ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়ের ঘোষণা, ৯৮ কোটি ৮২ লাখ ইউরো রাজস্ব


বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়ের ঘোষণা, ৯৮ কোটি ৮২ লাখ ইউরো রাজস্ব

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ রাজস্ব আয়ের একটি নতুন রেকর্ড গড়েছে, যা ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার)। একই সঙ্গে, জার্মান ক্লাবটি পাঁচ লাখ সদস্য ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে একটি নতুন মাইলফলক অর্জন করেছে।

শনিবার মিউনিখে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। গত মৌসুমে বায়ার্নের আয় পূর্ববর্তী মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বেশি হয়েছে।

তবে, কর দেওয়ার আগে মুনাফা কিছুটা কমে ৩ কোটি ৫৩ লাখ ইউরো হয়েছে, যা আগের মৌসুমে ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।

আরও পড়ুন: আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, দুবাই ৫৫ রানে হারলো আবুধাবির কাছে

বিশ্বজুড়ে যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বোচ্চ সদস্যসংখ্যার রেকর্ড গড়ার মাধ্যমে বায়ার্ন প্রথমবারের মতো পাঁচ লাখ সদস্যের সংখ্যা অতিক্রম করেছে। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।

গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে সদস্য সংখ্যা ছিল আড়াই লাখ, যা বর্তমানে পাঁচ লাখে পৌঁছেছে।

২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ উভয় শিরোপা জিতেছে। সব প্রতিযোগিতায় তারা ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে পরাজিত হয়েছে।

ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর পর, জার্মান জায়ান্টরা সেখানে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে বিদায় নেয়।

আরও পড়ুন: স্যান্ডপেপার বিতর্কের মাঝে স্মিথের মাঠে ফেরায় উষ্ণ অভ্যর্থনা

বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর মাধ্যমে পুরুষ দলের সাফল্য পুনরাবৃত্তি করেছে। তবে, তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে পরাজিত হয়।

ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন মন্তব্য করেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে যে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’

বায়ার্ন, যা ৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন, তার ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে রয়েছে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।

অন্যদিকে, বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর সকলেরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তানের হ্যান্ডশেক বিতর্ক: ক্রিকেটের আইন কী বলে?

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি, ৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি, ৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের নির্মাণের প্রাথমিক পরিকল্পনায় ৬৪ কিলোমিটার উড়ালপথ অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রকাশিত হওয়ার পর মিরসরাই পৌরসভার উপজেলা সদরে ফ্লাইওভার নির্মাণের দাবি আবারও সামনে এসেছে।

সম্প্রতি প্রকাশিত তথ্যে দেখা যায়, ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের নির্মাণে প্রাথমিকভাবে ৭১ হাজার ৮৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই প্রস্তাবিত পরিকল্পনায় প্রায় ৬৪ কিলোমিটার অংশ উড়ালপথে এবং বাকি অংশ ভূমিতে নির্মাণের কথা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হলেও অর্থায়ন, নির্মাণ কাঠামো এবং উড়ালপথের স্থান এখনো চূড়ান্ত হয়নি। এই কারণে স্থানীয়রা মিরসরাই পৌরসভার উপজেলা সদরকে প্রকল্পের চূড়ান্ত নকশায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

মিরসরাই পৌরসভা উপজেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন অসংখ্য মানুষ সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজ, কেনাকাটা, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে এখানে আসেন। মহাসড়কের দুই পাশে বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় স্থানীয় যানবাহন, পথচারী এবং দূরপাল্লার দ্রুতগতির যানবাহন একই সড়কে চলাচল করে। এই কারণে বাজারের ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে কলেজ রোড ও কোর্ট রোড এলাকায় যানবাহনের চাপ বাড়লে সাধারণ মানুষের চলাচল স্থবির হয়ে পড়ে।

