ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনা


ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনা

আফগানিস্তানের অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখন্দ ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। রোববার তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আফগান অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখন্দ তেহরান সফরে এসে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় এবং চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন আরাগচি ও আখন্দ।

তবে বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। আফগানিস্তানের তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন এবং পণ্য পরিবহনে গতি আনার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: এআই দিয়ে নকল করে চাকরির পরীক্ষায় প্রথম, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর!

আলোচনায় আফগানিস্তানের নিমরোজ প্রদেশের আবু নাসর ফারাহি সীমান্ত শুল্ককেন্দ্র পুনর্নির্মাণ ও এর কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সীমান্তবর্তী শুল্ককেন্দ্রগুলো ২৪ ঘণ্টা চালু রাখা এবং দুই দেশের মধ্যে পণ্য ও যানবাহন চলাচল আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ইরানের দোগারুন, মাহিরুদ ও মিলাক সীমান্তবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে বলে আফগানিস্তান ইন্টারন্যাশনাল জানিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

কৃষি ও বিনিয়োগ সহযোগিতাও আলোচনায়

ইরান সফরের শুরুতে আফগান অর্থমন্ত্রী দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি গেজেলজেহের সঙ্গেও বৈঠক করেন। ১৫ নভেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে কৃষি, পশুপালন, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় ১৫ জন নিহত, শিশুর সংখ্যা ৪

বৈঠকে ইরানের কৃষিমন্ত্রী বলেন, আফগানিস্তানের সঙ্গে কৃষি উৎপাদন, কৃষি যান্ত্রিকীকরণ ও পশুপালন খাতে সহযোগিতা সম্প্রসারণে তার দেশ আগ্রহী। আফগানিস্তানের কৃষিপণ্য ইরানের বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো এবং আফগানিস্তানের প্রয়োজনীয় কৃষিপণ্য ও উপকরণ সরবরাহেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া উন্নত বীজ ও উদ্ভিদ প্রজনন, পশুর জাত উন্নয়ন, পশুচিকিৎসা, ওষুধ ও টিকা সরবরাহ এবং আফগান কৃষি বিশেষজ্ঞদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হওয়ার পর বিকল্প কৃষিপণ্য উৎপাদনেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে আফগানিস্তানের ব্যবসায়ীদের ইরানের চাবাহার বন্দরের অবকাঠামো ও টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানানো হয়। ইরানের দাবি, এই বন্দর ব্যবহার করে আফগানিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ বাড়াতে পারবে।

যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের প্রস্তুতি

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার লৌহ আকরিক বাণিজ্যে চীনের কারসাজি নিয়ে উদ্বেগ

ইরান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা কমিশনের পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতিও আলোচনায় এসেছে। ইরানের কৃষিমন্ত্রী দ্রুত কমিশনের সপ্তম বৈঠক কাবুলে আয়োজনের ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে কয়েকটি সমঝোতা ও সহযোগিতার নথি প্রস্তুত করা হয়েছে। এগুলো চূড়ান্ত করে বিনিময় করা গেলে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অন্যদিকে আফগান অর্থমন্ত্রী কৃষি, খনিজ সম্পদ, পরিবহন, ব্যাংকিং ও আর্থিক সেবা, জ্বালানি এবং অবকাঠামো খাতকে দুই দেশের যৌথ বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।

দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপট

আরও পড়ুন: ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চলছে। বিশেষ করে সীমান্ত বাণিজ্য, জ্বালানি, পরিবহন, শুল্ক ব্যবস্থাপনা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন দুই দেশের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর বন্দর ও পরিবহন অবকাঠামোর ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর এবং দুই দেশের সীমান্তবর্তী বাণিজ্যকেন্দ্রগুলো আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক এ সফরকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনায় উঠে আসা উদ্যোগগুলোর বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় চুক্তিগুলোর অগ্রগতি পরবর্তী সময়ে স্পষ্ট হবে।

সূত্র: ইরনা নিউজ এজেন্সি, ডন, তাসনিম নিউজ এজেন্সি, আফগানিস্তান ইন্টারন্যাশনাল, প্রেস টিভি ও পামির নিউজ এজেন্সি

