ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্বরূপ গ্রেফতারির পর মুখ খুললেন অনির্বাণ, ‘আমরা জানতাম বলেই বিরোধিতা করেছি’


স্বরূপ গ্রেফতারির পর মুখ খুললেন অনির্বাণ, ‘আমরা জানতাম বলেই বিরোধিতা করেছি’

টলিউডের প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একটি শহুরে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।

সংবাদসংস্থা আনন্দবাজার পত্রিকা জানায়, গত ৪ জুন স্বরূপ বিশ্বাস গ্রেফতার হন। এরপর পরদিন ৫ জুন শহরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনির্বাণ ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধিতা কোন একক লড়াই নয়। বরং এটি অনেকের সম্মিলিত অবস্থান।

অনির্বাণ বলেন, তিনি একা নন। আরও অনেকেই এই লড়াইয়ে ছিলেন। তার ভাষ্যমতে, ইন্ডাস্ট্রির গ্ল্যামার জগতের বাইরে থাকা কলাকুশলীরা সবচেয়ে বেশি ভুগেছেন এবং তাদের স্বার্থেই এই অবস্থান নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আমজনতার তারেককে নিয়ে প্রধানমন্ত্রী করলেন কড়া জবাব

তিনি আরো বলেন, আমরা এগুলো জানতাম বলেই এর বিরোধিতা করেছি। তার বক্তব্য অনুযায়ী, স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর বিষয়টি অনেকের কাছে স্পষ্ট হলেও, এর আগেই তারা বিষয়টি নিয়ে সচেতন ছিলেন।

২০২৫ সালে রঘু ডাকাত ছবির মুক্তির পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি অনির্বাণের। চলতি বছরের শুরুতে অনির্বাণের পক্ষ থেকে দেব প্রকাশ্যে ক্ষমা চান। তবুও স্বরূপের মন গলেনি।

জানা যায়, গত দুই বছর ধরে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে স্বরূপ বিশ্বাসের মতবিরোধ চলছিল। এই সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে কর্মবিরতি আন্দোলনের সময়ও অনির্বাণ ছিলেন সামনের সারিতে।

এরপর থেকেই তার কাজের পরিমাণ কমে যায় বলেও ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়। একসময় তাকে ইন্ডাস্ট্রিতে ব্যান করা হয়েছে বলেও আলোচনা হয়েছিল।

আরও পড়ুন: শব্দচয়ন নিয়ে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, গুম-হত্যা রোধের আহ্বান

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বর্তমানে বিষয়টি এখনও তদন্তাধীন। তার গ্রেফতারকে ঘিরে টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনা চলছে।

এদিকে, নতুন কাজে ফিরেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাকে দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি দেশু ৭-এ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে আর্জেন্টিনা মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


টেকনাফে আর্জেন্টিনা মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে ফুটবলপ্রেমীদের উৎসবে প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আর্জেন্টিনা মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট’। শুক্রবার (৫ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক আর্জেন্টিনা সমর্থক সক্রিয়ভাবে অংশ নেন।

দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মনোরম মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থান পৌঁছায়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে তাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এই সময়ে টেকনাফের সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকায় উৎসবমুখর এক পরিবেশ সৃষ্টি হয়ে যায়।

মোটরসাইকেল শোডাউন শেষে মেরিন ড্রাইভ এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সঙ্গীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীরা আনন্দঘন সময় উপভোগ করেন।

অনুষ্ঠানের আয়োজকের একজন হেলাল উদ্দিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

আয়োজকদের মতে, এই ধরনের আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ডেঙ্গু রোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


মধুপুরে ডেঙ্গু রোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে শনিবার (৬ জুন) সকালে সারা দেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে একটি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করা হয়।
র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


সীমান্ত থেকে ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে শূন্যরেখায় গত দুইদিন ধরে অবস্থানরত ২৮ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। এই ২৮ জনের মধ্যে ৬ জন শিশু, ১২ জন পুরুষ ও ১০ জন নারী অন্তর্ভুক্ত ছিল।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১২ বিএসএফ ব্যাটালিয়নের দ্বারা ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করা হয়।

তিনি আরও জানিয়েছেন, ওই ২৮ জন ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাঁদের অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময়ে বিএসএফ তাঁদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

এর আগে, গত ৪ জুন ভোরে বাংগাবাড়ি সীমান্তের মাধ্যমে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের প্রচেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে গত দুই দিন ধরে ঝড়বৃষ্টি মাথায় নিয়েই অবস্থান করছিলেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলের বায়ুমণ্ডল চেনার রূপকার নাসার ‘মাভেন’ মিশনের করুণ সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


