শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২৬ পি.এম
কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগে বাধা সৃষ্টি করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনকালে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।
মীর শাহে আলম মন্তব্য করেন, কক্সবাজার দেশের ঐতিহ্য ও বৈশ্বিক পরিচয়ের অন্যতম প্রধান ঠিকানা। এটি আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে। তবে কক্সবাজারের পর্যটন এবং সার্বিক উন্নয়ন যাতে থমকে না যায়, সে জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।
প্রতিমন্ত্রী বলেন, “কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটনের বিকাশ বাধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে।”
পরিদর্শনের সময়, প্রতিমন্ত্রী উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি নিত্যদিনের পচনশীল বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত কেন্দ্রটির সার্বিক অগ্রগতিও পর্যবেক্ষণ করেন।
এ সময় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে নটরডেম কলেজের প্রভাষক মো.ওমর আলীর সভাপতিত্বে বাংলার ঐতিহ্যবাহী খেলা “দক্ষিণ মাটিকাটা নৌকা বাইচ-২০২৬” অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আলাউদ্দিন ও মো.আমজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নৌকা বাইচ খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গোবিন্দল কশাই বাড়ী(নৌকা) এবং রানার আপ হন জামশার মাসুদ রানা নৌকা বাইচ। নৌকা বাইচ চলাকালীন সময়ে নদীতে নৌযান চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খেলাটি পরিশেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গীর আশরাফ সেতু কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক এর নেতৃত্বে মিছিলে অংশ নেন টঙ্গী পূর্ব থানা বিএনপি যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে আকবর হোসেন ফারুক বলেন , রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
দেশের গণতান্ত্রিক পরিবেশ, সাধারণ মানুষের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার কথাও জানান তারা। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা অর্জন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ পদক তুলে দেন।
২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চারটি শ্রেণিতে পুলিশ পদক প্রদান করা হয়। গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বর্তমানে এস এম মেহেদী হাসান জিএমপির টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিএমপির বিভিন্ন থানা ও বিভাগে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পালনের সময় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মেহেদী হাসানের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে টঙ্গীতে বস্তাবন্দী অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার।
এছাড়া টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মাওলানা মহিবুল্লাহর নিখোঁজের রহস্য উদ্ঘাটনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তেও তিনি দায়িত্ব পালন করেছেন। মাদকবিরোধী অভিযানে তাঁর নেতৃত্বে একাধিক অভিযান পরিচালিত হয়েছে।
টঙ্গীর হাজী মাদার বস্তি এলাকায় হেরোইন ও ইয়াবাসহ চিহ্নিত বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে তিনি প্রশংসিত হয়েছেন। সর্বশেষ একটি মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করার পাশাপাশি ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন তিনি।
তাঁর নিয়মিত মাদকবিরোধী অভিযানের ফলে টঙ্গী পশ্চিম থানার কয়েকটি চিহ্নিত মাদকের আখড়া বর্তমানে ধ্বংস হয়ে গেছে। পিপিএম-সেবা পদক পাওয়ার অনুভূতি জানিয়ে এস এম মেহেদী হাসান বলেন, "গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার, দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মহোদয়, সহকারী পুলিশ কমিশনার এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনায় অতীতের ন্যায় আমার দায়িত্ব আরো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার দায়িত্ব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গী মিলগেট মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের নির্বাচন-২০২৬ সম্পন্ন হওয়ার মাধ্যমে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাকের এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করে। মোট ১৮টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হয়। সভাপতি পদে মোঃ আবু সাকের ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১২৭ ভোট।
ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা এবং কোষাধ্যক্ষ পদে হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের ফলাফল অনুযায়ী, সভাপতি মোঃ আবু সাকের ২৯০ ভোট, সহ-সভাপতি মোঃ মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট, যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ ২০৯ ভোট, কোষাধ্যক্ষ হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সদস্য আনিসুল হক পলাশ ২৭২ ভোট, সদস্য আব্দুল্লাহ আল মামুন ২৭৯ ভোট, সদস্য ওমর ফারুক ২৩০ ভোট, সদস্য হাজী তোফাজ্জল হোসেন ২৬০ ভোট, সদস্য মোঃ নূর নবী পারভেজ ২২৪ ভোট, সদস্য মোঃ শাহজাহান ২৭৬ ভোট, এবং সদস্য সৈয়দ মোঃ শাহীন ২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান সমিতির সদস্য ও ব্যবসায়ী বৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