ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলি-ছিনতাই, ২ অটোচালক আহত


হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলি-ছিনতাই, ২ অটোচালক আহত

রাজধানীর হাতিরঝিল বাগিচারটেকে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন সানাউল্লাহ গনি ওরেফে বাবু (২৬) নামে এক অটোচালক। একই ঘটনায় চাপাতির আঘাতে আহত হয়েছেন শরিফ (২৮) নামে আরও এক অটোচালক।

এ ঘটনা ঘটে সোমবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

আহত বাবু এবং তার সাথে থাকা পরিচিতরা জানিয়েছেন, তিনি বাগিচারটেকে একটি গলির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০-১২ জন মিলে আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়। হামলার সময় বাবুর বুকের বাম পাশে একটি গুলি লাগে। এছাড়া তার ডান হাতের তালু ও ডান পায়ের পাতায়ও আঘাত লাগে।

আরও পড়ুন: রিজভী: দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন

বাবু জানিয়েছেন, তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন এবং দেড় মাস আগে দেশে ফিরে অটোরিকশা চালানো শুরু করেন। তার ওপর হামলা করা ব্যক্তিদের সাথে তার কোনো দ্বন্দ্ব ছিল না। হামলাকারীরা তার কাছ থেকে ২৬ হাজার টাকা ও ফোন ছিনিয়ে নেয়। একই ঘটনায় শরিফের ডান পায়ের হাঁটুর নিচে কুপিয়ে আঘাত করা হয়।

বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়, তার বাবার নাম আব্দুল বারেক। অন্যদিকে, শরিফের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়, তার বাবার নাম বেল্লাল হোসেন। দুজনই বাগিচারটেক কাদেরের রিকশার গ্যারেজে থাকেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনস্পেক্টর মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আহত দুজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেনমার্কের স্কুলে ২০২৭ থেকে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ডেনমার্কের স্কুলে ২০২৭ থেকে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ডেনমার্কের শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে, বিদ্যালয়ের ইন্টারনেট নেটওয়ার্কে অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত ওয়েবসাইট বন্ধ করার জন্য কনটেন্ট ফিল্টারিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

সোমবার, শিক্ষা মন্ত্রণালয় এ প্রস্তাবের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং ইতালির মতো অন্যান্য দেশগুলোও শিক্ষার্থীদের মনোযোগ এবং আচরণের ওপর স্মার্টফোনের নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে বিদ্যালয়ে ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রও একই ধরনের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।

ডেনমার্কের শিক্ষামন্ত্রী ম্যাগনাস হিউনিক মন্তব্য করেছেন, "শিশুদের এমন পরিবেশে স্কুলে যাওয়া উচিত, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা এবং গেমের মতো বিষয়গুলো তাদের পড়াশোনায় বারবার বাধা সৃষ্টি করবে না।"

প্রস্তাবিত নিষেধাজ্ঞার আওতায় অন্যান্য ইন্টারনেট-সংযুক্ত ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসও অন্তর্ভুক্ত থাকবে। ক্লাস চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম, গেম এবং অনলাইন কেনাকাটার সাইটসহ পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নয় এমন ওয়েবসাইটগুলো বন্ধ রাখা হবে। কোন কোন ওয়েবসাইট বন্ধ করা হবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট পৌরসভা ও বিদ্যালয় কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা, বিজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


শাবিপ্রবিতে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা, বিজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা-২০২৬’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও সনদ প্রদান করা হবে। ‘রি-ইমাজিন’ শিরোনামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থান - ১ কিলো সড়ক, গোলচত্বর এবং রুদ্র সেন লেক এলাকার নকশা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেইলের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, স্থপতি, নকশাবিদ এবং আগ্রহী সকল নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি দলে সদস্য সংখ্যা দুই থেকে চারজন থাকতে পারবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নকশা জমা দেওয়ার সময়সীমা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিটি বিভাগের বিজয়ী দলকে ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং শ্রেষ্ঠত্বের সনদ প্রদান করা হবে।

আগ্রহীদের [email protected] ই-মেইল ঠিকানায় নকশা ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসকে আরও সবুজ, নান্দনিক এবং অনুপ্রেরণাদায়ক করে তুলতে আগ্রহীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরার মহম্মদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


মাগুরার মহম্মদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

মাগুরার মহম্মদপুরে যুবদল কর্তৃক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি, গুপ্ত হামলা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি আয়োজন করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারার নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মহম্মদপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা বলেন, "যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।" তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা মাগুরা-২ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাকাশে পারমাণবিক অস্ত্রসহ স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, দাবি গোয়েন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


মহাকাশে পারমাণবিক অস্ত্রসহ স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, দাবি গোয়েন্দাদের

রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। মস্কো চলতি বছরেই ‘স্পুটনিক-এস’ নামক এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিতে পারে। সোমবার (২৩ নভেম্বর) জার্মানির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং দেশটির সামরিক বাহিনীসহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে তথ্য বিনিময় করেছে। তাদের তথ্য অনুযায়ী, স্যাটেলাইটটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছে এবং বর্তমানে এটি মস্কো অঞ্চলে অবস্থান করছে।

জার্মানিতে রাশিয়ার দূতাবাস, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং ব্রাসেলসে অবস্থিত ন্যাটো সদর দফতরের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে, ২০২৪ সালে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা সম্পন্ন অস্ত্র তৈরির মার্কিন অভিযোগ রাশিয়া অস্বীকার করেছিল।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, মস্কো কয়েক বছর ধরে এমন একটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা মহাকাশে বিস্ফোরিত হলে একসঙ্গে বিপুলসংখ্যক স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম হবে।

এ ধরনের অস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশাল স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক। ইউক্রেনীয় সেনারা এই নেটওয়ার্ক ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ইন্টারনেট সেবা পেয়ে থাকে।

মহাকাশে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে এটি শুধুমাত্র সামরিক স্যাটেলাইটের জন্য নয়, বরং বৈশ্বিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থার জন্যও একটি বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%