আরও পড়ুন: চীনে অক্টোবরে খুচরা বিক্রির প্রবৃদ্ধির গতি কমেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রমের সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বাধিক সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

এদিকে, রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তৃতীয় স্থানে দূষিত শহরের তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তৃতীয় স্থানে দূষিত শহরের তালিকায়

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আজও বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ২০৮। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে।

অন্যদিকে, বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ৩০৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকায় শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ৩০৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। দ্বিতীয় স্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা রয়েছে, যার বায়ুমান স্কোর ২৫৫। তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে, যার বায়ুমান স্কোর ২০৮। অন্যদিকে, ১৮৮ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং পঞ্চম স্থানে ইরানের তেহরানের বায়ুমান স্কোর ১৮৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ বায়ুর মান হিসেবে ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের গুরুত্ব বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের গুরুত্ব বৃদ্ধি

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : মধ্যপ্রাচ্য সংকট ও আঞ্চলিক বিরোধপূর্ণ বিষয়গুলো মোকাবিলা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ নিয়ে একটি অভিন্ন অবস্থান খুঁজে বের করার প্রচেষ্টার মধ্য দিয়ে রোববার ম্যানিলায় গুরুত্বপূর্ণ আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশগ্রহণ করছেন।

ম্যানিলা থেকে এএফপি জানায়, সম্মেলনের শেষ পর্যায়ের কাছাকাছি সময়ে মঙ্গলবার ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে। এই সফরে তিনি কোয়াডের অন্য তিন সদস্য দেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি চার দেশের নেতাদের প্রথম সম্মিলিত বৈঠক হবে।

তবে রোববার ম্যানিলায় ব্রাজিলের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি।

১১ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তখন ব্রাজিল অসাধারণ এক শিক্ষা পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে কাঁদাকাটি করা বা তাদের কাছে করুণা ভিক্ষা করার পরিবর্তে আমরা আমাদের পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বিকল্প অংশীদার খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় তিনি উল্লেখ করেন, আঞ্চলিক দেশ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে ব্রাজিলের বাণিজ্য যথাক্রমে ১৫ ও ১৩ শতাংশ বেড়েছে।

এর আগের দিন সম্মেলনে একই ধরনের বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ফিলিপাইনের সঙ্গে নতুন মুক্তবাণিজ্য চুক্তি এবং আসিয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘উল্লেখযোগ্যভাবে সম্পন্ন’ হওয়ার কথা তুলে ধরেন।

কার্নি বলেন, এ দুটি চুক্তি ‘নির্ভরযোগ্য অংশীদারদের একটি ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে আরও সুযোগ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আপেক্ষিক নির্ভরতা কমানোর কৌশলের অংশ’।

লুলা সাংবাদিকদের জানান, সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তিনি কানাডার প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন এবং কানাডার সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার আশা প্রকাশ করেছেন।

সম্মেলনকে কেন্দ্র করে মেট্রো ম্যানিলাজুড়ে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন সংগঠন মঙ্গলবার সম্মেলনস্থলে ট্রাম্পবিরোধী মিছিলে হাজারো মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছে।

বিক্ষোভের বড় একটি অংশের লক্ষ্য যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচি। সেমিকন্ডাক্টর ও বিরল মৃত্তিকা খনিজের ক্ষেত্রে চীনের আধিপত্য মোকাবিলায় সরবরাহব্যবস্থা গড়ে তোলার এ উদ্যোগের আওতায় ম্যানিলার উত্তরে ১ হাজার ৬২০ হেক্টর জমিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উৎপাদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এ প্রকল্পের কারণে আদিবাসী পরিবারগুলো উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারে।

‘বিক্রির জন্য নয়’

রোববার প্রায় ২০০ বিক্ষোভকারী ‘ফিলিপাইন বিক্রির জন্য নয়’ এবং ‘ট্রাম্পকে নিষিদ্ধ করো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।

এএফপির সাংবাদিকেরা অন্তত তিনজন বিক্ষোভকারীকে পুলিশ ধরে নিয়ে যেতে দেখেছেন।

দীর্ঘদিন ধরে আসিয়ান নেতাদের উদ্বেগের কারণ হয়ে থাকা দুটি বিষয়—বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে আচরণবিধি প্রণয়নের অগ্রগতি না হওয়া এবং যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক—২০২৭ সালে জোটটির ঘূর্ণায়মান সভাপতিত্ব সিঙ্গাপুরের কাছে হস্তান্তরের পর দেশটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিতে দেওয়া হচ্ছে না। ওই অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগে নেতৃত্ব দেওয়া দেশটির প্রতিবেশী থাইল্যান্ড গত সপ্তাহে নেপিদোর পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের বৈঠকে ফের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায়।

রোববার প্রকাশিত আসিয়ানের এক যৌথ বিবৃতিতে মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিমিত ও পর্যায়ক্রমিক যোগাযোগ’ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এতে কয়েক মাস ধরে থাইল্যান্ড যে ভাষা ব্যবহার করে আসছে, তারই প্রতিফলন ঘটেছে।

তবে বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘সুনির্দিষ্ট অগ্রগতির’ ওপর নির্ভর করবে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এর আগে স্বীকার করেছেন, ওই পরিকল্পনায় কোনো অগ্রগতি হয়নি।

অসমাপ্ত কাজ

এদিকে, আসিয়ানের সদস্যদেশগুলোর সঙ্গে চীনের বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে কথিত আচরণবিধি প্রণয়নের আশা ফিলিপাইনের সভাপতিত্বের বছরেই শেষ হয়ে গেছে।

ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো এর আগে আলোচনাকে ‘৮০ শতাংশ সম্পন্ন’ বলে উল্লেখ করেছিলেন। তবে রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী বছর সিঙ্গাপুর আলোচনা শেষ করতে পারবে।’

আন্তর্জাতিক আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশের ওপর বেইজিংয়ের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলা হলেও চীন ওই সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে চীন ও ফিলিপিন্সের কোস্টগার্ডের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে।

আসিয়ানের সভাপতি হিসেবে ফিলিপিন্সের দায়িত্ব পালনের বছরজুড়ে এ বিরোধ বিভিন্ন সময়ে সামনে এসেছে। গত জুলাইয়ে দুই দেশের নাবিকদের মধ্যে সংঘর্ষের এক দিনেরও কম সময় পর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল।

সোমবার আসিয়ানের চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ থেকে ৩২ হাজার টাকার মধ্যে হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ থেকে ৩২ হাজার টাকার মধ্যে হতে পারে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় দফার বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভা অনুষ্ঠিত হবে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক পক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। আজকের বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরির লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।

মজুরি বোর্ডের পূর্ববর্তী বৈঠকগুলো পর্যালোচনা করে দেখা গেছে, শ্রমিকপক্ষের দাবি করা মজুরির অর্ধেক বা তার চেয়ে কম মজুরি মালিকপক্ষ সাধারণত প্রস্তাব করে থাকে। পরবর্তীতে শ্রমিকদের আন্দোলন ও দর-কষাকষির মাধ্যমে প্রাথমিক প্রস্তাবের তুলনায় কিছুটা বেশি মজুরি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, পোশাক কারখানার মালিকপক্ষ নিজেদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই বিষয়টি নিয়ে সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন অর্জন করেছেন।

এদিকে গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সভায় মালিকদের কাছে ন্যূনতম মজুরির ব্যাপারে জানতে চাওয়া হলে অধিকাংশ মালিক সর্বোচ্চ ১৪ হাজার টাকার কথা জানান। তারা উল্লেখ করেন, এর বেশি হলে তাদের কারখানা চালানো কঠিন হয়ে যাবে। কারণ, মজুরি বৃদ্ধি পেলে ক্রেতারা পোশাকের দাম বাড়ান না।

বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ ১৫ হাজার টাকার আশপাশে প্রাথমিক মজুরি প্রস্তাব দেবে। দর-কষাকষির প্রেক্ষিতে প্রয়োজন হলে তা বাড়ানো যেতে পারে। এ ক্ষেত্রে বাড়তি খরচ সামাল দিতে সরকারের কাছ থেকেও কিছু সুবিধা আদায়ের চেষ্টা করবেন মালিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%