মঙ্গলের বায়ুমণ্ডল চেনার রূপকার নাসার ‘মাভেন’ মিশনের করুণ সমাপ্তি

মঙ্গল গ্রহের কক্ষপথে ১১ বছর সফলভাবে কাটানোর পর অবশেষে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুসন্ধানযান ‘মাভেন’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। গত বছরের ডিসেম্বরে যানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সব ধরনের চেষ্টা করেও সেটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ছয় মাস পর নাসা আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে বলে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে।

‘মার্স অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভোলিউশন’ বা মাভেন ছিল নাসার প্রথম এমন একটি মিশন, যা বিশেষভাবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ও এর বিবর্তনের ওপর গবেষণার জন্য পাঠানো হয়েছিল। ২০১৩ সালে কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয় এবং প্রায় এক বছর পরে ২০১৪ সালে এটি মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। মহাকাশযানটির মূল বৈজ্ঞানিক গবেষণার মেয়াদ কেবল এক বছর নির্ধারণ করা হলেও, তবে সব পরিকল্পনা ছাড়িয়ে এটি ১১ বছরেরও বেশি সময় ধরে মঙ্গলের কক্ষপথে নিয়মিত তথ্য পাঠাতে থাকে। নাসা তাদের ‘মার্স ২০২০’ মিশনের অ্যান্টেনা হিসেবেও এই মহাকাশযানটিকে ব্যবহার করেছিল, যার মাধ্যমে ‘পার্সিভ্যারেন্স’ রোভারটিকে মঙ্গল গ্রহে নামানো সম্ভব হয়।

২০২৫ সালের ৬ ডিসেম্বর, নাসা শেষবারের মতো ‘মাভেন’-এর সংকেত পায়। এর পরপরই মহাকাশযানটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তবে তখনো প্রতিষ্ঠানটি প্রোবটি নিয়ে আশা ছেড়ে দেয়নি। প্রথমে প্রোবটি উদ্ধারের সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখেছে নাসা। মাভেনের অবস্থা মূল্যায়ন করতে ও এটিকে জাগিয়ে তোলার উপায় খুঁজতে গত ফেব্রুয়ারিতে ‘অ্যানোমালি রিভিউ বোর্ড’ গঠন করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে শেষ পর্যন্ত বোর্ড এ সিদ্ধান্তে পৌঁছেছে যে মহাকাশযানটি আর কোনো বৈজ্ঞানিক মিশন পরিচালনা কিংবা পৃথিবীতে তথ্য পাঠাতে সক্ষম নয়।

নাসা জানিয়েছে, লাল গ্রহের গভীরে যাওয়ার আগ পর্যন্ত প্রোবটি একেবারে ঠিকঠাক কাজ করছিল। তবে গ্রহটির আড়াল থেকে ফিরে আসার পর, নাসার আন্তর্জাতিক গ্রাউন্ড অ্যান্টেনার বৈশ্বিক নেটওয়ার্ক ‘ডিপ স্পেস নেটওয়ার্ক’ প্রোবটির কোনো সংকেত শনাক্ত করতে পারেনি। এই নেটওয়ার্ক থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে যে, মঙ্গল গ্রহের আড়াল থেকে বেরিয়ে আসার পর মাভেন ‘সেইফ মোড’-এ চলে যায় এবং অস্বাভাবিক দ্রুততায় ঘুরতে শুরু করে। ফলে এর ব্যাটারির সব চার্জ শেষ হয়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই ত্রুটির মূল কারণ কী ছিল তা জানতে নাসা এখনো তথ্য বিশ্লেষণ করছে এবং এই বছরের শেষদিকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে।

মাভেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিজ্ঞানীদের নিশ্চিত করেছে যে সৌর বায়ু ও সৌর ঝড় মঙ্গলের বায়ুমণ্ডলকে ক্ষয় করে চলেছে। এই কারণে এক সময় বসবাসের উপযোগী থাকা গ্রহটির জলবায়ু বর্তমানে এমন ঠান্ডা ও শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে।

এই মিশনটি থেকে আরও জানা গেছে যে, প্রোটন কণার কারণে মঙ্গল গ্রহে এক নতুন ধরনের মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হতে পারে এবং পৃথিবীর মতো কেবল মেরু অঞ্চলে নয়, বরং মঙ্গলের যেকোনো স্থানে এমনটি ঘটতে পারে। এছাড়াও পুরো মঙ্গল গ্রহজুড়ে ঘটে যাওয়া একের পর এক ধূলিঝড় কীভাবে গ্রহটির পানির বিভিন্ন অণুকে মহাশূন্যে হারিয়ে যেতে বাধ্য করেছে, বিজ্ঞানীদের তা গভীরভাবে বুঝতে ব্যাপকভাবে সাহায্য করেছে মাভেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%