বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩১ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ছোট ও বড় হাটবাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ পলিথিনের ব্যাপক ব্যবহার ও বাণিজ্য চলছে। এর ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সামান্য বৃষ্টিতে নালা-নর্দমা আটকে গিয়ে সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলো যেমন সাহেবাবাদ বাজার, ব্রাহ্মণপাড়া সদর বাজার, মাধবপুর বাজার, চান্দলা বাজার, বড়ধুশিয়া বাজার এবং সিদলাই বাজারে এখন পলিথিনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। শাকসবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য কেনাকাটায় ক্রেতা-বিক্রেতারা নির্বিচারে ক্ষতিকর এই পলিথিন ব্যাগ ব্যবহার করছেন।
হাটবাজারের বর্জ্য হিসেবে ফেলা এসব পলিথিন জমে যাচ্ছে ড্রেন ও নালা-নর্দমায়। ফলে অল্প বৃষ্টিতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা অচল হয়ে পড়ছে এবং রাস্তায় পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
পলিথিনের এই অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়িক নেতারা। ব্রাহ্মণপাড়া সদর পশ্চিম বাজারের সাধারণ সম্পাদক কাজল সরকার মন্তব্য করেন, "পলিথিনের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বাজারের পানি নিষ্কাশনের ড্রেনগুলো পলিথিনে ছেয়ে গেছে। সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এটি বন্ধ করা সম্ভব নয়।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত তদারকি জোরদার করা হবে। তিনি বলেন, "পলিথিন ব্যবসার সঙ্গে যারা জড়িত এবং বাজারে যারা এটি ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে দ্রুতই ভ্রাম্যমাণ আদালতের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রশাসনের এ আশ্বাস দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বাজারে বিকল্প পাট বা কাগজের ব্যাগের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় রাজধানী ঢাকাকেন্দ্রিক ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ১০৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ লাখ ১৪ হাজার ৮৬০ কোটি ১২ লাখ টাকা।
আজ জাতীয় সংসদে মহিলা আসন-১৬-এর সরকারি দলের সদস্য সানজিদা ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে। চলতি অর্থবছরে এডিপির আওতায় রাজধানী ঢাকাকেন্দ্রিক এককভাবে ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১০৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি জানান, দেশের অন্যান্য জেলার সঙ্গে যৌথভাবে ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় আরও ১১১টি প্রকল্প চলমান রয়েছে, যার মধ্যে ঢাকা জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের সর্বমোট প্রাক্কলিত ব্যয় ২ লাখ ৮৮ হাজার ৬৫৬ কোটি ৬৯ লাখ টাকা।
মন্ত্রী বলেন, যৌথভাবে চলমান ১১১টি প্রকল্পের মধ্যে বিদ্যুৎ বিভাগের ১২টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৬৪ হাজার ৮৮৩ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৯১৭ কোটি ৯৩ লাখ টাকা।
তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৫৮৩ কোটি ১৬ লাখ টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ১৪ হাজার ১ কোটি ২ লাখ টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ১২ হাজার ৪৭৭ কোটি ২৮ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৬ হাজার ৪৫৪ কোটি ২৪ লাখ টাকা, কৃষি মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের ১ হাজার ৯৫৬ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১ হাজার ১৯৩ কোটি ৩২ লাখ টাকা।
এছাড়া অবশিষ্ট ৫৭টি প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান মন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পদ প্রায় এক মাস ধরে শূন্য থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ প্রয়োজনীয় সনদ ও বিভিন্ন প্রশাসনিক সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় পরিষদের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের মৃত্যু পর থেকে পদটি শূন্য রয়েছে। এক মাসের বেশি সময় পার হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি। এর ফলে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষকে অনেক ক্ষেত্রে ফিরে যেতে হচ্ছে।
সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে কয়েকজন সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরিষদে এসেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তাদের অপেক্ষা করতে হচ্ছে অথবা পুনরায় বাড়ি ফিরতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ইউছুফ জানান, জরুরি প্রয়োজনে ওয়ারিশ সনদ নিতে তিনি পরিষদে এসেছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান না থাকায় কাজটি সম্পন্ন করতে পারেননি। তিনি বলেন, "বারবার পরিষদে এসে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।"
আরেক সেবাপ্রত্যাশী কামাল উদ্দিন বলেন, "ইউনিয়ন পরিষদ থেকে সাধারণ মানুষের ছোট ছোট অনেক কাজ করতে হয়। চেয়ারম্যান না থাকায় এসব কাজে ভোগান্তি বেড়েছে। দ্রুত একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হলে আমরা স্বাভাবিক সেবা পেতাম।"
এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব কে পাবেন, এ নিয়ে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম (শিপন খলিফা) ও ইউপি সদস্য আব্দুল হান্নানের নাম নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও টানাপোড়েন চলছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
চেয়ারম্যানের পদ শূন্য থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সৃষ্ট সমস্যার বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "জনদুর্ভোগের বিষয়টি আপনারা যেমন অনুভব করছেন, আমরাও একইভাবে অনুভব করছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের দাবি, দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক করা হোক। এতে নাগরিক সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন ইউনিয়নবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিস্তিয়ানো রোনালদো ক্যারিয়ারের হাজারতম গোলের লক্ষ্যে আরেকটি পদক্ষেপ এগিয়ে গেলেন। পর্তুগিজ তারকা আল নাসরের জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে ৯৭৯তম গোলটি অর্জন করেছেন।
সৌদি প্রো লিগে বুধবার আবহা ক্লাবের বিরুদ্ধে ২-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন রোনালদো।
ম্যাচের ২২তম মিনিটে হেডের মাধ্যমে গোলটি করেন অভিজ্ঞ ফরোয়ার্ড। এরপর ৫৮তম মিনিটে সতীর্থ আবদুল্লাহ আল-হামদান দলের দ্বিতীয় গোলটি করেন। পুরো ম্যাচে অংশগ্রহণ করে রোনালদো মৌসুমে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা নির্বাচিত হন।
"কঠোর পরিশ্রমের ফল মেলে," ম্যাচ শেষে ইনস্টাগ্রামে ৪১ বছর বয়সী রোনালদো এই মন্তব্য করেছেন।
এই জয় আল নাসরের কোচ আঞ্জে পোস্টেকোগলুর জন্য স্বস্তির বিষয়। কারণ তার দল আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে পরাজিত হয়েছিল।
ম্যাচ শেষে কোচ বলেন, "আজ আল-হামদান ও ক্রিস্তিয়ানো ভালো খেলেছে, এবং এটি আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছি, এবং আমি মনে করি আমরা নিজেদের প্রমাণ করেছি। আমরা মৌসুমে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এমনকি ৮০ মিনিটের দিকে ইনজুরিও হয়েছে, তাই খেলোয়াড়দের কৃতিত্ব প্রাপ্য।"
৬ ম্যাচে ৫ জয়ে আল নাসরের পয়েন্ট ১৫। আল হিলাল ও আল কাদসিয়ার সঙ্গে তারা অবস্থান করছে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে আল হিলাল, আল নাসর দ্বিতীয় স্থানে, এবং তৃতীয় স্থানে রয়েছে আল কাদসিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে বিল পাস হয়েছে, যার মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলটি আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করেন এবং স্পিকার মির্জা হাফিজ উদ্দিন আহমদ সেটি কণ্ঠভোটে দেন।
র্যাব প্রতিষ্ঠার পর থেকে ২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (সংশোধন) আইনের অধীনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসআরবি বিলের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬ ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