উপজেলা সদরের আশপাশে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, লতিফিয়া কামিল মাদরাসা, এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই সরকারি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মিরসরাই ডিগ্রি কলেজ, মিরসরাই কিন্ডারগার্টেন, মিরসরাই আজিজিয়া মাদরাসা, মিরসরাই ফারুকিয়া মাদরাসা ও মিরসরাই ইউসডম স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে প্রতিদিন মহাসড়কসংলগ্ন সড়ক ব্যবহার করতে হয়।

লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, "উপজেলা সদরের প্রাণকেন্দ্রে আমাদের মাদরাসাসহ অন্তত দশটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন ক্লাস শুরু ও ছুটির সময় কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হয়। অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মিরসরাই সদরে ফ্লাইওভার ও নিরাপদ আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি।"

মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেন, "কলেজ রোড ও কোর্ট রোডের মুখে দূরপাল্লার গাড়ি ও স্থানীয় যানবাহনের জটলায় শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে ব্যাহত হয়। ইতিপূর্বে এই সড়কে দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থী ও নিরীহ মানুষ প্রাণহারান।"

এক্সপ্রেসওয়ের চূড়ান্ত পরিকল্পনায় মিরসরাই সদর অংশে উড়ালপথ রাখা না হলে ভবিষ্যতে এই ঝুঁকি আরও ভয়াবহ রূপ নেবে।

মিরসরাই পৌরসভার মহাসড়ক অংশে ইতিপূর্বে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ৭ জুলাই পৌরসভার কলেজ রোডের মুখে লরির ধাক্কায় পাঁচ বছর বয়সী শিশু আলিফা নিহত হয়। মায়ের কোলে সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুটি দুর্ঘটনার সময় ছিটকে পড়ে প্রাণ হারায়। পরবর্তীতে ২০২৬ সালের ৭ জুন পৌরসভার উত্তর বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কলেজছাত্রী শ্রুতি পাল (২০) নিহত হন এবং তানভীর হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। এ ছাড়া মিরসরাই থানা মসজিদের সামনে লরির ধাক্কায় সাংবাদিক আবদুল মান্নান রানা গুরুতর আহত হয়ে দুই পা হারান। বাজারের দক্ষিণ পাশে একটি ফুটওভার ব্রিজ থাকলেও দূরত্বের কারণে তা সাধারণ মানুষের খুব একটা কাজে আসছে না।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, "মিরসরাই বাজার পুরো উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র। কিন্তু মহাসড়কের যানজট ও দুর্ঘটনার আতঙ্কে ক্রেতারা বাজারে আসতে ভয় পান। দূরপাল্লার গাড়িগুলো বাজারের ওপর দিয়ে ফ্লাইওভারে চলে গেলে নিচের সড়ক স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের জন্য নিরাপদ হবে, যা স্থানীয় অর্থনীতিতেও গতি আনবে।"

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিরসরাই পৌর সদর থেকে মিরসরাই-ফটিকছড়ি (নারায়ণহাট) সড়ক হয়ে পার্বত্য জেলার সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে। অপরদিকে, মহাসড়ক থেকে উপজেলা সড়ক দিয়ে দেশের বৃহত্তম ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের’ সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে এই দুটি সড়কে যানবাহন ও মানুষের চাপ বহুগুণ বাড়ছে। এখনই এই বাড়তি চাপের বিষয়টি মহাপরিকল্পনায় রাখতে হবে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন বলেন, "মিরসরাই সদর যেমন প্রশাসনিক ও শিক্ষার কেন্দ্রবিন্দু, তেমনি এটি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের প্রবেশদ্বার। এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ঘটনা রোধে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের চূড়ান্ত নকশায় মিরসরাই সদর অংশে ফ্লাইওভার, সার্ভিস রোড এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা যুক্ত করার জন্য আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে কথা বলব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সামনে জুলাই সনদের চ্যালেঞ্জ, রাজনৈতিক ঐক্যের আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


