০৪:৫৮ পি.এম
তুরস্কের কর্তৃপক্ষ দেশটির অন্যতম জনপ্রিয় সংবাদ চ্যানেলকে ‘ধ্বংস’ করার অভিযোগ তুলেছেন চ্যানেলটির লন্ডন-ভিত্তিক মালিক। বিবিসির 'নিউজআওয়ার' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, তুরস্কের ’হাল্ক টিভি’র মালিক জাফের মাহিরওলু জানান, অর্থ পাচার, ঘুষ গ্রহণ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে চলতি সপ্তাহে তাদের টিভির সাথে যুক্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহিরওলু আরও উল্লেখ করেন, গত মাসে বিরোধীপন্থী এই চ্যানেলটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার সময় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও ছিলেন। তিনি বলেন, তার এবং হাল্ক টিভির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।
ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, সর্বশেষ আটককৃতদের মধ্যে চ্যানেলটির দুইজন সাবেক সংবাদ উপস্থাপকও রয়েছেন। কৌঁসুলিরা এক বিবৃতিতে ওই উপস্থাপকদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মিথ্যা প্রতিবেদন তৈরির অভিযোগ এনেছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চ্যানেলটির সংবাদ সমন্বয়কারী কুরশাদ ওউজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন; তবে তার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
আরও পড়ুন: গুজরাটে সংঘর্ষের পর ৯ মুসলিম যুবককে নির্মমভাবে পেটাল পুলিশ
মাহিরওলু বিবিসিকে জানান, তিনি তুরস্কে ফেরার চেষ্টা করলে তাকে কারাগারে পাঠানো হতে পারে। তিনি বলেন, ‘সরকার পুরো গণমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আমি আমার চ্যানেলের চেয়েও আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র নিয়ে বেশি উদ্বিগ্ন।’ গত মাসে তুর্কি কর্তৃপক্ষ হাল্ক টিভির সদর দপ্তরে অভিযান চালায় এবং চ্যানেলটির সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান এবং তার প্রশাসনের সমালোচনামূলক সংবাদমাধ্যমগুলোর ওপর ধারাবাহিক দমন-পীড়নের এটিই সর্বশেষ ঘটনা। পরবর্তীতে চ্যানেলটি পরিচালনার জন্য সরকার একজন নতুন প্রশাসক নিয়োগ দেয়।
এরদোয়ানের সরকার দেশটির অধিকাংশ গণমাধ্যম নিয়ন্ত্রণ করে, যা সংবাদপত্রের স্বাধীনতার সূচকে বিশ্বব্যাপী সবচেয়ে নিচের সারিতে রয়েছে। যদিও সরকারের দাবি, সাংবাদিকতা করার কারণে তারা কোনো গণমাধ্যমকর্মীকে আটক করে না। তবে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে জয়লাভের পর থেকে প্রেসিডেন্ট ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন আরও জোরদার করেছেন। চলতি মাসের শুরুর দিকে কর্তৃপক্ষ বিরোধীপন্থী আরেকটি নেটওয়ার্ক 'সোজচু টিভি'র নিয়ন্ত্রণ নেয়।
এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামওলুকে দুর্নীতির অভিযোগ এবং নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে কারাগারে পাঠানো হয়েছে, যা তিনি এবং তার দল তীব্রভাবে অস্বীকার করেছেন। ইমামওলুর শত শত সমর্থকও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। এ ছাড়া সরকার অন্যান্য আন্দোলনকারী, আইনজীবী এবং কৌতুক অভিনেতাদেরও কারাবন্দী করেছে। সূত্র: বিবিসি
আরও পড়ুন: আফগানিস্তানের স্কুলে বিস্ফোরণ, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন