যাল মেডিসিন উৎকর্ষ কেন্দ্র’ এবং ভারতের গুজরাটের জামনগরে ঐতিহ্যবাহী চিকিৎসাবিষয়ক উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন।
টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য নথির পারস্পরিক ব্যবহারযোগ্যতা এবং রোগ নির্ণয় ও রোগের বিস্তারের মডেল তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগসহ ডিজিটাল স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও তারা জোর দেন।
এসব উদ্যোগ এগিয়ে নিতে একটি ‘বিমসটেক ডিজিটাল স্বাস্থ্য কাঠামো’ প্রণয়নে স্বাস্থ্যমন্ত্রীরা উৎসাহ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে অব্যাহত সহযোগিতার গুরুত্বও বৈঠকে স্বীকার করা হয়।
থাইল্যান্ড ২০২৮ সালে দ্বিতীয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে, যা অংশগ্রহণকারী দেশগুলো স্বাগত জানিয়েছে।
বিমসটেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া, ১৬ নভেম্বর, ২০২৬ : জেলার নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশু নাট্যমের উদ্যোগে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোর্তজা বর্ষণের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন।
এছাড়া, অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় সাম্প্রতিক অগ্রগতি প্রকাশ পাচ্ছে, ইসলামাবাদ মধ্যপ্রাচ্যে চীনা সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও অস্ত্র রপ্তানির একটি প্রধান মাধ্যম হয়ে উঠছে। বেইজিংয়ের মতে, এই সহযোগিতার উদ্দেশ্য অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা নয়; বরং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার পরিসর বৃদ্ধি করা। পাকিস্তানের মুসলিম দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, কৌশলগত ভূরাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা দেশটিকে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির পরিচিতি বৃদ্ধির জন্য বিশেষভাবে উপযোগী করে তুলেছে। এর ফলে চীন মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক উপস্থিতি না বাড়িয়েও সামরিক প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের প্রতিরক্ষা খাত চীনের সামরিক শিল্পের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। দেশটির বিমান, আকাশ প্রতিরক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি বৃহৎ অংশ চীনা প্রযুক্তি এবং সরঞ্জামনির্ভর। ফলে পাকিস্তান কার্যত চীনের প্রতিরক্ষাশিল্পের সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। বেইজিংয়ের দৃষ্টিতে এই সহযোগিতা অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তার একটি স্থায়ী কাঠামো গড়ে উঠছে। কৌশলগতভাবে এর গুরুত্ব নিছক অস্ত্র বিক্রির চেয়ে অনেক বেশি।
চীন ও পাকিস্তানের যৌথভাবে উৎপাদিত জেএফ-১৭ যুদ্ধবিমান দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীক। আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে অস্ত্র কেনাবেচার আলোচনায় এই যুদ্ধবিমানকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রমাণ করে, পাকিস্তান চীনা বিমান প্রযুক্তির আঞ্চলিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেইজিং এখন উপলব্ধি করছে, যৌথ উৎপাদনের ফলে এসব সামরিক সরঞ্জামের বাজারজাতকরণ তুলনামূলক সহজ হয়ে উঠছে। একই সঙ্গে এসব সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ এবং কারিগরি সহায়তার প্রয়োজন হওয়ায় ক্রেতা দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে উঠছে।
দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষাশিল্পের প্রাধান্য ছিল। কিন্তু পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ার দেশগুলোর জন্যও এই বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হয়েছে। চীন সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। প্রযুক্তি হস্তান্তর, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে অস্ত্র সরবরাহ এবং অংশীদার দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেইজিং। এই কৌশলে পাকিস্তান গুরুত্বপূর্ণ সহযোগী ও সংযোগকারী হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের বহু দেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও সামরিক সম্পর্ক থাকায় চীনা প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছানো এবং সেগুলোর ব্যবহার ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণ তুলনামূলক সহজ হচ্ছে।
বিশেষ করে সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চীনের আঞ্চলিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনা মোতায়েন, যৌথ সামরিক মহড়া ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের ফলে চীনা প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম বাস্তব পরিস্থিতিতে ব্যবহারের পাশাপাশি সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের সুযোগও তৈরি হচ্ছে। এর মাধ্যমে চীনের প্রতিরক্ষা সরঞ্জামের সক্ষমতা সম্পর্কে সম্ভাব্য ক্রেতা দেশগুলোর ইতিবাচক ধারণা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে নতুন অস্ত্র ক্রয়চুক্তির পথও সহজ করে দিতে পারে।
বেইজিংয়ের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি শুধুমাত্র একটি বাণিজ্যিক লেনদেন নয়; বরং দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার সূচনা। কোনো সামরিক ব্যবস্থা বিক্রির পর সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান, যন্ত্রাংশ সরবরাহ, নিয়মিত আধুনিকায়ন এবং কারিগরি সহায়তার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে এর সঙ্গে গোয়েন্দা সহযোগিতার বিষয়টিও যুক্ত হতে পারে। ফলে পাকিস্তানকে এই সহযোগিতা কাঠামোর অংশীদার করে চীন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সরাসরি সামরিক উপস্থিতি ছাড়াই সেখানে নিজেদের প্রতিরক্ষা প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে।