বিএনপির সামনে জুলাই সনদের চ্যালেঞ্জ, রাজনৈতিক ঐক্যের আলোচনা শুরু

বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিস্থিতি হঠাৎ করে উদ্ভব হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার কারণে জুলাই গণঅভ্যুত্থানের সমর্থক রাজনৈতিক শক্তিগুলো আবার একত্রিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিছুদিন আগে পরস্পরের সমালোচনায় ব্যস্ত ছিল, কিন্তু এখন তাদের মধ্যে ঐক্যের আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা ছিল যে, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম ঠেকাতে এই দলগুলো একত্রিত হবে। বাস্তবে সেই সম্ভাবনা এখন দৃশ্যমান। তবে প্রশ্ন হলো, এই ঐক্য কতটা আন্তরিক এবং কতটা টেকসই হবে? এর প্রধান দায়িত্ব বিএনপির উপর বর্তায়।

এটি অস্বীকার করার উপায় নেই যে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কিছুটা ভুল করেছে। দলের অনেক নেতা-মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখা গেছে। তারা জামায়াত ও এনসিপিকে আক্রমণ করতেই বেশি আগ্রহী ছিলেন, আওয়ামী লীগের সমালোচনা বাদ দিয়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের টেলিভিশনের টকশোতে কথা বলার সুযোগ দেওয়া। তাদের বক্তব্যের মূল লক্ষ্য ছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা, জামায়াত ও এনসিপিকে আক্রমণ এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা।

গত কয়েক দিনের সহিংসতা বিএনপিকে নতুন করে বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য করেছে। যে দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের দমন করেছে, সেই দলকে শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। জুলাই গণঅভ্যুত্থানে বিপুল প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার দায় এখনো অমীমাংসিত। অথচ দলের মধ্যে অনুশোচনা বা দায় স্বীকারের কোনো লক্ষণ নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানও এখন জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলছেন। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় তিনি উল্লেখ করেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেছেন। তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নটি গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে। তার ভাষায়, আওয়ামী লীগ একটি ‘সন্ত্রাসী রাজনৈতিক দল’ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না। তবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন। গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।

এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরকারের ভেতরেও একসময় ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা গেছে। এখন সেই অস্পষ্টতা দূর করা জরুরি। রাজনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে আবেগ নয়, আইন, বিচার ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় এড়িয়ে কাউকে রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরে আসার সুযোগ দেওয়ারও অবকাশ নেই।

হেফাজতে ইসলামও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থাকবে। তাদের বক্তব্য, ‘তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’ তারা ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে কাজ করা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলেছেন। সেটি হলো জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। তার মতে, জুলাই সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। সেই সনদ বাস্তবায়ন না করে নতুন করে ঐক্যের ডাক দিলে তা কতটা গ্রহণযোগ্য হবে?

এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে দলটি নিঃশর্ত ঐক্য চায় না। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া।’ তার মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক ঐক্য ছিল। নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছেÑঅর্থাৎ সেই ঐক্যে কোথাও চিড় ধরেছে। কেন ধরেছে, তা অনুসন্ধান করতে হবে।

এনসিপির প্রশ্নগুলোও উপেক্ষা করার সুযোগ নেই। জুলাই গণহত্যার বিচার কত দূর এগোবে? আওয়ামী লীগকে স্বাভাবিক করার চেষ্টা কেন দেখা যাচ্ছে? সংস্কারের প্রশ্নে গণভোটের রায় কোথায় বাস্তবায়িত হলো? ঐক্য কি শুধু সাময়িক রাজনৈতিক প্রয়োজনে, নাকি এর দীর্ঘমেয়াদি ভিত্তি থাকবে? এসব প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।

এখানেই একটি মৌলিক পার্থক্য পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক সংলাপ এবং অপরাধের দায়মুক্তি এক বিষয় নয়। কোনো দলের সমর্থক থাকলেই সেই দলের নেতৃত্বের অপরাধের বিচার বন্ধ হয়ে যায় না। গণতন্ত্রে রাজনৈতিক অংশগ্রহণের অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণহত্যা, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচারও অপরিহার্য। বিচার ছাড়া পুনর্মিলনের আহ্বান বরং নতুন সংকট তৈরি করতে পারে।

