রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:১৬ পি.এম
দিল্লি থেকে মুম্বাইয়ে এসে অভিনয়ের স্বপ্ন পূরণের যাত্রা সহজ ছিল না বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। ক্যারিয়ারের শুরুতে তাকে নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছিল। সেই সময়ের স্মৃতি শেয়ার করতে গিয়ে তিনি জানিয়েছেন, এক সময় প্রিয় তারকা শাহরুখ খানের এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমে রাজকুমার রাও উপস্থিত ছিলেন। তার সঙ্গে অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি ও সাবেক বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম। তারা আসন্ন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারের জন্য সেখানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ বচ্চন।
২৫ সেপ্টেম্বরের পর্বে অমিতাভের সঙ্গে কথোপকথনের সময় রাজকুমার তার শুরুর দিনের কথা তুলে ধরেন। দিল্লির সঙ্গে অমিতাভ ও নিজের যোগসূত্রের প্রসঙ্গ থেকেই আলোচনা শুরু হয়।
রাজকুমার জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। অল্প বয়সে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। তার মায়ের ঘরে অমিতাভ বচ্চনের একটি পোস্টারও ছিল। তিনি বলেন, অমিতাভ সবসময় তাদের কাছে অনুপ্রেরণার অন্যতম বড় নাম।
শাহরুখ খানের ক্যারিয়ারও রাজকুমারের ওপর বিশেষ প্রভাব ফেলেছিল। দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন শাহরুখ। এরপর টেলিভিশনে কাজ করে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা তৈরি করেন। রাজকুমারের কাছে শাহরুখের এই পথচলা ছিল অনুপ্রেরণার উৎস।
মুম্বাইয়ে নিজের শুরুর সময়ের একটি ঘটনা অনুষ্ঠানে জানান রাজকুমার। তিনি বলেন, প্রথমবার একটি শোয়ের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে নির্বাচিত হননি। সেই সময় শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল তার। তাই তিনি শাহরুখের বাড়ি মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতেন, যদি প্রিয় অভিনেতাকে একবার দেখা যায়।
রাজকুমারের কথায়, দিল্লির একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে শাহরুখ যেভাবে থিয়েটার ও টেলিভিশনের পথ পেরিয়ে বলিউডের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন, সেই যাত্রা তাকে অনুপ্রাণিত করেছে।
অনুষ্ঠানে শাহরুখ খান সম্পর্কে নিজের অভিজ্ঞতাও জানান অমিতাভ বচ্চন। শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সহজে হাল ছেড়ে দেন না এই অভিনেতা। সমস্যার মুখোমুখি হয়েও তিনি নিজের আত্মবিশ্বাস ধরে রাখেন এবং আশপাশের মানুষের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারেন—এমনটাই জানান অমিতাভ।
থেকে
এদিকে রাজকুমার রাও বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারে। অবিনাশ অরুণ পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে ভারতের বিশিষ্ট সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকমের জীবনের গুরুত্বপূর্ণ আইনি লড়াইকে কেন্দ্র করে।
সিনেমার গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মামলা এবং ওই ঘটনায় অভিযুক্ত আজমল কাসাবের বিচারপ্রক্রিয়া। সিনেমায় উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।
সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে ২৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে। ২৬/১১ হামলার সময় এই স্টেশনটিও হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’—এই মূল স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট—আইইডি এবং বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলা রোভার সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ এবং শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের খরমপুর মোড়, রঘুনাথ বাজার বাসস্ট্যান্ড হয়ে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। ক্যাম্পেইনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠিতে কেক কেটে আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্যাংকের ঝালকাঠি শাখায় এ উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা এবং আইন উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. নেয়ামত উল্লাহ, দ্বিতীয় কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিনিয়োগ বিভাগের প্রধান মো. খায়রুল আলম, কর্মকর্তা মোহাম্মদ নেয়ামতুল্লাহ ও মাইন উদ্দিন মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি, অ্যাডভোকেট মো. আককাস সিকদার উপস্থিত ছিলেন।
পরে অতিথি ও ব্যাংকের কর্মকর্তারা কেক কেটে আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় তারা ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি পল্টন ও একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দুবাই ব্রিকস থেকে অবৈধ মাটি বহনকারী একটি পল্টন জব্দ করা হয়। এছাড়া পান্ডব নদী থেকে মাটিকাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়। অবৈধ মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে আটককৃত পাঁচজনের প্রত্যেককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ ৭ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মধ্য রাতে শাহীদ আলী মডেল স্কুলের মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে, তাদের বিরুদ্ধে নাশকতার মামলায় আসামি করে শনিবার রাতে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত সাত জনই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলে জানিয়েছে তাদের পরিবার।
গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলো- হবিবপুর গ্রামের অনিক দাস (১৮), ডুমরা গ্রামের বর্ষণ তালুকদার (১৮), সৌমিত্র দাস (১৮), দীপ্ত দাস (১৮), অভি সরকার (১৬), দেব দাস (১৬) ও ইমন দাস (১৬)। আদালত রাতেই তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ক্লাবের ফুটবল খেলা উপলক্ষে কয়েক জন শিক্ষার্থী শুক্রবার রাতে শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে খাবারের আয়োজন করে। খাবার খাওয়ার পর বাড়ি যাওয়ার সময় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় তারা আনন্দের সঙ্গে এই স্লোগান দেয়।
স্লোগান দেওয়ার বিষয়টি পুলিশের নজরে এলে, স্লোগান ও মিছিল দেওয়ার অভিযোগে পুলিশ সঙ্গে সঙ্গে ৪ জনকে গ্রেপ্তার করে এবং পরে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর নাশকতার মামলায় আসামি করে শনিবার রাতে তাদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্টেট সকিনা আক্তার গ্রেপ্তারকৃত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের শাল্লা জোনের জি.আর.ও এএসআই মো. আবুল কাশেম।
এদিকে, শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা কেউই কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নয়। সবাই স্কুল-কলেজের নিয়মিত ছাত্র। তারা বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হয়ে রাতের খাবার শেষে এই স্লোগান দিয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় আদালতে প্রেরণ করেছে। এখন সবার স্বজনরা দুশ্চিন্তায় আছেন।
বর্ষণ তালুকদারের বাবা অনাদি তালুকদার বলেন, "আমার ছেলে কোনো রাজনীতি করে না, রাজনীতি বুঝে না। কিন্তু পুলিশ স্লোগান ও মিছিল দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে। তাদেরকে কারাগার থেকে মুক্ত করার বিষয়ে আমরা আইনজীবীর সাথে কথা বলছি।"
স্কুল ছাত্র অভি সরকারের বাবা বাদল সরকার বলেন, "আমার ছেলে হাই স্কুলে পড়ে, সে রাজনীতির কী বুঝে। তারা নাকি কয়েক জন মিলে ওই স্লোগান দিয়েছে, এমন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার রাতে আদালতে প্রেরণ করেছে। ছেলেকে নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় আছি।"
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল বলেন, "গ্রেপ্তারকৃতরা শুক্রবার রাতে রাজনীতি নিষিদ্ধ সংগঠনের স্লোগান দিয়েছে ও মিছিল করেছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।"
স্কুল ছাত্রদের গ্রেপ্তার করার বিষয়ে জানতে তিনি বলেন, "নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগেই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। বয়স যদি কম হয়ে থাকে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