চীনের নিরাপত্তানীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিস্তৃত সামরিক ঘাঁটি স্থাপনের পরিবর্তে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তুলে আঞ্চলিক প্রভাব বিস্তার করা। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এই কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মুসলিম দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের ঐতিহ্যগত সম্পর্ক থাকায় পাকিস্তান আঞ্চলিক প্রতিরক্ষা যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ সামলাতে পারে। অন্যদিকে, চীন প্রযুক্তি উন্নয়ন, শিল্প উৎপাদন ও কারিগরি সহায়তার দিকে মনোযোগ দিতে পারে। এ ধরনের সহযোগিতা বেইজিংকে তুলনামূলক কম রাজনৈতিক ঝুঁকিতে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভও এই প্রতিরক্ষা সহযোগিতার অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। জ্বালানি পরিবহনপথ, সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতা গুরুত্বপূর্ণ। সেদিক থেকে চীন-পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতারও পরিপূরক। আরব সাগর, ভারত মহাসাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে যৌথ প্রকল্প এবং বাণিজ্যিক অবকাঠামোর নিরাপত্তা জোরদারেও এই প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীনের প্রতিরক্ষাশিল্পের প্রযুক্তিগত উন্নয়নেও পাকিস্তানের ভূমিকা রয়েছে। দেশটির সামরিক বাহিনী নিয়মিত চীনা প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করায় সেগুলোর কার্যকারিতা, সীমাবদ্ধতা ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া এসব অভিজ্ঞতা ও মতামত পরবর্তী প্রজন্মের সামরিক সরঞ্জাম উন্নয়নে কাজে লাগছে। উৎপাদক ও ব্যবহারকারীর মধ্যে এই ধারাবাহিক যোগাযোগ চীনের প্রতিরক্ষাশিল্পকে প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দিচ্ছে এবং রপ্তানিযোগ্য সামরিক সরঞ্জামের মানোন্নয়নেও সহায়তা করছে।
কিছু পশ্চিমা বিশ্লেষক এই প্রবণতাকে মধ্যপ্রাচ্যের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে চীনের সামরিক প্রভাব বিস্তারের লক্ষণ হিসেবে দেখছেন। তবে বিষয়ে বেইজিংয়ের বক্তব্য ভিন্ন। চীনের দাবি, তাদের প্রতিরক্ষা সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং অংশীদার দেশগুলোর বৈধ প্রয়োজন পূরণের নীতির ওপর প্রতিষ্ঠিত। একচেটিয়া সামরিক জোটের পরিবর্তে সহযোগিতা, উন্নয়ন ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলাই তাদের ঘোষিত লক্ষ্য।
ইরাক, লিবিয়া, মরক্কো, সুদান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মধ্য দিয়ে চীনের সামরিক সরঞ্জামের বাজারও বিস্তৃত হচ্ছে। এসব দেশের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ চীনের বাজারে প্রবেশের ব্যয় ও প্রাথমিক প্রতিবন্ধকতা কমাতে সহায়তা করছে। একই সঙ্গে পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও এসব দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্কের কারণে সম্ভাব্য ক্রেতাদের কাছে চীনা প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ানোও সহজ হচ্ছে। এভাবে চীনা প্রযুক্তিকে কেন্দ্র করে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠছে।
দীর্ঘ মেয়াদে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জামে চীনা প্রযুক্তির ব্যবহার বাড়লে অঞ্চলটির দেশগুলোর প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের উৎস আরো বহুমুখী হতে পারে। অনেক দেশই এখন আর শুধু একটি পশ্চিমা সরবরাহকারীর ওপর নির্ভরশীল থাকতে চায় না। বরং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সামরিক সরঞ্জাম সংগ্রহে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। চীন এই পরিবর্তনকে সমান অংশীদারত্বের ভিত্তিতে সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে বহুমেরুকেন্দ্রিক করার সুযোগ হিসেবে দেখছে।
এ ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা শুধু অস্ত্র রপ্তানি বা বিপণনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশিক্ষণ, সামরিক অভিজ্ঞতা বিনিময়, বিক্রয়-পরবর্তী সেবা এবং বিভিন্ন দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রেও দেশটি ভূমিকা রাখছে। ফলে চীনা প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম কেনার মধ্য দিয়ে ক্রেতা দেশগুলো ধীরে ধীরে চীনের প্রতিরক্ষা প্রযুক্তি ও কারিগরি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। এতে চীনের প্রতিরক্ষাশিল্পের জন্য দীর্ঘমেয়াদি বাজার তৈরি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অস্ত্রবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে চীনের দৃষ্টিতে পাকিস্তান এখন চীনা প্রতিরক্ষাশিল্প এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অস্ত্রবাজারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সেতু। এই সহযোগিতার ভিত্তি সরাসরি চীনা সেনা মোতায়েন নয়; বরং যৌথ শিল্প উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি কারিগরি সহায়তা। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক উপস্থিতি না বাড়িয়েও চীনের প্রতিরক্ষাশিল্পের প্রভাব বিস্তারে পাকিস্তানের ভূমিকা আরো বাড়তে পারে। একই সঙ্গে ভবিষ্যতে অঞ্চলটির বহুমেরুকেন্দ্রিক নিরাপত্তা কাঠামো গড়ে ওঠার প্রক্রিয়ায়ও দেশটি অন্যতম প্রভাবশালী অংশীদার হয়ে উঠতে পারে।
লেখক: আন্তর্জাতিক-বিষয়ক বিশ্লেষক
তালাশ বিডি/মিডিয়া লিঃ