আজকের রাজনৈতিক সংকট কেন তৈরি হলো? অনেকেই মনে করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে এই পরিস্থিতি তৈরি হতো না। কথাটির গুরুত্ব রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা ছিল না। এটি ছিল রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসানের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণও সংস্কারের পক্ষে মত দিয়েছে।

বিএনপি সরকারকে বুঝতে হবে, জাতীয় ঐক্য শুধু বক্তৃতা দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। এর জন্য প্রয়োজন আস্থা, প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক সদিচ্ছা। আওয়ামী লীগের সহিংসতা ঠেকাতে বিএনপি, জামায়াত ও এনসিপির ঐক্য প্রয়োজন। কিন্তু সেই ঐক্য যেন ক্ষমতার সুবিধা আদায়ের সাময়িক কৌশলে পরিণত না হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সত্যিই ফ্যাসিবাদবিরোধী ঐক্য চান, তাহলে তাকে প্রথমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গণভোটের রায় কার্যকর করতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অপরাধের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করতে হবে।

মনে রাখতে হবে, স্বৈরাচার ও ফ্যাসিবাদ এক নয়। স্বৈরাচার মূলত ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু ফ্যাসিবাদ একটি ধ্বংসাত্মক ও বিভাজনমূলক আদর্শের ওপর দাঁড়িয়ে থাকে। এটি ভিন্নমতকে সহ্য করে না। রাষ্ট্র ও সমাজকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায়। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুধু একটি রাজনৈতিক দলকে প্রতিহত করার লড়াই নয়। এটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার লড়াই।

২০২৪ সালের জুলাইয়ে মানুষ জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে নতুন কোনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের চেতনা আবার বিপন্ন হবে। বিএনপির সামনে এখন বড় সুযোগ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দলটি যদি সত্যিকার অর্থে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চায়, তাহলে কথার চেয়ে কাজে তার প্রমাণ দিতে হবে।

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "অনিবার্য কারণবশত আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান স্থগিত করা হলো।" নতুন তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ ও সময় ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজেনকোট ও নেতানিয়াহুর দলের আলোচনা সমঝোতা ছাড়াই শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


আইজেনকোট ও নেতানিয়াহুর দলের আলোচনা সমঝোতা ছাড়াই শেষ

ইসরাইলে ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনা চললেও গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যে কোনো সমঝোতা অর্জিত হয়নি। রোববার (২২ নভেম্বর) হার্জলিয়ার একটি হোটেলে অনুষ্ঠিত চার ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর দুই দল জানায়, তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং পরবর্তীতে আবার বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট সময় জানানো হয়নি। সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনায় লিকুদ দলের প্রতিনিধিদের মধ্যে ছিলেন নেসেটে দলের নেতা অফির কাটজ ও নেতানিয়াহুর দীর্ঘদিনের আইনজীবী মাইকেল রাবেলো।

অন্যদিকে, ইয়াশারের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন দলটির আইনপ্রণেতা চিলি ট্রপার, তার সাবেক চিফ অব স্টাফ গাই গুটম্যান এবং নেতানিয়াহুর সাবেক চিফ অব স্টাফ ইয়োভ হোরোভিৎস।

এদিকে, লিকুদকে অন্তর্ভুক্ত করে আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নেয়া নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টির কোনো প্রতিনিধি রোববারের বৈঠকে উপস্থিত ছিলেন না। যদিও গত সপ্তাহের ইয়াশার-লিকুদ বৈঠকে দলটির প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের আলোচনায় ঐক্য সরকার গঠিত হলে কে প্রধানমন্ত্রী হবেন বা নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কোনো ব্যবস্থা থাকবে কি না, তা নিয়ে আলোচনা হয়নি।

তবে লিকুদ নেতৃত্বাধীন বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা, অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনা তদন্তে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%