ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুল ইসলামের


নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুল ইসলামের

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি একই সঙ্গে জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ ঘোষণা তিনি বুধবার (১১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে দেন।

ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান উল্লেখ করেন, ‘জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেব না।’

আরও পড়ুন: এমপির বাড়িতে আগুন দেওয়ার পরেও আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

তিনি আরও যোগ করেন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। তিনি আমার বোন এবং আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি শুনবেন, রুখে দাঁড়ান।

পোস্টে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আবিদুল ইসলাম খান বলেন, ‘ভারতে আশ্রয় গ্রহণকারী ফ্যাসিস্ট জননী এই মাটি-মানুষের কেউ নন। দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে আনতে হবে। ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্ট বিরোধী শক্ত দূর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।

এর আগে, বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বাড়িটিতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মাউশির পরিচালক মীর জাহিদা নাজনীনকে ওএসডি হিসেবে নিয়োগ

জানা গেছে, নুসরাতের মা-বাবা বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত অন্য একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন ছড়িয়ে পড়েনি। অগ্নিকাণ্ডে সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ ও পেট্রোল বোমা হামলার অভিযোগ তদন্তের দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইলের ইলাত, বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইলের ইলাত, বিমানবন্দর বন্ধ

ইসরাইলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকার মধ্যে ৪ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এই ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে রামন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবরটি টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরাইল) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায় ছিল। এটি ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।

ভূমিকম্পের পর ইলাত এবং আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা প্রদান করে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড।

এদিকে, কম্পনের পরপরই রামন বিমানবন্দরের কার্যক্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অবকাঠামো পরীক্ষা ও পরিদর্শনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হয়।

পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন সম্পন্ন হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কপ-৩১-এ পেজেশকিয়ান

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ার দাবি করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেছেন যে, এসব হামলা ব্যাপক পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি করেছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের নিকটে অবস্থিত জ্বালানি সংরক্ষণাগারে হামলার ফলে বায়ুমণ্ডলে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে।

পেজেশকিয়ান অভিযোগ করেছেন, গত ৭ মার্চ তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে ইসরাইল হামলা চালায়। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। তিনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে।

পেজেশকিয়ান বলেন, "একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।" এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগকে প্রশ্নের মুখে ফেলছে।

তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তার মতে, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা বর্তমানে মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন।

ইরানের প্রেসিডেন্ট আরও জানান, দেশের সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এর ফলে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

পেজেশকিয়ান আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বক্তব্যে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি জানান, গত দুই বছরে দেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।

তার দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হবে।

পেজেশকিয়ান বলেন, "শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার অভিযোগে যুবকের মৃত্যুদণ্ড

রাজশাহী শহরের একটি বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন (১৫) হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে, মামলার অন্যান্য তিনটি ধারায় তাকে পৃথক ১০ বছর করে মোট ২০ বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালত হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে এ রায় প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় লিমনের হামলায় তার ছেলে তাওসিফ রহমান খুন হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে এবং আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর পুলিশ আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিচার চলাকালে বাদী এবং তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম এই বিষয়ে বলেন, ‘রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি জানান, আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছেন, এই ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর একটি হুমকি। এর আগে এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলেও তিনি জানান।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মামুন অর রশিদ জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউমোনিয়া মোকাবিলায় দেশে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


নিউমোনিয়া মোকাবিলায় দেশে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নিউমোনিয়া মোকাবিলায় ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রয়োজন হলে সরকারের কাছে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতা বিদ্যমান।

বিশ্ব নিউমোনিয়া দিবসের উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “নিউমোনিয়া থেকে শিশুদের বাঁচাতে কী কী করতে হবে, আমাকে শুধু বলেন। আমি সব করব। যেকোনো সরঞ্জাম বা সহায়তা দিতে আমি প্রস্তুত। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তা নেব।”

দেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসা করে সাখাওয়াত হোসেন বলেন, “রোগী দেখতে দেখতে আমাদের চিকিৎসকদের মধ্যে বহুমাত্রিক জ্ঞান বাড়ে। সিঙ্গাপুরের চিকিৎসকরাও বলেছেন, আমাদের চিকিৎসকরা তাঁদের চেয়ে অনেক জ্ঞানী। আমি কখনো বিদেশে চিকিৎসা করাতে যাই না। দেশের চিকিৎসকদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।”

হাম ও ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে মন্ত্রী বলেন, “হাম-ডেঙ্গু থেকে শিশুদের বাঁচাতে পারছি না, এই ব্যর্থতার দায় থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারি না। কেন পারছি না, আমাকে সেই উপায়টা আপনারা বলে দেন।”

স্বাস্থ্যসেবার মান উন্নত করার লক্ষ্যে বিভিন্ন আধুনিক স্বাস্থ্য সরঞ্জাম আনার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, “আমার কোনো দুর্নীতি বা ব্যর্থতার তথ্য পেলে আমাকে জানাবেন। আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমি সরকারকে কলুষিত করতে চাই না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%